০৫:৩৮ পি.এম
ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ : ইংল্যান্ডের কাছে নেশন্স লিগে ৩-২ গোলে পরাজয়ের পরও স্পেন নতুন উদ্দীপনায় ফিরে আসবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। রবিবারের এই হারের পর তিনি জানিয়েছেন, নতুন চ্যালেঞ্জের জন্য তাঁর দল প্রস্তুত থাকবে।
২০২৩ সালের মার্চের পর প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে হারল স্পেন। এর আগে তারা টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল।
এই রেকর্ড গড়ার পথে ইউরো ২০২৪ ও ২০২৬ বিশ্বকাপ জিতেছে স্পেন। আন্তর্জাতিক ফুটবলে এই সময়ে তাদের আধিপত্য ছিল একচ্ছত্র।
আরও পড়ুন: ফিফা র্যাঙ্কিংয়ে রেকর্ড গড়ল মরক্কো, ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কী?
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমি খুব আশাবাদী। আমার মনে হয়, এখন নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে, নতুন চ্যালেঞ্জ সামনে আসছে। আবারও সেভাবে শুরু করতে হবে, যেভাবে আমরা সেদিন শুরু করেছিলাম- জয়ের মধ্য দিয়ে। কবে শুরু করেছিলাম, তা এখন আমার মনেও নেই।’
স্পেন আগেই নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আগামী বছর অনুষ্ঠিত হবে এই পর্বের খেলা।
দে লা ফুয়েন্তে আরও বলেন, ‘মার্চে আমরা নতুন দীপ্তি নিয়ে ফিরব। নকআউট পর্ব পেরিয়ে আবারও নেশন্স লিগের ফাইনালে ওঠা এবং শিরোপা জয়ের চেষ্টা করাই হবে আমাদের লক্ষ্য।’
তিনি বলেন, ‘এত বড় সাফল্যের পুনরাবৃত্তি করা যে কতটা কঠিন, তা আমরা জানি। তবে আমাদের মনোভাব, লক্ষ্য ও উচ্চাকাঙ্খা সব সময়ই অটুট থাকবে।’
আরও পড়ুন: ব্রাজিলের বিপক্ষে ক্লাসিকো দিয়ে শুরু, ২০২৭ সালে আর্জেন্টিনার ব্যস্ত সূচি!
দে লা ফুয়েন্তের মতে, তাঁদের রেকর্ড গড়া অপরাজিত যাত্রার সাফল্য কতটা অসাধারণ ছিল, এই হার তা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে।
তিনি বলেন, ‘এই হার আমাদের বাস্তবতায় ফিরিয়ে এনেছে এবং আমরা যা অর্জন করেছি, তা কতটা কঠিন ছিল সেটি বুঝিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার এখনো মনে হয়, সবাই স্পেনকে হারাতে চায়। এটা ভালো বিষয়। তবে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’ ‘হয়তো আজ আমাদের মনে কিছুটা তিক্ততা রয়ে গেছে, কারণ এমন হারে আমরা অভ্যস্ত নই। তবে এমনটা ঘটতেই পারে।
আরও পড়ুন: ২০৩০ সাল থেকে ফর্মুলা ওয়ানে ভি৮ ইঞ্জিন ফিরছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন