ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাপেক্সকে শক্তিশালী করতে নতুন ড্রিলিং রিগ কেনার উদ্যোগ সরকারের


বাপেক্সকে শক্তিশালী করতে নতুন ড্রিলিং রিগ কেনার উদ্যোগ সরকারের

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : সরকার বাপেক্সকে শক্তিশালী করার লক্ষ্যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।

এই উদ্যোগগুলোর মধ্যে নতুন ড্রিলিং রিগ কেনার পাশাপাশি জনবল কাঠামো সম্প্রসারণ, সাইসমিক জরিপ এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

সরকার ২০৩১ সালের মধ্যে ১৫০টি গ্যাসকূপ খনন ও সংস্কারের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে বাপেক্স ৮৯টি কূপের খনন ও সংস্কারের দায়িত্ব পালন করবে। নতুন গ্যাসের মজুত অনুসন্ধানের জন্য দ্বিমাত্রিক (২ডি) ও ত্রিমাত্রিক (৩ডি) সাইসমিক জরিপ, নতুন যন্ত্রপাতি ক্রয় এবং যৌথ উদ্যোগে কাজের পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন: নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি তেল-গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)কে শক্তিশালী করার জন্য এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

বাপেক্সের সক্ষমতা বৃদ্ধির জন্য দুটি নতুন ড্রিলিং রিগ কেনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২০০০ হর্সপাওয়ার ক্ষমতার ‘এসি-এসি ভিএফডি’ শ্রেণির একটি স্কুলভিত্তিক ড্রিলিং রিগ কেনার প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৫৭৭ কোটি ২৩ লাখ টাকা। এটি সরকার ও বাপেক্সের যৌথ অর্থায়নে কেনা হবে।

এছাড়া ১৫০০ হর্সপাওয়ার ক্ষমতার আরেকটি ড্রিলিং রিগ কেনার জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়েছে। এই প্রকল্পের ব্যয় ৬৪৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) ও বাপেক্সের অর্থায়নে রিগটি কেনার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে বাপেক্সের পাঁচটি ড্রিলিং রিগ রয়েছে, যার মধ্যে বিজয়-১০, বিজয়-১১, বিজয়-১২, বিজয়-১৮ ও আইপিএস-১ অন্তর্ভুক্ত। নতুন দুটি রিগ কেনার ফলে প্রতিষ্ঠানটির মোট রিগের সংখ্যা সাতটিতে পৌঁছাবে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে জমি বিরোধে মো. মোতালিব হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

বাপেক্স জানিয়েছে, দেশে নতুন তেল-গ্যাসের মজুত অনুসন্ধানের জন্য ৪১০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক (২ডি) এবং ২১০০ বর্গকিলোমিটার ত্রিমাত্রিক (৩ডি) সাইসমিক জরিপের পরিকল্পনা করা হয়েছে।

‘২ডি সাইসমিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক-৭ ও ৯ প্রজেক্ট’ এর আওতায় অনুসন্ধান ব্লক-৭ এ ১৯৬০ লাইন কিমি এবং অনুসন্ধান ব্লক-৯ এ ২৫৪০ লাইন কি. মি. মাঠ পর্যায়ে শেষ হয়েছে। অর্থাৎ সর্বমোট ৪৫০০ লাইন কিমি ২ডি সাইসমিক জরিপের জন্য মাঠ পর্যায়ে ডাটা সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ডাটা প্রসেসিং ও ইন্টারপ্রেটেনশনের কাজ চলমান রয়েছে।

আশা করা হচ্ছে, আগামী বছরের এপ্রিলে প্রসেসিং ও ইন্টারপ্রেটেনশনের কাজ শেষ হবে।

সরকারের ১৫০ গ্যাসকূপ খনন ও সংস্কারের পরিকল্পনার অংশ হিসেবে বাপেক্স ৮৯টির কাজ করবে। প্রথম পর্যায় ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত চলবে। এ পর্যায়ে মোট ৫০টি কূপের কাজের লক্ষ্যমাত্রার বিপরীতে বাপেক্স ২১টি কূপ খনন করবে।

আরও পড়ুন: মহেশখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্‌যাপন, আলমগীর মাহফুজুল্লাহর আহ্বান

দ্বিতীয় পর্যায় ২০২৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। এ পর্যায়ে ১০০টি কূপের কাজের লক্ষ্য রয়েছে। এর মধ্যে বাপেক্স ৫২টি নতুন কূপ খনন ও ১৬টি কূপ সংস্কার করবে।

বাপেক্সের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১২টি কূপ খনন করা হয়েছে। এগুলো হলো টবগী-১, শ্রীকাইল নর্থ-১, শরীয়তপুর-১, ভোলা নর্থ-২, ইলিশা-১, সুন্দলপুর-৩, বেগমগঞ্জ-৪ ওয়েস্ট, জামালপুর-১, শ্রীকাইল-৫ এবং সুন্দলপুর-৪। তবে সুন্দলপুর সাউথ-১ এবং ভোলা নর্থ-৩ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

এদিকে ভোলার কয়েকটি গ্যাসক্ষেত্রে উৎপাদিত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাচ্ছে না। এ গ্যাস ব্যবহারের জন্য ভোলা-বরিশাল-খুলনা গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয়ে ডিপিপি প্রণয়নের কাজ চলছে।

বাপেক্সের জনবল কাঠামো ও পরিচালন সক্ষমতা সম্প্রসারণের বিষয়ে একটি কমিটি কাজ করছে। বর্তমানে প্রতিষ্ঠানটির অবকাঠামো ও জনবল দিয়ে একসঙ্গে অন্তত তিনটি ড্রিলিং রিগ পরিচালনা করা সম্ভব। এই সক্ষমতা বাড়িয়ে পাঁচটি রিগ একসঙ্গে পরিচালনার উপায় খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মিয়া গোলাম পরওয়ার: খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে

বর্তমানে বাপেক্সে কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে ১০৮০ জন কর্মরত রয়েছেন। এই সংখ্যা বাড়িয়ে ১৬০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, কর্মকর্তা-কর্মচারীদের কারিগরি দক্ষতা বাড়ানোর জন্য দেশি-বিদেশি প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বাপেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বিদেশি কোনো প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করার প্রস্তাব দিলে তাতে বাপেক্সের স্বার্থ ও সম্ভাব্য লাভের বিষয়টি মূল্যায়ন করা হবে।

বাপেক্সের কার্যক্রমকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগিতায় একটি বিশদ ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা হচ্ছে। যাতে আগামী ১০ বছরে অনুসন্ধান, কূপ খনন ও গ্যাস উৎপাদনের রূপরেখা নির্ধারণ করা থাকবে।

এদিকে বাপেক্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারকে। পর্ষদের অন্য সদস্যরা হলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আখনুর রহমান, পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব এস এম মাহবুব আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এবং পেট্রোবাংলার সাবেক পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) মো. কামরুজ্জামান। এছাড়া পদাধিকার বলে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক সদস্য হিসেবে রয়েছেন।

আরও পড়ুন: কেশবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর ২২ আগস্ট থেকে ২৬ অক্টোবর পর্যন্ত পাঁচটি সভা অনুষ্ঠিত হয়েছে।

বাপেক্সের পরিচালনা বোর্ডের সদস্য ও পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বাসসকে জানিয়েছেন, বাপেক্সকে শক্তিশালী করার জন্য যন্ত্রপাতি কেনা, জনবল কাঠামো সম্প্রসারণ এবং যৌথভাবে কাজ করার সুযোগ বিবেচনা করা হচ্ছে। এ জন্য যন্ত্রপাতি কেনার একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, অনুসন্ধান ও উন্নয়ন প্রকল্প বাড়ানো গেলে বাপেক্সের নিজস্ব আয় বাড়বে। এতে প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনার সামর্থ্য বৃদ্ধি পাবে।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক বাসসকে জানিয়েছেন, নতুন রিগ ও যন্ত্রপাতি কেনাসহ দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা তৈরির কাজ চলছে। এই পরিকল্পনায় আগামী ১০ বছরে অনুসন্ধান, খনন ও উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।

আরও পড়ুন: রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ৪ পুলিশ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা

তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারেও বাপেক্সকে শক্তিশালী করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কীভাবে এগোনো যায়, তা নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। পরিকল্পনা কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পেট্রোবাংলার সমন্বয়ে প্রকল্পগুলো এগিয়ে নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসে ৬১৭ আক্রান্ত, মৃত্যু ৪৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসে ৬১৭ আক্রান্ত, মৃত্যু ৪৫

মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণের ফলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এ বছর ৬১৭ জন আক্রান্ত হয়েছেন। ৪৫ জনের মৃত্যু ঘটেছে। এক দশকেরও অধিক সময়ের মধ্যে এই অঙ্গরাজ্যে ভাইরাসটির সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে একজন মান্ডি বুড, যিনি গত দুই মাস ধরে পক্ষাঘাতের কারণে পা নাড়াতে পারছেন না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসে মৃত্যুর সংখ্যা রেকর্ড অনুযায়ী দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এএফপিকে বুড বলেন, “আমি যে এখনো বেঁচে আছি, এটাই বড় কথা।” মশার কামড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়ার পর তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইট বা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। বর্তমানে তিনি হাসপাতালে ফিজিওথেরাপি নিচ্ছেন।

ফিজিওথেরাপির ফাঁকে দাঁড়ানোর চেষ্টা করার সময় বুড বলেন, “এটা সত্যিই ভীতিকর।” জীবনের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় কাটিয়েছেন তিনি। সেখানে মশার উপদ্রব সাধারণ ঘটনা। তবে ক্যালিফোর্নিয়ার সুন্দর আবহাওয়ায় এসে এমন রোগে আক্রান্ত হবেন, তা কখনো কল্পনা করেননি বলে জানান বুড।

সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা বেশি ছিল। এই ধরনের আবহাওয়া মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে।

ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয় আফ্রিকার উগান্ডায়। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ানোর মাধ্যমে মশা সংক্রমিত হয়। পরে সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত অধিকাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। তবে কিছু মানুষের মধ্যে জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। প্রায় এক শতাংশ আক্রান্তের ক্ষেত্রে সংক্রমণ মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রে গুরুতর প্রভাব ফেলতে পারে। এর ফলে মস্তিষ্কের প্রদাহ, পক্ষাঘাত এমনকি মৃত্যুও ঘটতে পারে।

ওয়েস্ট নাইল ভাইরাসের কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। গুরুতর আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা ও উপসর্গ অনুযায়ী সেবা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেট এয়ারওয়েজের কর্মীদের আদালতে জয়, পাবেন ৪৮০ কোটি রুপির বকেয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


জেট এয়ারওয়েজের কর্মীদের আদালতে জয়, পাবেন ৪৮০ কোটি রুপির বকেয়া

ভারতের বন্ধ হয়ে যাওয়া বিমান সংস্থা জেট এয়ারওয়েজের কর্মীরা দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের পর একটি গুরুত্বপূর্ণ জয় অর্জন করেছেন। ন্যাশনাল কম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল আগামী দুই সপ্তাহের মধ্যে সংস্থাটির সকল কর্মীকে সুদসহ গ্র্যাচুইটি পরিশোধের অনুমোদন দিয়েছে। এই পরিমাণ মোট ৪৮০ কোটি রুপি হবে। আদালত নিযুক্ত লিকুইডেটর জেট এয়ারওয়েজের পক্ষ থেকে এই বকেয়া অর্থ পরিশোধ করবেন।

গ্র্যাচুইটির অর্থ কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পরিশোধ করতে হবে। অন্যদিকে, প্রভিডেন্ট ফান্ডের অংশ পিএফ অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোতে জমা দিতে হবে। কর্মীরা সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে টানা পাঁচ বছর চাকরি করার পর স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাচুইটি পাওয়ার জন্য যোগ্য হন। প্রভিডেন্ট ফান্ডের অধীনে প্রতি মাসে কর্মী এবং নিয়োগকর্তা উভয়ই মূল বেতনের ১২ শতাংশ হারে জমা দেন এবং এই তহবিলের ওপর করমুক্ত সুদ অর্জিত হয়।

ট্রাইব্যুনালের এই আদেশের বিস্তারিত অনুলিপির জন্য এখন অপেক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিল মাসে জেট এয়ারওয়েজের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ২০২৪ সালের নভেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট জেট এয়ারওয়েজের সম্পদ অবসায়ন বা বিক্রি করে দেওয়ার (লিকুইডেট) নির্দেশ দিয়েছিলেন। ঋণদাতাদের সম্পূর্ণ পাওনা পরিশোধ না করেই একটি রেজোলিউশন পরিকল্পনা বহাল রাখা এবং একটি কনসোর্টিয়ামের কাছে মালিকানা হস্তান্তরের বিষয়ে ট্রাইব্যুনালের পূর্ববর্তী সিদ্ধান্ত বাতিল করতে আদালত সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে 'অসাধারণ' ক্ষমতা প্রয়োগ করেছিলেন।

জেট এয়ারওয়েজের উড়োজাহাজ, যন্ত্রাংশ ও অন্যান্য সম্পদ নিলামে বিক্রি করে যে অর্থ সংগৃহীত হয়েছে বা হচ্ছে, সেই তহবিল থেকেই লিকুইডেটর এই ৪৮০ কোটি রুপি পরিশোধ করবেন। ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, স্টেট ব্যাংক অব ইন্ডিয়াসহ অন্যান্য ঋণদাতা ব্যাংকগুলোকে পাওনা দেওয়ার আগে লিকুইডেটরকে বাধ্যতামূলকভাবে কর্মীদের এই বকেয়া মিটিয়ে দিতে হবে।

সূত্র : এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প সচল, খরচ ১৩০০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প সচল, খরচ ১৩০০ কোটি টাকা

দীর্ঘকাল ধরে অচল থাকা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পটি পুনরুজ্জীবিত হতে যাচ্ছে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরার কৃষকরা প্রায় ৯৫ হাজার ৬১৬ হেক্টর জমিতে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা পাওয়ার প্রত্যাশা করছেন।

সূত্রে জানা গেছে, সরকারের উদ্যোগে প্রকল্পটির জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের জন্য প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ব্যয় করা হবে। এর আওতায় ৯৬০ কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কার করা হবে, পাশাপাশি পাম্প হাউস ও সেচ অবকাঠামোও পুনর্বাসিত হবে।

১৯৬২ সালে যাত্রা শুরু করা জি-কে সেচ প্রকল্পের ওপর নির্ভরশীল চার জেলার হাজার হাজার কৃষক। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, পাম্পের যন্ত্রপাতি বিকল হওয়া, পদ্মা নদীতে পানির স্বল্পতা এবং খাল ভরাট হয়ে যাওয়ার কারণে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির সংকটের কারণে অনেক কৃষক বাধ্য হয়ে শ্যালো ও গভীর নলকূপের মাধ্যমে জমিতে সেচ দিচ্ছেন, যা উৎপাদন খরচ বাড়াচ্ছে। কোথাও কোথাও পানির অভাবে ফসলের আবাদ কমাতে হচ্ছে।

এই পরিস্থিতিতে জি-কে সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার জন্য এক হাজার ২৯৯ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা জানান, ‘প্রকল্পের আওতায় প্রায় ৯৬০ কিলোমিটার সেচ খাল পুনঃখনন ও সংস্কার, প্রধান দুটি পাম্প পুনঃস্থাপন, পাঁচটি সহায়ক পাম্প স্থাপন এবং ৬৬১টি সেচ অবকাঠামো পুনর্বাসন করা হবে। পাশাপাশি বিদ্যুৎ উপকেন্দ্র ও পানি নিয়ন্ত্রণ ব্যবস্থারও সংস্কার করা হবে।’

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদী যে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের সব কাজ সম্পন্ন হবে। এতে সেচ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি পাবে, কৃষকের উৎপাদন খরচ কমবে এবং ফসলের উৎপাদন বাড়বে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে চার জেলার প্রায় ৯৫ হাজার ৬১৬ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। এখন কৃষকদের অপেক্ষা, কবে শেষ হবে এই পুনর্বাসন কাজ, এবং ফিরবে জিকে সেচ প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


রংপুরে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা শুরু

রংপুর, ২৬ নভেম্বর, ২০২৬ : আজ রংপুরে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা ও ধর্মীয় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

নগরীর তাজহাট এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের তাওহীদ হাউজিং ও দর্শনা মোড় থেকে সূত্রাপুর-আক্কেলপুর এলাকায় ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।

এই আয়োজন আগামী ২৮ নভেম্বর শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

ধর্মীয় বয়ান, কোরআন-হাদিসের আলোচনা, তালিম, নামাজ, জিকির-আজকারসহ বিভিন্ন দ্বীনি কার্যক্রম তিন দিনব্যাপী এ আয়োজনে অনুষ্ঠিত হবে।

মুসল্লিদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হবে এসব কার্যক্রমের মাধ্যমে।

আখেরি মোনাজাত শনিবার অনুষ্ঠিত হবে, যা দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় নিবেদিত।

পীরগাছা থেকে আসা মেহাম্মদ শাহজাহান জানিয়েছেন, তিনি নিজের ঈমান আমলকে মজবুত করার উদ্দেশ্যে ইজতেমায় এসেছেন।

তিনি আরও বলেন, "মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ ও মতপার্থক্য দূর হয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্য প্রতিষ্ঠিত হোক। মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক।"

তারাগঞ্জ থেকে আসা মুসফিকুর রহিম জানান, "আমি দোয়া করি আমরা প্রত্যেকে যেন ইজতেমাকে কেন্দ্র করে হেদায়েতপ্রাপ্ত হই। ইজতেমা শেষে আমরা সবাই যেন আল্লাহ্র রাস্তায় বের হয়ে দ্বীনি শিক্ষা বিস্তার করতে পারি।"

আয়োজক কমিটির দায়িত্বশীল মো. মাহমুদুল আমিন বলেছেন, "ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।"

তিনি উল্লেখ করেন, ইজতেমাকে কেন্দ্র করে অনেকগুলো বিদেশি জামাত এসেছে এবং তাদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

আয়োজকরা আশা করছেন, জেলা ইজতেমায় এবার রংপুরসহ আশপাশের জেলা থেকে লাখো মুসল্লি সমাগম হবে।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সুদানসহ বিভিন্ন বিদেশি জামাতের মেহমানও ইজতেমায় অংশ নিচ্ছেন।

ফজরের নামাজের পর আম বয়ান-

আয়োজক কমিটির হাফিজুর রহমান হাফিজ জানিয়েছেন, "ইজতেমা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।"

স্থানীয় সংগঠক শামীমুজ্জামান শামীম জানিয়েছেন, মাঠ আলোকিত রাখতে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শতাধিক জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে।

মুসল্লিদের ওজু ও গোসলের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে এবং বসানো হয়েছে প্রয়োজনীয় সংখ্যক পানির কল। এসব কলের মাধ্যমে একসঙ্গে প্রায় তিন থেকে চার হাজার মানুষ ওজু করতে পারবেন।

আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে অর্ধশতাধিক মেডিকেল টিম।

ইজতেমা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজকদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%