ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাবি উপাচার্যের সঙ্গে মার্কিন দূতাবাসের ৬ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎ


ঢাবি উপাচার্যের সঙ্গে মার্কিন দূতাবাসের ৬ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের পাবলিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক স্কট হার্টম্যানের নেতৃত্বে ৬-সদস্যের একটি প্রতিনিধিদল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছে।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন, একই দূতাবাসের জেমস এ. স্টুয়ার্ট, রায়হানা সুলতানা, ফারোহা সোহরাওয়ার্দী, মো. ইকবাল মাহমুদ এবং এ. কিউ. এম. মুশফিক হাসান।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর

বৈঠকের সময় তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগিতায় আগামী ১৭ সেপ্টেম্বর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একটি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আলোচনা করেন।

মার্কিন বিশেষজ্ঞদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার এবং পাবলিক লেকচার আয়োজনের বিষয়টিও বৈঠকে আলোচনা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংবিধানিক আইন সংক্রান্ত যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণ এবং ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুঘল আমলের মুসা খান মসজিদ পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রকল্প গ্রহণের জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঐতিহ্য সংরক্ষণে আরও প্রকল্প গ্রহণে মার্কিন প্রতিনিধিদলের সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের মন্তব্যের পর অভিনেত্রী তাপসী পান্নু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রহস্যময় পোস্ট প্রকাশ করেছেন। শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে তাপসী লেখেন, ‘হেন্স, প্রুভড’। তবে তিনি এই পোস্টে কারো নাম উল্লেখ করেননি।

কঙ্গনার এই পোস্টের আগে তাপসীকে কটাক্ষ করে তার একটি সাম্প্রতিক মন্তব্য উঠে আসে। কঙ্গনা পরে তাপসীর উদ্দেশ্যে দেওয়া দুটি ইনস্টাগ্রাম স্টোরি মুছে ফেলেন। বর্তমানে তাপসী তার আসন্ন নেটফ্লিক্স সিনেমা ‘গান্ধারী’র প্রচারে ব্যস্ত রয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী জানান, কঙ্গনার সঙ্গে তার কখনো দেখা হয়নি। তাদের মধ্যে কথিত বিরোধ শুরু হওয়ার আগেও তারা একে অপরের সঙ্গে দেখা করেননি। তাপসী আরো বলেন, কঙ্গনা ও তার চিন্তা-ভাবনা আলাদা। তাদের বেড়ে ওঠার প্রেক্ষাপট ও বিষয়গুলো দেখার দৃষ্টিভঙ্গি তাদের কথাবার্তায় প্রকাশ পায়।

কঙ্গনার মন্তব্যের পর তাপসীর এই পোস্ট দ্বন্দ্বকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। কঙ্গনা সামাজিক যোগাযোগমাধ্যমে তাপসীকে আক্রমণ করে মন্তব্য জানান। প্রথম পোস্টে তিনি তাপসীর নাম সরাসরি উল্লেখ না করে তাকে ‘সস্তা কপি’ বলে অভিহিত করেন। আগেও কঙ্গনা এই শব্দটি তাপসীকে নিয়ে ব্যবহার করেছিল। কঙ্গনা অভিযোগ করেন যে, তাপসী তার বেড়ে ওঠা ও পরিবার নিয়ে সীমা ছাড়িয়ে মন্তব্য করেছেন। কঙ্গনা তার পরিবারের পরিচয়ের কথাও তুলে ধরেন।

এরপর কঙ্গনা আরেকটি পোস্টে তাপসীর মন্তব্য নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন শেয়ার করেন। সেখানে তিনি তাপসীকে সরাসরি উদ্দেশ্য করে বলেন, তার পরিবার ও বেড়ে ওঠা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। তবে কিছুক্ষণ পর কঙ্গনা এই দুটি পোস্টই মুছে দেন। পোস্ট মুছে দেওয়ার পর তাপসী ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘হেন্স, প্রুভড’। বাংলায় অর্থ দাঁড়ায়—‘প্রমাণিত’।

তবে তাপসী এই পোস্টে কঙ্গনার নাম উল্লেখ করেননি। ফলে তার এই পোস্ট কঙ্গনার মন্তব্যের জবাব কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কঙ্গনা ও তাপসীর প্রকাশ্য বিরোধ বেশ পুরোনো। ২০১৯ সালে কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল সামাজিক যোগাযোগমাধ্যমে তাপসীকে ‘কঙ্গনার সস্তা কপি’ বলে মন্তব্য করেছিলেন।

এরপর ২০২০ সালে বলিউডে স্বজনপ্রীতি এবং বহিরাগতদের নিয়ে বিতর্কের সময় দুই পক্ষের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে। কঙ্গনা তখন তাপসীসহ কয়েকজন অভিনেত্রীকে ‘বি-গ্রেড অভিনেত্রী’ ও ‘প্রয়োজনী বহিরাগত’ বলেও কটাক্ষ করেছিলেন। এরপর বিভিন্ন সময় দুজনের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য দেখা গেছে। এবার তাপসীর নতুন পোস্ট এই পুরোনো বিরোধ আবারো আলোচনায় এনেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামদানির পরিকল্পনায় সরকারি মুদি দোকান চালুর, ৩০% কম দামে পণ্য মিলবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


মামদানির পরিকল্পনায় সরকারি মুদি দোকান চালুর, ৩০% কম দামে পণ্য মিলবে

মেয়র জোহরান মামদানি নিউইয়র্ক শহরে সরকারি উদ্যোগে পাঁচটি মুদি দোকান চালুর পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রতিটি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ বাজারদরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম দামে বিক্রয়ের লক্ষ্য রাখা হয়েছে। প্রকল্পটির জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৭ কোটি ডলার। পরিকল্পনা অনুসারে, প্রতিটি বরোতে একটি করে দোকান চালুর লক্ষ্যমাত্রা রয়েছে। এদের মধ্যে ইস্ট হারলেমের একটি দোকানে প্রায় ৩ কোটি ডলার ব্যয় হওয়ার কথা রয়েছে। শহরের কর্তৃপক্ষ অভিজ্ঞ মুদি ব্যবসায়ীদের বিনা ভাড়ায় জায়গা প্রদান করার পরিকল্পনা করছে, যাতে তারা দোকানগুলো পরিচালনা করতে পারেন। মামদানির প্রশাসনের দাবি, খাদ্যপণ্যের বাড়তি দামের চাপ কমিয়ে আনার পাশাপাশি যেসব এলাকায় তাজা ও পুষ্টিকর খাবারের সহজলভ্যতা কম, সেসব এলাকার মানুষের জন্য সাশ্রয়ী খাবারের ব্যবস্থা করাই তাদের মূল লক্ষ্য। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নিউইয়র্কের প্রায় এক-পঞ্চমাংশ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতার সমস্যায় ভুগছেন। তবে এই উদ্যোগটি নিয়ে নিউইয়র্কের স্থানীয় মুদি ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, সরকারি সহায়তায় পরিচালিত দোকানগুলো যদি কম দামে পণ্য বিক্রি করে, তাহলে ছোট ব্যবসাগুলো প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়তে পারে। বিশেষ করে আগে থেকেই কম লাভে পরিচালিত বেশ কিছু দোকান এতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন। তাছাড়া, কর্মীদের বেতন, পণ্যে ছাড়ের অর্থ কোথা থেকে আসবে এবং দীর্ঘমেয়াদে প্রকল্পটি কীভাবে আর্থিকভাবে টেকসই হবে—এসব নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে, সরকারি দোকানে কেনাকাটা করার জন্য পরিচয়পত্র লাগবে, তবে নিউইয়র্ক কর্তৃপক্ষ এই দাবি নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে, দোকানে কেনাকাটার জন্য পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক হবে না। মামদানির পরিকল্পনায় পাঁচটি দোকানের চালু হওয়ার লক্ষ্যমাত্রা ২০২৯ সালের মধ্যে। তবে সাশ্রয়ী দামে পণ্য বিক্রির সাথে স্থানীয় ছোট ব্যবসার ওপর প্রভাব এবং প্রকল্পটির দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কার্যকারিতা—এই দুই বিষয় এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরান সফরের উদ্দেশ্যে যাচ্ছেন। মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টার আওতায় তিনি এই সফরটি করবেন বলে জানা গেছে।

রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি এ তথ্য নিশ্চিত করেছেন। এই সফরে আলোচনা হবে সংঘাতের সাম্প্রতিক ঘটনাবলি, যার মধ্যে ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার হুমকিও উল্লেখযোগ্য।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে শুরু হওয়া যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। পাকিস্তানের দুটি সরকারি সূত্রও বার্তা সংস্থা রয়টার্সকে মুনিরের সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানাচ্ছে, মুনির ইসলামাবাদের সমঝোতা স্মারকের আওতায় শান্তি, ট্রাম্পের সতর্কবার্তা, পাকিস্তান-তুরস্ক-সৌদি আরব চুক্তির পরবর্তী পরিস্থিতি এবং হুতি ইস্যু নিয়ে ইরানি নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

এদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিকল্পনার বিরুদ্ধে সামরিক জবাবের হুমকি দিয়েছে ইরান। সোমবারই পরিকল্পিত নিষেধাজ্ঞার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।

মার্কিন কর্মকর্তারা জানাচ্ছেন, ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ জারি করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে বিশ্বের আঙিনায় বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে, যারা দেশটিকে কোনো সহায়তা করবে তাদের বিরুদ্ধেও কঠোর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃণমূলে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


তৃণমূলে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁ, ২৩ আগষ্ট, ২০২৬ : সরকার জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ রোববার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, ফার্মেসী এবং রান্নাঘর ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন। এ সময় তিনি মজুত থাকা সত্ত্বেও রোগীকে স্যালাইন না দেওয়ার জন্য এবং বাইর থেকে রোগীকে স্যালাইন কিনে আনানোর ঘটনায় রোগীকে টাকা ফেরত দেন।

স্বাস্থ्यमন্ত্রী বলেন, ডায়ালাইসিস সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছানো, শয্যা সংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসকদের তীব্র সংকট দূর করার জন্য আড়াই হাজার নার্স এবং আড়াই হাজার ফার্মাসিস্টসহ মোট প্রায় ৯ হাজার ৫০০ নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ধরে স্বাস্থ্যখাতে কোনো ধরনের জবাবদিহিতা ছিল না। বর্তমান সরকার মাত্র ৬ মাসের মধ্যে এই খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার কাজ শুরু করেছে।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন জানান, ডায়ালাইসিস সেবার মান উন্নত করার লক্ষ্যে বিশেষ করে ঢাকার ওপর নির্ভরশীলতা কমানোর জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি এবং জেলা সদর হাসপাতালগুলোতে ১০টি করে ডায়ালাইসিস বেড স্থাপন করা হবে। ইতোমধ্যে মেশিন কেনার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে জেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জেলা পর্যায়ে ৬০টি ডায়ালাইসিস মেশিন দৈনিক ৩ শিফটে প্রায় ১৮০ জন রোগীকে সেবা দেওয়ার সক্ষমতা রাখবে। এছাড়া, আগামী দুই বছরের মধ্যে উপজেলা পর্যায়ে ১০টি করে ডায়ালাইসিস বেড চালুর পরিকল্পনা রয়েছে, বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

প্রতিটি উপজেলা হাসপাতাল আধুনিক আল্ট্রাসাউন্ড ও উন্নত প্যাথলজি ল্যাব সমৃদ্ধ নতুন ৯ তলা ভবন হবে, এমনটি জানিয়ে সাখাওয়াত হোসেন আরও বলেন, হাসপাতালগুলোর অবকাঠামো ও আধুনিকায়নে উপজেলা পর্যায়ে শয্যা সংখ্যা ৫০ থেকে বৃদ্ধি করে ১৫১ শয্যা করার সংশোধিত ডিপিপি (ডিপ্রোজেক্ট প্রোফাইল) অনুমোদন ও টেন্ডারের প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিটি ১৫১ শয্যার উপজেলা হাসপাতালে প্রসূতিদের চিকিৎসার জন্য ২৫টি এবং শিশুদের জন্য আলাদা ২০টি বিশেষ শয্যা রাখা হবে।

স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ‘জনবল সংকট’ নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে মন্ত্রী জানান, জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে খুব শিগগিরই ৫ হাজার নতুন চিকিৎসক নিয়োগের সকল আনুষ্ঠানিকতা চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে আরও চিকিৎসক নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে।

প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনুমোদনহীন কার্যক্রম এবং অনিয়ম রোধ করার জন্য স্বাস্থ্যমন্ত্রী কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন। তিনি বলেন, নিবন্ধনের শর্ত চুর্মাণ করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ডিসি-সিভিল সার্জনদের সমন্বয়ে দেশব্যাপী মোবাইল কোর্ট অভিযান জোরদার করা হচ্ছে। স্বাস্থ্য খাতকে আরও সুসংগঠিত ও আধুনিক পরিসরে নিয়ে যেতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এসময় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%