১০:৩৫ পি.এম
সিলেটের সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাইদা ইয়াসমিন শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পদত্যাগ করেছেন। রবিবার (৪ অক্টোবর) বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন।
কলেজের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষ সাইদা ইয়াসমিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে জ্যেষ্ঠ শিক্ষিকা স্বরূপা আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
এর আগে রবিবার (৪ অক্টোবর) সকাল থেকে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আরও পড়ুন: রাজবন বিহারে ৫০তম কঠিন চীবর দানোৎসব পরিদর্শনে সদর জোন কমান্ডার
শিক্ষার্থীদের অভিযোগ, ‘অধ্যক্ষ প্রায়ই তাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। তার আচরণের কারণে অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।’
তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফজাল আহমদ অভিযোগ করেন, ‘সম্প্রতি আমাদের কয়েকজন শিক্ষার্থীর নাইট ডিউটি ছিল। এ কারণে পরীক্ষার সময় পরিবর্তনের জন্য আমরা অধ্যক্ষের কাছে আবেদন করেছিলাম। অধ্যক্ষ সেই আবেদন প্রত্যাখ্যান করার পাশাপাশি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।’
তিনি আরও বলেন, ‘পরীক্ষার সময় পরিবর্তনের অনুরোধ করায় আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাতে আমরা মানসিকভাবে কষ্ট পেয়েছি।’
অভিযোগ সম্পর্কে জানতে কলেজের অধ্যক্ষ সাইদা ইয়াসমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
আরও পড়ুন: শিবচরের মাটিতে কমলার বাগান গড়ে সফল উদ্যোক্তা রাসেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন