০৭:৪৭ পি.এম
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, "অপরাধী যে দলের বা যে পরিচয়েরই হোক না কেন, অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।" তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান। প্রশাসনকে কঠোর অবস্থানে থাকতে হবে যাতে রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব খাটিয়ে কেউ অপরাধ করে পার পেয়ে যেতে না পারে।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পরিষদ সভাকক্ষে ‘সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ’ সভায় তিনি এই মন্তব্য করেন। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে।
গণপূর্ত প্রতিমন্ত্রী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন, পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে একত্রিতভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে তারা নির্ভয়ে বসবাস করতে পারে। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
আরও পড়ুন: গ্রিসে এক দিনে ২ হাজার ২৭ অভিবাসী প্রবেশ
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন