১০:২২ এম
॥ মোহাম্মদ আবু সাঈদ ॥
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : গাজীপুরের টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য ২ হাজার ১৪২টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা রাজধানী ঢাকায় আবাসনের চাপ কমানোর উদ্দেশ্যে।
ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের মূল লক্ষ্য হচ্ছে রাজধানীর পাশে নাগরিক সুবিধাসম্পন্ন একটি পরিকল্পিত জনবসতি গড়ে তোলা। এর ফলে ঢাকার মূল নগর এলাকার বাইরে বসবাসের জন্য বিকল্প সুযোগ সৃষ্টি হবে।
আরও পড়ুন: বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল অস্তিত্বের সংকটে
নতুন আবাসিক এলাকা গড়ে উঠলে, ঢাকা শহরের কেন্দ্রীয় এলাকায় আবাসনের চাপ কিছুটা কমবে। একই সঙ্গে অপরিকল্পিত নগরায়ণের পরিবর্তে ঢাকার প্রান্তে পরিকল্পিতভাবে বসতি সম্প্রসারণের সুযোগও তৈরি হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেছেন, "রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।" তিনি আরও জানান, নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সেই লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।
তিনি উল্লেখ করেন, টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে পৃথক উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হবে। ফলে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই এসব পরিবারের জন্য পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ তৈরি হবে।
গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব ৯৮ দশমিক ১৩ একর জমির মধ্যে প্রথম পর্যায়ে ১৭ দশমিক ০৬ একরে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। সেখানে নির্মাণ করা হবে ১৫ তলাবিশিষ্ট ১৭টি আবাসিক ভবন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় জজের বাসায় ককটেল নিক্ষেপ, গ্রামীণ ব্যাংক কার্যালয়ে হামলা
প্রতিটি ভবনে ১২৬টি করে মোট ২ হাজার ১৪২টি ফ্ল্যাট থাকবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৫১৫ বর্গফুট। পরিচালন, রক্ষণাবেক্ষণ ও সংস্কার চার্জসহ মাসিক মোট ভাড়া ৫ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে।
জমির মূল্যসহ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রায় ১ হাজার ৪৮৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন প্রস্তাব করা হয়েছে প্রায় ১ হাজার ২৭২ কোটি ৬২ লাখ টাকা। বাস্তবায়নের প্রস্তাবিত মেয়াদ জুলাই ২০২৬ থেকে জুন ২০৩০।
প্রকল্পে আবাসিক ভবনের পাশাপাশি অভ্যন্তরীণ সড়ক, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, লিফট, সৌরবিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে।
ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের পরিচালক নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ নূর বলেন, "টঙ্গীর প্রকল্পের প্রথম পর্যায়ে ২ হাজার ১৪২টি পরিবারের জন্য ভাড়াভিত্তিক আবাসনের পরিকল্পনা রয়েছে।" তিনি জানান, বাসিন্দাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ভবনের সঙ্গে পানি, পয়ঃনিষ্কাশন ও নিরাপত্তার অবকাঠামোও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: কালিয়াকৈরে হাই-টেক পার্কের সামনে প্রাইভেটকারে আগুন, চালক অল্পের জন্য বাঁচলেন
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৫টি প্রকল্প চলমান রয়েছে, যার মাধ্যমে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা হচ্ছে। এর আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে।
প্রকল্পগুলোর মধ্যে দু’টি সরকারি ও ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নতুন ৯টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
টঙ্গীর দত্তপাড়ায় প্রথম পর্যায়ে ২ হাজার ১৪২টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জ ও ধামরাইয়ে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাজধানীর পাশাপাশি দেশের ৮ বিভাগের ৩৮টি জেলা ও ৮টি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন: শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ
দেশের জেলা ও উপজেলা পর্যায়েও পরিকল্পিত আবাসন সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। জমির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের সুবিধার্থে ল্যান্ড ব্যাংক তৈরির লক্ষ্যে তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহের কাজ চলছে।
জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল আবাসনের পাশাপাশি ভূমিকম্প সহনশীল ভবন, পরিকল্পিত ড্রেনেজ, জলাধার, সবুজ পার্ক ও উন্মুক্ত স্থানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্লট উন্নয়ন প্রকল্পে সাধারণ পরিষেবা ও নাগরিক সুবিধার জন্য ৫০ থেকে ৫৫ শতাংশ জমি সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।
পরিকল্পিত আবাসনে খেলার মাঠ, সবুজ চত্বর, কমিউনিটি স্পেস ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হচ্ছে। এর লক্ষ্য হলো মানুষের সামর্থ্যরে মধ্যে নিরাপদ, স্বাস্থ্যকর ও নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তোলা।
আরও পড়ুন: জাতিসংঘে ফরাসি-মেক্সিকান ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন