০৬:২২ পি.এম
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও ককটেল বিস্ফোরণে রাজু মোল্যা (৪০) নামে এক কৃষকদল নেতা নিহত হয়েছেন। তার বাড়িতে চলছে মাতম। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙা উপজেলার হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় হামলার ঘটনা ঘটে।
নিহত রাজু মোল্যা ভাঙা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া গ্রামের আকতার মোল্যার ছেলে এবং উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হামিরদি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী। এসময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে সেখানে গেলে তাদের লক্ষ্য করে ককটেল বোমা ছোড়া হয়। ককটেল বিস্ফোরণে রাজু মোল্যার কোমর থেকে ডান পায়ের একাংশ ঝলসে যায় এবং মাংস উঠে গর্তের সৃষ্টি হয়। পরে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, মঙ্গলবার সন্ধ্যার পর ভাঙা থানার হামিরদি ও পুখুরিয়া এলাকার মাঝামাঝি মহাসড়কে দুষ্কৃতকারীরা অবস্থান নেয় এবং এর পরিপ্রেক্ষিতে সহিংসতায় একজন মারা যান। তিনি বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করি। পরবর্তীতে অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করা হয়। আটকদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। এদের মধ্যে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ঢাকায় ছাত্রদলের বড় বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন