১২:৫৪ পি.এম
ভারতের দিল্লিতে একটি স্কুলে বোমা রাখার হুমকি দিয়ে ইমেইল পাঠানোর অভিযোগে ১৬ বছর বয়সী এক ছাত্রীকে পুলিশ আটক করেছে। তদন্তে বেরিয়ে এসেছে, ওই দিন স্কুল বন্ধ রাখার উদ্দেশ্যে সে ভুয়া হুমকির বার্তা পাঠিয়েছিল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (২৩ অক্টোবর) স্কুলটির কাছে ‘ভবনে বোমা রাখা হয়েছে’—এমন শিরোনামে একটি ই-মেইল আসে। দিল্লির বিভিন্ন স্কুলে একের পর এক বোমা হামলার হুমকি পাওয়ার ঘটনার প্রেক্ষিতে এ বার্তার উৎস শনাক্ত করার জন্য সাইবার পুলিশ তদন্ত শুরু করে।
দক্ষিণ দিল্লির উপকমিশনার অনন্ত মিত্তা জানিয়েছেন, সাইবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হংসরাজ স্বামীর নেতৃত্বে একটি দল প্রযুক্তিগত বিশ্লেষণ ও ডিজিটাল তথ্যপ্রমাণের মাধ্যমে ই-মেইলটির উৎস খুঁজে বের করে। পরে বার্তা পাঠানোর ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম
তদন্তে জানা যায়, অভিযুক্ত কিশোরী ওই স্কুলেরই ছাত্রী। সেদিনের ক্লাস বন্ধ করানোর উদ্দেশ্যে সে ভুয়া বোমা হামলার হুমকি দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে কিশোরীটি ই-মেইল পাঠাতে ভার্চ্যুয়াল ব্যক্তিগত নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করার কথা জানিয়েছে।
পুলিশ আরও জানায়, কিশোরীটির বিরুদ্ধে কিশোর বিচার আইনের প্রাসঙ্গিক বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
দিল্লিতে স্কুলগুলোকে লক্ষ্য করে বারবার বোমা হামলার হুমকি আসার প্রেক্ষিতে দ্রুত তদন্তের মাধ্যমে ই-মেইলটির উৎস শনাক্ত করার ঘটনাকে পুলিশের প্রযুক্তিগত দক্ষতা ও কার্যকর তদন্তের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন উপকমিশনার অনন্ত মিত্তা।
সূত্র: দ্য টাইমস অফ ইন্ডিয়া
আরও পড়ুন: বারিধারায় সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন