ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নেতানিয়াহুকে যুদ্ধাপরাধে বিচারের মুখোমুখি করার দাবি আল-সাইয়েদের


নেতানিয়াহুকে যুদ্ধাপরাধে বিচারের মুখোমুখি করার দাবি আল-সাইয়েদের

নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, গাজায় গণহত্যায় যুক্তরাষ্ট্র অস্ত্র ও সহযোগিতা দিয়ে সহায়তা করেছে। এজন্য তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার অভিযানে সহায়তাকারীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।

আল-সাইয়েদ ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সমাধানে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে আলোচিত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সরাসরি সমর্থন জানাননি। তার মতে, ভবিষ্যতে এক রাষ্ট্র, দুই রাষ্ট্র কিংবা অন্য কোনো কাঠামোয় শান্তিচুক্তি হবে, সেই সিদ্ধান্ত নিতে হবে ইসরাইলি ও ফিলিস্তিনিদেরই।

১৭ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে দ্য আটলান্টিক সামিটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারটি নেন সাময়িকীটির কর্মী লেখক জোনাথন লেমায়ার। ১৮ নভেম্বর এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দ্য জেরুজালেম পোস্ট।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ ও ভারতের হাইকমিশনারের আলোচনা

সাক্ষাৎকারে আল-সাইয়েদ উল্লেখ করেন, ইসরাইলের নেতৃত্বে পরিবর্তন এলেও গাজা যুদ্ধে সংঘটিত কর্মকাণ্ডের দায় এড়ানোর সুযোগ নেই। নতুন সরকার যেই গঠন করুক, তাকে অতীতের ঘটনাগুলোর মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, “আমি মনে করি, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধের জন্য তার বিচার হওয়া উচিত। যারা তাকে এসব অপরাধে সহায়তা করেছে, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।”

আল-সাইয়েদের বক্তব্য অনুযায়ী, শুধু নেতানিয়াহু নন, তার সরকারের কর্মকাণ্ডে সহযোগিতাকারীদের ভূমিকাও তদন্তের আওতায় আনা প্রয়োজন। তার এই বক্তব্যের মাধ্যমে ইসরাইলে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের পরও গাজা যুদ্ধের দায় নির্ধারণের প্রশ্নটি সামনে এসেছে।

গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন নবনির্বাচিত এই সিনেটর। তার অভিযোগ, ওয়াশিংটন শুধু ইসরাইলকে অস্ত্র সরবরাহ করেনি, বরং সামরিক ও রাজনৈতিক সহযোগিতার মাধ্যমে গাজায় সংঘটিত অপরাধে সহায়তা করেছে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

আল-সাইয়েদ বলেন, “আমরা গণহত্যায় সহায়তা করেছি, অস্ত্র দিয়েছি এবং সহযোগিতা করেছি। এটাই বাস্তবতা।”

তিনি আরো বলেন, প্রতিবার গাজা নিয়ে আলোচনা হলে বিষয়টিকে অতীতের ঘটনা হিসেবে এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। অথচ যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আলোচনা হওয়া উচিত রাজনৈতিক বিতর্কের কেন্দ্রীয় বিষয়গুলোর একটি।

তার মতে, অন্য কোনো দেশ একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন হতো। তাই গাজা যুদ্ধের ক্ষেত্রে মার্কিন নীতি ও সিদ্ধান্তের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলে আসছে। এ ব্যবস্থায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি ইসরাইল রাষ্ট্রের অস্তিত্ব স্বীকৃত থাকার কথা।

আরও পড়ুন: মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে রোহিঙ্গাদের আনন্দ-উল্লাস

তবে এ বিষয়ে সরাসরি সমর্থন জানাতে রাজি হননি আল-সাইয়েদ। তার বক্তব্য, ইসরাইলি ও ফিলিস্তিনিদের নিজেদের মধ্যে সমান মর্যাদায় আলোচনার সুযোগ তৈরি করতে হবে। এরপর তারাই ঠিক করবেন, ভবিষ্যতের শান্তি চুক্তি কোন কাঠামোর ওপর প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, ফিলিস্তিনিদের এমন একটি স্বাধীন ও উন্মুক্ত রাজনৈতিক আন্দোলন থাকা প্রয়োজন, যারা ইসরাইলি ইহুদিদের সঙ্গে সমান অবস্থানে বসে ভবিষ্যৎ শান্তির রূপরেখা নিয়ে আলোচনা করতে পারবে।

সম্ভাব্য সমাধানের ধরন সম্পর্কে তিনি বলেন, “সেটি কি দুই রাষ্ট্র হবে, এক রাষ্ট্র হবে, নাকি ২৫টি রাষ্ট্র হবে—আমি সত্যিই জানি না। সিদ্ধান্তটি আমার নেওয়ার বিষয় নয়।”

আল-সাইয়েদের বক্তব্যে মূলত ফিলিস্তিনি ও ইসরাইলি—উভয় জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায় ছিল মিয়ানমারের: আইসিজে

সাক্ষাৎকারে আল-সাইয়েদ দাবি করেন, গাজায় অন্তত ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের অন্তত অর্ধেক শিশু। তবে জেরুজালেম পোস্ট জানিয়েছে, তার উল্লেখ করা পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) ৪ নভেম্বর ২০২৬-এর প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ৭৪ হাজার ৬১৮ জনের মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরিচয় শনাক্ত হওয়া ৭৪ হাজার ২৩৭ জনের বিস্তারিত তথ্যও দেওয়া হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২১ হাজার ৯৭৬ জন শিশু। এসব পরিসংখ্যান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য।

কে এই আবদুল আল-সাইয়েদ?

আবদুল আল-সাইয়েদ ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল ধারার রাজনীতিক। ২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করে তিনি সিনেটর নির্বাচিত হন। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর।

আরও পড়ুন: আইসিজের রায় ঘিরে রোহিঙ্গাদের চোখে জল, ঘরে ফেরার আকুতি

রাজনীতিতে আসার আগে তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। ডেট্রয়েট ও ওয়েইন কাউন্টির স্বাস্থ্য বিভাগের নেতৃত্ব দিয়েছেন। তার নির্বাচনি প্রচারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল সর্বজনীন স্বাস্থ্যসেবা, রাজনীতিতে করপোরেট অর্থের প্রভাব কমানো এবং ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তার সমালোচনা।

নির্বাচনী প্রচারেও গাজা যুদ্ধ ও ইসরাইলের সামরিক কর্মকাণ্ড নিয়ে তার অবস্থান আলোচনায় ছিল। ফলে সিনেটর হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই মধ্যপ্রাচ্যনীতি নিয়ে তার বক্তব্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।

আল-সাইয়েদের বক্তব্য গুরুত্বপূর্ণ হলেও সিনেটে দায়িত্ব গ্রহণের পর তার একক অবস্থানই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বদলে দেবে—এমন নিশ্চয়তা নেই। ইসরাইলকে সামরিক সহায়তা, অস্ত্র বিক্রি, কূটনৈতিক সমর্থন এবং গাজা যুদ্ধ নিয়ে মার্কিন নীতির পরিবর্তন নির্ভর করবে কংগ্রেস, প্রশাসন ও বৃহত্তর রাজনৈতিক সমীকরণের ওপর।

তবে প্রথম মুসলিম সিনেটর হিসেবে তার দায়িত্ব গ্রহণ এবং গাজা যুদ্ধ নিয়ে প্রকাশ্য অবস্থান মার্কিন রাজনীতিতে ফিলিস্তিন ইস্যুতে নতুন বিতর্কের ক্ষেত্র তৈরি করতে পারে। বিশেষ করে ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি, সামরিক সহায়তার শর্ত এবং যুদ্ধকালীন কর্মকাণ্ডের জবাবদিহি নিয়ে কংগ্রেসে আলোচনার ক্ষেত্রে তার ভূমিকার দিকে নজর থাকবে।

আরও পড়ুন: রাতে হাঁটার জন্য নিরাপদ হিসেবে চিহ্নিত উপসাগরীয় দেশ, শীর্ষে আমিরাত

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট, জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর, অ্যাসোসিয়েটেড প্রেস ও সিবিএস নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যান চলাচল স্বাভাবিক, লকডাউন উপেক্ষা করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যান চলাচল স্বাভাবিক, লকডাউন উপেক্ষা করা হচ্ছে

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূর পাল্লার বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দাউদকান্দির টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্থানে যান চলাচল এবং লোকজনের চলাফেরা স্বাভাবিকভাবে লক্ষ্য করা গেছে। দাউদকান্দি বলদা খালের কনফেকশনারী দোকানদার সোহান জানান, "প্রতিদিনের ন্যায় আমরা স্বাভাবিকভাবেই আমাদের ব্যবসায়িক কাজ পরিচালনা করছি।"

গৌরীপুর স্টেশনের ফল বিক্রেতা আরিফ বলেন, "অন্যান্য দিনের মতো কাস্টমার স্বাভাবিকভাবেই কেনাকাটা করছে" এবং গৌরিপুর স্টেশনের হাইওয়ে রাস্তার গাড়ির যানজট একই রকম রয়েছে। ইলিয়টগঞ্জ এলাকার বাসিন্দা মিজান জানান, "লকডাউনের লেস মাত্র আমাদের এলাকায় এখন পর্যন্ত দেখতে পাইনি।"

ঢাকা থেকে ছেড়ে আসা সিডিএম গাড়ির ড্রাইভার কাদের বলেন, "স্বাভাবিক গতিতে ঢাকা থেকে গৌরিপুর পর্যন্ত গাড়ি চালিয়ে যাত্রী নিয়ে এসেছি, কোনো সমস্যা হয়নি।" চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাক ড্রাইভার আনিস জানান, "কোথাও কোন অবরোধ বা বাধা পাইনি, অন্যান্য দিনের মতোই গাড়ি চালিয়ে দাউদকান্দি টোল প্লাজায় পৌঁছালাম।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক ক্ষতির পরও ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ এম


রাজনৈতিক ক্ষতির পরও ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের সিদ্ধান্ত নিতে হলে তিনি পিছপা হবেন না। যদিও এই যুদ্ধের ফলে রাজনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হতে পারে, তবুও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা প্রকাশ করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেন, ইরানের সঙ্গে আলোচনার সময়ে যে সমঝোতা স্মারক (এমওইউ) তৈরি হয়েছিল, তা অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে ওই আলোচনার মাধ্যমে ওয়াশিংটন বুঝতে পেরেছে, ইরানের কর্মকর্তাদের বিশ্বাস করা যায় না।

ট্রাম্প বলেন, “ওই সময়ের মধ্যে আমরা তাদের খুব ভালোভাবে চিনেছি। আমরা বুঝতে পেরেছি, তাদের বিশ্বাস করা যায় না।”

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার সিদ্ধান্তের পক্ষে তিনি সাফাই গেয়েছেন। তার মতে, দীর্ঘমেয়াদে তার এই সিদ্ধান্ত ইতিবাচকভাবে মূল্যায়িত হবে।

যুদ্ধের সিদ্ধান্ত আবার নেওয়ার সুযোগ পেলে তিনি একই পথে হাঁটবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যদি আবারও একই পরিস্থিতি তৈরি হয়, তাহলে কি আমরা একই সিদ্ধান্ত নেব? এর উত্তর হলো, অবশ্যই হ্যাঁ।”

ট্রাম্প স্বীকার করেন, ইরানের সঙ্গে সংঘাত নির্বাচনের ওপর প্রভাব ফেলেছে। তবে তিনি দাবি করেন, রাজনৈতিক লাভ-ক্ষতির হিসাব করে তিনি কোনো সিদ্ধান্ত নেন না।

তার বক্তব্য, রাজনৈতিক পরিণতি যা-ই হোক না কেন, দেশের স্বার্থ বিবেচনা করেই তিনি সিদ্ধান্ত নেবেন।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালুর দাম বাড়ল প্রায় ৮৬ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ এম


বালুর দাম বাড়ল প্রায় ৮৬ শতাংশ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সরকারী নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণের নতুন দর অনুমোদন করেছে। সংশোধিত দরের তালিকায় মোটা বালুর দাম প্রায় ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ডিজেলের দাম প্রায় ২৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি, সিমেন্ট ও এক ধরনের রডের দামও বৃদ্ধি করা হয়েছে। তবে আমদানি করা পাথর এবং ৪২০ এমপিএ শক্তির রডের দাম কমানো হয়েছে।

গতকাল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ২০২২ সালের নির্মাণকাজের দরের তালিকা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নির্মাণ উপকরণের দর পুনর্নির্ধারণে গঠিত বিশেষ কমিটির সুপারিশ সভায় উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সভায় উপস্থিত সূত্র জানায়, আগের একনেক সভায় যাচাই-বাছাইয়ের জন্য ফেরত পাঠানো সুপারিশগুলো সংক্ষিপ্ত আলোচনার পর অনুমোদন দেওয়া হয়। কমিটির সুপারিশ অনুযায়ী, প্রতি ঘনমিটার মোটা বালুর দাম এক হাজার ৯০০ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার ৫৩০ টাকা করা হয়েছে, যা ৮৫.৭৯ শতাংশ বৃদ্ধি। প্রতি টন পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্টের দাম ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ৫০০ এমপিএ শক্তির রডের দাম প্রতি টন ৮৭ হাজার থেকে বাড়িয়ে ৮৯ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, ৪২০ এমপিএ শক্তির রডের দাম ৯০ হাজার থেকে কমিয়ে ৮৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ডিজেলের দাম বেড়েছে ২৩.৮৫ শতাংশ।

আমদানি করা পাথরের দাম প্রতি ঘনমিটার আট হাজার ৪০০ টাকা থেকে কমিয়ে সাত হাজার ৯৪৯ টাকা করা হয়েছে। উৎস পর্যায়ে মধ্যপাড়া গ্রানাইট পাথরের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৬৯৬ টাকা।

কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বালুর দাম বৃদ্ধির পেছনে উৎস পর্যায়ে সরবরাহ সীমাবদ্ধতা, ডিজেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহনপথে অনিয়মের কারণে অতিরিক্ত অর্থ আদায়ের ভূমিকা রয়েছে। উৎস পর্যায়ে প্রতি ঘনফুট মোটা বালুর দাম ১৭ থেকে ২০ টাকা। কিন্তু পরিবহন, ওঠানো-নামানোর খরচ বাবদ ব্যয় হয় ৭০ থেকে ৭৫ টাকা। অর্থাৎ সরবরাহ পর্যায়ে বালুর মোট দামের প্রায় দুই-তৃতীয়াংশই পরিবহন ও সংশ্লিষ্ট খরচ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশের নির্মাণকাজে ব্যবহৃত পাথরের চাহিদার প্রায় ৯৫ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ হয়। শুল্ক, বন্দরের খরচ, অভ্যন্তরীণ পরিবহন এবং ব্যবসায়ীদের মুনাফার কারণে আমদানি করা পাথরের দাম বেড়ে যায়। এ ছাড়া, ডলারের বিনিময় হার ও জাহাজভাড়ার ওঠানামা আমদানি করা ক্লিংকার ও বিটুমিনের দামে প্রভাব ফেলে। বিদ্যুতের মূল্যবৃদ্ধিও সিমেন্ট ও ইস্পাত উৎপাদনের খরচ বাড়ায়।

নির্মাণ ব্যয় নিয়ন্ত্রণে কমিটি পাথর, ইস্পাত ও বাল্ক বিটুমিনের শুল্ককর পর্যালোচনা, রেল ও নৌপথে পরিবহন বাড়ানো এবং পরিবহনপথে অনিয়ম বন্ধের সুপারিশ করেছে। পাশাপাশি, মধ্যপাড়া পাথরের ব্যবহার বাড়ানো, মানসম্মত দেশীয় নির্মাণ উপকরণ ব্যবহারে উৎসাহ দেওয়া এবং বাজার তদারকি জোরদারের প্রস্তাব দেওয়া হয়েছে।

কমিটি নির্মাণ উপকরণ, যন্ত্রপাতি ও শ্রমের জন্য অভিন্ন মূল দর নির্ধারণের সুপারিশ করেছে। তবে অঞ্চলভেদে প্রয়োজনীয় সমন্বয় করা যাবে। দরতালিকা প্রতিবছর পর্যালোচনা করে অনলাইনে প্রকাশ এবং প্রতি তিন বছর পর পুরো দরতালিকা সংশোধনের প্রস্তাবও দিয়েছে কমিটি।

উল্লেখ্য, একটি হাসপাতাল নির্মাণ প্রকল্পে প্রতি বর্গফুটে চার হাজার ১৫২ টাকা ব্যয় প্রস্তাব নিয়ে প্রশ্ন ওঠার পর গত ১৩ মে বিশেষ কমিটি গঠন করে একনেক। এক হাজার ৩২৯ কোটি ৫৩ লাখ টাকার ওই প্রকল্পের নির্মাণ ব্যয় যৌক্তিক করতে উপকরণের দরতালিকা হালনাগাদ করে নতুন করে প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ১০ কিলোমিটার যানজট, উদ্ধারকাজ চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ১০ কিলোমিটার যানজট, উদ্ধারকাজ চলছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির কারণে সড়ক ব্যবহারকারী শত শত গাড়ি দুর্ভোগের শিকার হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে মিরসরাই উপজেলার নিজামপুর (সরকারহাট) বাজারে নাহার অ্যাগ্রোর একটি পোল্ট্রি খাদ্য বোঝায় কাভার্ডভ্যান উল্টে যাওয়ার ফলে চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। এছাড়া, সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর সদরের থানা মসজিদের সামনে দুটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার কারণে যানজট আরও বৃদ্ধি পায়।

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিজামপুর থেকে মিরসরাই সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে।

ট্রাকচালক সুজা উদ্দিন জানান, "গাজীপুর থেকে চট্টগ্রাম যাচ্ছি। যানজটে পড়ে বড়তাকিয়া এলাকায় ১ ঘণ্টা দাঁড়িয়ে আছি। কখন যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলতে পারছি না।"

এ বিষয়ে কুমিরা হাইওয়ে উপপরিদর্শক জিয়া উদ্দিন বলেন, "মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একটি গাড়ি উল্টে যাওয়ার পর কিছুটা যানজট তৈরি হয়। আমরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেছি। দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেওয়া হচ্ছে, কিছুক্ষণ পর যানজট স্বাভাবিক হয়ে যাবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%