ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত


বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

বাকৃবিতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু /

 
 
 
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরীণ সড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাদি (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কৃষি বিশ্ববিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের (কেবি স্কুল) সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত সাদি ময়মনসিংহের মুকুল নিকেতন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে নগরীর দিঘারকান্দা এলাকার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা মো. নাছির উদ্দীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।
 
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কেবি স্কুলের সামনের একটি স্পিডব্রেকারের কাছে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সাদি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের স্পিডব্রেকারটি স্বাভাবিকের তুলনায় উঁচু। এ ছাড়া এর ওপরের রং উঠে যাওয়ায় দূর থেকে সহজে বোঝা যায় না। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটির গতিও বেশি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
 
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে যান। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মীর সন্তান। সে বিশ্ববিদ্যালয় পরিবারেরই একজন। তার অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত মর্মাহত।
 
দুর্ঘটনাস্থলের স্পিডব্রেকার নিয়ে প্রক্টর জানান, বিষয়টি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখাকে জানানো হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি কমাতে স্পিডব্রেকারটি দ্রুত নিচু করার উদ্যোগ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অভিন্ন প্রশ্নপত্রে এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে দুটি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

সভা সূত্রে জানা গেছে, রুয়েটের ১ হাজার ২০০-এর বেশি আসনের বিপরীতে ১৮ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

ভর্তির আবেদন করতে প্রার্থীকে ২০২৩ অথবা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপি-১৩ থাকতে হবে। তবে প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম জিপি-৪ অর্জন করতে হবে।

জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে ‘বি’ গ্রেড থাকতে হবে। পাশাপাশি ২০২৫ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।

ভর্তি পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেবে এ জন্য গঠিত স্টিয়ারিং কমিটি।#

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহুল গাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহুল গাড়ি!

কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহুল গাড়ি! ২০১২ সালে অফিস সহকারী হিসেবে যোগ দিয়ে বর্তমানে প্রধান সহকারী; নিজ, স্ত্রী তাহমিনা খানম মিম ও পরিবারের নামে ঢাকার খিলগাঁও, ডেমরা ও নেত্রকোনায় অঢেল সম্পত্তি সরকারি চাকরির সামান্য বেতন স্কেলের কর্মচারী হয়েও অলৌকিক উপায়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন কর অঞ্চল-১২, ঢাকার কর্মচারী জনাব মাহবুব আলম। অনুসন্ধানে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত পরিচয়, চাকরির দ্রুত পদোন্নতি এবং নিজ ও স্ত্রীর নামে কেনা শতকোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের চাঞ্চল্যকর সব তথ্য।

ব্যক্তিগত পরিচয় ও দ্রুত পদোন্নতি
অনুসন্ধানী নথি সূত্রে জানা গেছে, মাহবুব আলম ১৯৮৫ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত আব্দুর রশিদ এবং মাতা আয়েশা আক্তার। তাঁর স্থায়ী ঠিকানা গ্রাম: বিশ্বনাথপুর, পোস্ট: দেওপুর, থানা ও জেলা: নেত্রকোনা। তিনি ১৭/১২/২০১২ সালে অফিস সহকারী হিসেবে কর অঞ্চল-১২, ঢাকায় যোগদান করেন। চাকরিতে যোগদানের পর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। পরবর্তীতে ২০২০ সালে তিনি উচ্চমান সহকারী পদে এবং ২০২৫ সালে প্রধান সহকারী হিসেবে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি কর অঞ্চল-১২, ঢাকার সার্কেল-২৬২ (সাভার-৩) এ কর্মরত আছেন।

মেরাদিয়ায় ২ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় মাহবুব আলম গড়ে তুলেছেন নিজ রাজপ্রাসাদ। মেরাদিয়ায় ১৮৭৩ বর্গফুটের একটি বিলাসবহুল নিজস্ব ফ্ল্যাটে তিনি পরিবার নিয়ে বসবাস করেন। অনুসন্ধানে দেখা যায়, এই ফ্ল্যাটটির মূল্য ১,৮৭,৩০,০০০/- (এক কোটি সাতাশি লাখ ত্রিশ হাজার) টাকা। এছাড়া রেজিস্ট্রেশন খরচ ২১,৬৩,৬০০/- টাকা এবং কার পার্কিং স্পেসের মূল্য ১৫,০০,০০০/- টাকা সহ ফ্ল্যাটটির সর্বমোট ক্রয়মূল্য ২,০২,৩০,০০০/- (দুই কোটি দুই লাখ ত্রিশ হাজার) টাকা ।

ডেমরা ও নিজ গ্রাম নেত্রকোনায় বিঘার পর বিঘা জমি নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, মাহবুব আলম ঢাকার ডেমরা থানার বালুঘাটপুর (খিলগাঁও) এলাকায় নিজের নামে ক্রয় করেছেন ৩ কাঠা জমি এবং স্ত্রী তাহমিনা খানম মিমের নামে ক্রয় করেছেন আরও ৩ কাঠা জমি। যার মূল দাম ৯০,০০,০০০/- টাকা এবং রেজিস্ট্রেশন খরচ ১০,৮০,০০০/- টাকাসহ মোট মূল্য ১,১০,৮০,০০০/- (এক কোটি দশ লাখ আশি হাজার) টাকা। এছাড়া তাঁর নিজ গ্রাম নেত্রকোনার বিশ্বনাথপুরে ১৩.০২ কাঠা জমি ক্রয় করেছেন, যার মূল দাম ৬৫,০০,০০০/- টাকা এবং রেজিস্ট্রেশন খরচ ৭,৮০,০০০/- টাকা সহ মোট মূল্য ৭২,৮০,০০০/- টাকা ।

কর অঞ্চল-১২ এর প্রধান সহকারী অভিযুক্ত মাহবুব আলমের বায়োডাটা ও তথ্য:
* পিতা: মৃত আব্দুর রশিদ
* মাতা: আয়েশা আক্তার
*  জন্মতারিখ : ০১/০১/১৯৮৫
* গ্রাম: বিশ্বনাথপুর, দেওপুর, নেত্রকোনা
* যোগদান: ১৭/১২/২০১২ (অফিস সহকারী)
* বর্তমান পদ: প্রধান সহকারী (সার্কেল-২৬২) স্ত্রী: তাহমিনা খানম মিম
স্ত্রীর নামে গাড়ি ও ছেলের রাজকীয় শিক্ষা মাহবুব আলম তাঁর স্ত্রী তাহমিনা খানম মিম-এর নামে ৩ কাঠা জমির পাশাপাশি ক্রয় করেছেন ঢাকা মেট্রো গ ৩৭-২৫৮৬ নম্বরের একটি বিলাসবহুল ব্যক্তিগত গাড়ি, যার বর্তমান বাজারমূল্য ৮০,০০,০০০ /- (আশি লাখ) টাকা। শুধু তা-ই নয়, তিনি তাঁর ছেলেকে পড়াশোনা করাচ্ছেন রাজধানীর অত্যন্ত ব্যয়বহুল ও অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে। যেখানে কেবল ছেলের পড়ালেখার পেছনেই তাঁর মাসিক খরচ প্রায় ২,০০,০০০/- (দুই লাখ টাকা!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত মাইকেল তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত মাইকেল তালুকদার

পটুয়াখালীর রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সম্মানিত সভাপতি নির্বাচিত হয়েছেন মাইকেল তালুকদার।
তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট মহলে আনন্দ ও শুভেচ্ছা প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, মাইকেল তালুকদারের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।
নবনির্বাচিত সভাপতি মাইকেল তালুকদারকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস

হাকিম জেফরিস যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছেন। বুধবার, মধ্যবর্তী নির্বাচনে বিশাল বিজয়ের পর ডেমোক্র্যাটরা দলের নেতা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে তার স্পিকার হওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পাচ্ছে।

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ দুই বছরে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতার নেতৃত্ব দেওয়ার জন্য অপেক্ষা করছেন জেফরিস।

মঙ্গলবার, জেফরিস তার মনোনয়নের জন্য রেকর্ডভিত্তিক ভোটের আবেদন করার কথা জানান। তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী আশা করেছিলেন যে, আনুষ্ঠানিক ভোট ছাড়াই সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচিত করা হবে।

ভোটের আগের দিন, ক্যাপিটলে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জেফরিস বলেন, "তার অভিজ্ঞতা, রাজনৈতিক কর্মকাণ্ডের রেকর্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনার সুযোগ প্রত্যেক ডেমোক্র্যাটের থাকা উচিত।"

বুধবারের ভোটে স্পিকার পদে ডেমোক্র্যাটদের প্রার্থী নির্ধারণ করা হবে। তবে, আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে, প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ ভোটে তাকে স্পিকার নির্বাচিত হতে হবে।

বুধবারের মনোনয়ন ভোটে বর্তমান ও নবনির্বাচিত—উভয় শ্রেণির ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে প্রগতিশীল নেতারাও রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ইসরাইলকে সামরিক সহায়তা প্রদান থেকে শুরু করে রাজনীতিতে অর্থের প্রভাব—বিভিন্ন বিষয়ে জেফরিসের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করছেন তারা।

জেফরিস এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা সমর্থন আরও সুসংহত করতে কাজ করে যাচ্ছেন।

একই সঙ্গে, রিপাবলিকানদের বড় পরাজয়ের পর দেশ পরিচালনায় দলের পরিকল্পনার দিকে মনোযোগ ফেরানোর চেষ্টা করছেন জেফরিস। ইরান যুদ্ধ এবং জ্বালানির আকাশচুম্বী দাম নিয়ে জনঅসন্তোষের কারণে রিপাবলিকানরা বড় ধরনের নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, "রিপাবলিকানদের অর্থনৈতিক পরিস্থিতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা প্রথম দিন থেকেই এই পরিস্থিতি বদলাতে প্রতিশ্রুতিবদ্ধ।"

ব্রুকলিনে বেড়ে ওঠা

ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় বেড়ে ওঠা জেফরিস আইন বিষয়ে পড়াশোনা করেন। ২০০৭ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় যোগ দেন তিনি এবং ২০১২ সালে কংগ্রেস সদস্য নির্বাচিত হন।

সংযত আচরণ, তীক্ষè বক্তব্য এবং হিপহপ শিল্পীদের উদ্ধৃতি দেওয়ার প্রবণতার জন্য পরিচিত জেফরিস। ২০২২ সালে ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হয়ে ডেমোক্র্যাটদের নেতা নির্বাচিত হন। এর ফলে, কংগ্রেসের দুই কক্ষের যেকোনো একটিতে কোনো দলের নেতৃত্ব দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ রাজনীতিক হওয়ার ইতিহাস গড়েন তিনি।

২০২০ সালে ট্রাম্পের প্রথম অভিশংসন বিচারেও প্রতিনিধি পরিষদের কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

স্পিকার নির্বাচিত হলে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হবে।

তবে, মধ্যপন্থী এবং ক্রমেই প্রভাবশালী হয়ে ওঠা বামপন্থীদের নিয়ে গঠিত ডেমোক্র্যাট জোটকে ঐক্যবদ্ধ রাখা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।

ডেমোক্র্যাটরা ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।

প্রতিনিধি পরিষদে তুলনামূলক সহজ নেতৃত্ব নির্বাচনের চিত্রের বিপরীতে, সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। সেখানে দলের দীর্ঘদিনের নেতা চাক শুমারের প্রতিদ্বন্দ্বী হয়েছেন মেরিল্যান্ডের প্রগতিশীল সিনেটর ক্রিস ভ্যান হলেন।

বার্নি স্যান্ডার্সসহ বামপন্থী রাজনীতির প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন পেয়েছেন ভ্যান হলেন। তবে, তিনি নিজেকে এ প্রতিযোগিতায় পিছিয়ে থাকা প্রার্থী হিসেবেই দেখছেন।

ডিসেম্বরের শুরুতে সিনেট ডেমোক্র্যাটরা তাদের নেতা নির্বাচন করবেন।

এদিকে, রিপাবলিকানরা গত সপ্তাহেই কংগ্রেসে নিজেদের নেতা নির্বাচন করেছে।

প্রতিনিধি পরিষদে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জিম জর্ডানকে নেতৃত্বে এনেছে দলটি। আর সিনেটে জন থুনকে পুনরায় নেতা হিসেবে রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%