১০:৩৫ এম
জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ কলার হাটে প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয়ে থাকে। ভোরের আলো ফোটার সাথে সাথে কৃষক ও ব্যবসায়ীদের ব্যস্ততা শুরু হয় এ হাটে। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে কৃষকেরা কলা নিয়ে আসেন। পাইকারি ব্যবসায়ীরা এসব কলা কিনে ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। প্রতিদিন ৪০ থেকে ৫০টি ট্রাকের মাধ্যমে এসব কলা দেশের বিভিন্ন বাজারে চলে যায়। তবে, বেচাকেনার পরিধি বাড়লেও হাটের সুযোগ-সুবিধা বাড়েনি। সংকীর্ণ জায়গায় যানবাহন প্রবেশ, কলা ওঠানো-নামানো ও পরিবহনে ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন। অন্যদিকে, কলার দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে কৃষকরা হিমশিম খাচ্ছেন।
সরেজমিনে হাট পরিদর্শন করে দেখা যায়, সকাল হতেই হাটজুড়ে শুরু হয় ব্যস্ততা। কোথাও সারি সারি কলার স্তূপ, কোথাও দরদাম চলছে, আবার কোথাও ট্রাকে কলা বোঝাইয়ের প্রস্তুতি চলছে। কৃষকেরা কেউ কাঁচা কলা নিয়ে এসেছেন, কেউ বিক্রির উপযোগী পাকা কলা নিয়ে এসেছেন। এ হাটে কলা বিক্রি হয় প্রতি ১০০ পিস হিসেবে। স্থানীয় পাইকার ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা এসব কলা কিনে ট্রাক, পিকআপ ও অন্যান্য যানবাহনে করে নিয়ে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুর্গাদহের কলা ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যায়। এ বাজারকে কেন্দ্র করে শুধু কৃষক ও ব্যবসায়ীরাই নয়, শ্রমিক, পরিবহনচালক, কলা ওঠানো-নামানোর কর্মী ও আড়তদারদের জীবনযাত্রা নির্ভর করছে।
আরও পড়ুন: উত্তরবঙ্গে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠার উদ্যোগ
তবে, বাজারে কলার সরবরাহ ও বেচাকেনা বাড়লেও সব সময় প্রত্যাশিত দাম কৃষকেরা পাচ্ছেন না। কয়েক দিন বা সপ্তাহের ব্যবধানে দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বাদ দিয়ে তাদের লাভের পরিমাণ কমে যাচ্ছে।
সদর উপজেলার বড় মাঝিপাড়ার কৃষক অহিদুল ইসলাম জানান, ১০ দিন আগে প্রতি ১০০ পিস কলা ৪০০ টাকায় বিক্রি করেছেন। বর্তমানে সেই কলাই বিক্রি করতে হচ্ছে ২৫০ টাকায়। হাটে কলা নিয়ে এলেও প্রত্যাশা অনুযায়ী পাইকার পাওয়া যাচ্ছে না। এতে উৎপাদন খরচ তুলতে কৃষকরা হিমশিম খাচ্ছেন।
সদর উপজেলার পাকুড়তলি গ্রামের আমজাদ হোসেন জানান, ২৫ বিঘা জমি বর্গা নিয়ে কলা চাষ করছেন তিনি। জমি বর্গা ও উৎপাদন খরচ বাবদ প্রতি বিঘায় তার ব্যয় হয়েছে ৬০ হাজার টাকা। এখন পর্যন্ত প্রায় দুই লাখ টাকার কলা বিক্রি করেছেন।
আরও পড়ুন: রাজবাড়ীতে টানা বৃষ্টিতে ধান ক্ষেত তলিয়ে গেল
অন্যদিকে, হাটের জায়গা সংকীর্ণ হওয়ায় কলা পরিবহনেও ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। নওগাঁর বদলগাছী উপজেলার নালুকাবাড়ি গ্রামের নিরঞ্জন চন্দ্র জানান, উত্তরাঞ্চলের অন্যতম বড় কলার হাট দুর্গাদহ। দূরদূরান্ত থেকে পাইকারেরা কলা কিনতে আসেন। কিন্তু হাটের জায়গা ছোট হওয়ায় ট্রাক, ভটভটি ও পিকআপ ঠিকমতো প্রবেশ করতে পারে না। এতে কলা ওঠানো-নামানো ও পরিবহনে সময় নষ্ট হয়। হাটের জায়গা সম্প্রসারণ এবং যানবাহন চলাচলের উপযোগী ব্যবস্থা করা হলে ব্যবসা আরও বাড়বে।
স্থানীয় কলা ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, ভোরে কৃষকদের বাগান থেকে কলা কিনে দুর্গাদহ হাটে আনা হয়। প্রতিদিন এ বাজার থেকে ৪০ থেকে ৫০টি ট্রাকে কলা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।
প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হলেও সেই তুলনায় হাটের সুযোগ-সুবিধা বাড়েনি। ব্যবসার পরিধি বাড়লেও অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।
আরেক ব্যবসায়ী বেলাল হোসেন জানান, এ হাটে সাগর, মালভোগ ও চিনি চম্পা জাতের কলা বেচাকেনা হয়। এর মধ্যে চম্পা কলার আমদানি সবচেয়ে বেশি।
আরও পড়ুন: আটঘরিয়ায় মাঠজুড়ে পাকা ধান, হঠাৎ বৃষ্টিতে কৃষকের কপালে ভাঁজ
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর জয়পুরহাট জেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। ফলন ভালো হওয়া এবং তুলনামূলক লাভের সম্ভাবনা থাকায় জেলায় কলা চাষের পরিধি বাড়ছে। এ ক্ষেত্রে দুর্গাদহ কলার হাট স্থানীয় কৃষিপণ্য বিপণনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার জানান, চলতি বছর জেলায় কলার ফলন ভালো হয়েছে। লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে কলা চাষের আগ্রহ বাড়ছে। দুর্গাদহে কলার হাট গড়ে ওঠায় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সহজে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষাবাদে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
জয়পুরহাটের কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান জানান, কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা দুর্গাদহ কলার হাটের বাণিজ্যিক সম্ভাবনা দিন দিন বাড়ছে। তার হিসাবে, প্রতিদিন এ হাটে গড়ে ৪৮ থেকে ৫০ লাখ টাকার কলা কেনাবেচা হয়। এ বাণিজ্য ঘিরে পরিবহন, শ্রমিক ও আড়তদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। তবে এত বড় বাণিজ্যিক কর্মকাণ্ডের বিপরীতে হাটের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় ভোগান্তি বাড়ছে।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে আকভানের প্রভাবে ১৮ হাজার হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন