০৮:৪১ পি.এম
রাজধানীর সূত্রাপুর এলাকায় কবি নজরুল সরকারি কলেজের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জাহাঙ্গীর ইসলাম (৪৫) আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এই বিস্ফোরণটি ঘটে। আহত অবস্থায় জাহাঙ্গীর ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জাহাঙ্গীর ইসলাম বরিশাল জেলার আব্দুল আজিজ আকন্দের পুত্র। তিনি পুরান ঢাকার লালবাগ সমাজকল্যাণ গলির একটি ভাড়া বাসায় তার পরিবারের সঙ্গে বসবাস করেন।
আরও পড়ুন: বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস ফেডারেশনের সভাপতি মিরাজ, সম্পাদক ইনান
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন দুষ্কৃতকারী কলেজের সামনে ককটেল নিক্ষেপ করে। এই হামলার ফলে জাহাঙ্গীর ইসলাম আহত হন।
হাসপাতালে নিয়ে যাওয়া জাহাঙ্গীর ইসলামের সঙ্গে থাকা আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সূত্রাপুর থানার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলার সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি চোখে ও মাথায় আঘাত পেয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর মাথায় ও চোখে আঘাত পেয়েছেন এবং তাকে ভর্তি করা হয়েছে।
সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন্স) সুমন চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: কথায় নয়, কাজে বিশ্বাসী বর্তমান দুদক কমিশন: চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন