০৫:৩২ এম
বগুড়ার ধুনট উপজেলায় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নেওয়া সাতটি গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে থমকে গেছে। যদিও কাজের অগ্রগতি ৭৫ শতাংশ, তবে দীর্ঘ সময় ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। ফলে, কয়েকটি গ্রামের হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। কৃষিপণ্য পরিবহন এবং স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ধুনট উপজেলায় সাতটি সড়ক উন্নয়নকাজ শুরু হয়। এসব কাজের চুক্তিমূল্য প্রায় ৫ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চৌকিবাড়ি হয়ে সোনামুখী-নয়া চান্দিয়াড় সড়ক, ঈশ্বরঘাট হয়ে কান্তনগর-বেড়েরবাড়ী ঘাট সড়ক, বেড়েরবাড়ী গ্রামের সড়ক, বুড়িরভিটা স্কুল হয়ে বিলচাপড়ী ঘাট-বেড়েরবাড়ী সড়ক, রুদ্রবাড়িয়া-সাগাটিয়া সড়ক এবং বড়িয়া পাকা সড়ক থেকে নদীর ঘাট সড়ক। প্রকল্পের অগ্রগতি প্রতিবেদনে প্রতিটি সড়কের ভৌত অগ্রগতি ৭৫ শতাংশ উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ
স্থানীয়দের অভিযোগ, সড়কগুলোর উন্নয়নকাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকায় চলাচলে দুর্ভোগ বেড়েছে। কোথাও কোথাও সড়কের আংশিক নির্মাণকাজের কারণে গর্ত সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। কৃষিপণ্য পরিবহনেও বাড়তি সময় ও খরচ গুনতে হচ্ছে।
ঠিকাদারদের মতে, রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম অস্বাভাবিক বেড়েছে। কার্যাদেশ দেওয়ার সময় নির্ধারিত রেট শিডিউল অনুযায়ী কাজ নেওয়া হলেও বর্তমান বাজারদরে নির্মাণকাজ শেষ করা কঠিন হয়ে পড়েছে। এই কারণে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা।
এ বিষয়ে ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন জানান, প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ঠিকাদারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।
আরও পড়ুন: তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন