১০:২৯ এম
ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গাজীপুর বর্তমানে শান্ত রয়েছে এবং এই শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে পুলিশ, শ্রমিক, মালিক, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ সবাই একত্রে প্রতিরোধ গড়বে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় পরিদর্শনকালে এক সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।
ডিআইজি আরও বলেন, আমাদের পুলিশের কিছু সদস্য আহত হলেও আমরা শিল্প ও শ্রম সেক্টরে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছি। শ্রমিক ভাই-বোনেরা আহত হোক, এমনটি আমরা চাই না। সরকার এবং পুলিশ প্রশাসন তাদের যৌক্তিক দাবির প্রতি অত্যন্ত সহানুভূতিশীল রয়েছে। তবে সেই আবেগকে কাজে লাগিয়ে একটি চক্রান্তকারী পক্ষ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন: কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে দুই ক্যাটাগরিতে সম্মাননা পেল মেধাবী শিক্ষার্থী প্রীতি
দেশের অর্থনীতিতে পোশাক শ্রমিকদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শ্রমিকরা দিনরাত কাজ করে বলেই আমাদের রপ্তানিমুখী পণ্য বিদেশে যাচ্ছে এবং দেশ বৈদেশিক মুদ্রা ও রেমিট্যান্স অর্জন করতে সক্ষম হচ্ছে। তাই শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কাজের পরিবেশ শান্ত রাখা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।
আন্দোলনের নামে সহিংসতা প্রতিহত করার আহ্বান জানিয়ে ডিআইজি মোস্তাফিজুর রহমান শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, কারখানা ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা পথঘাট অবরোধ করা কোনো প্রকৃত শ্রমিকের আন্দোলন হতে পারে না। এসব কর্মকাণ্ড শ্রম খাতের মারাত্মক ক্ষতি করছে। যারা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত, তারা কখনোই শ্রমিকের বন্ধু হতে পারে না।
গাজীপুরের শিল্পাঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তিনি কেবল পুলিশ নয়, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সরাসরি এই শ্রম খাতের ওপর নির্ভরশীল। তাই এই অশুভ তৎপরতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সবার দায়িত্ব। পুলিশ, মালিক, শ্রমিক এবং সাধারণ জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কেউ অশান্ত পরিবেশ তৈরি করতে পারবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শন ও ব্রিফিংকালে অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার জসিম উদ্দিন, কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম এবং কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলামসহ জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রিন্সিপাল ইলিয়াছ নুরীকে হত্যার হুমকি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন