১২:০৭ পি.এম
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ এখনও গড়ে ওঠেনি। এই পরিবেশ তৈরি করা সহজ হবে না। একইসঙ্গে কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা আবশ্যক।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমানের সঙ্গে বৈঠকে এসব তথ্য তুলে ধরেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে বাংলাদেশে এসেছেন জুলি বিশপ। সফরের অংশ হিসেবে ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব, পররাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক ও আলোচনা করেছেন তিনি। এরপর কক্সবাজারে এসে তার সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুন: ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে অগ্নিসংযোগ, জামায়াত আমিরের উদ্বেগজনক খোঁজ
মো. মিজানুর রহমান আরও জানান, জুলি বিশপ রোহিঙ্গা শিবিরে বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি জানান, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য অনুকূল নয়। এ সময় শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উখিয়ার কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন জুলি বিশপ ও তার সফরসঙ্গীরা। এ সময় তারা রোহিঙ্গাদের সুরক্ষা, শিক্ষা, জীবিকায়ন, নারীদের পরিস্থিতি ও মানবিক সহায়তা কার্যক্রমের খোঁজ নেন।
সফরের শুরুতে প্রতিনিধি দলটি ক্যাম্প-৪-এর একটি শিক্ষা কেন্দ্র পরিদর্শন করে। পরে ভূমিধস প্রতিরোধ ও স্থিতিশীলতা কার্যক্রম পরিচালিত এলাকা ঘুরে দেখে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেয়।
এরপর ক্যাম্প-১৭-তে রোহিঙ্গাদের সঙ্গে সুরক্ষাবিষয়ক একটি গোলটেবিল আলোচনায় অংশ নেন জুলি বিশপ। আলোচনায় নতুন করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সমস্যা, সুরক্ষার চ্যালেঞ্জ ও নাগরিক পরিসর-সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পায়।
আরও পড়ুন: ঢাকা-পাবনা ট্রেন চলাচল শুরু, ৮০ বছরের অপেক্ষার অবসান
প্রতিনিধি দলটি ক্যাম্প-২০-তে সাবান উৎপাদনভিত্তিক জীবিকায়ন কার্যক্রমের একটি পরীক্ষামূলক প্রকল্প পরিদর্শন করে। ক্যাম্প-২ই-তে নারীদের মাসিক স্বাস্থ্যবিধি ও এ-সংক্রান্ত জীবিকায়ন কার্যক্রম ঘুরে দেখে।
এ ছাড়া ক্যাম্প-২ ডব্লিউতে একটি নারী কেন্দ্র পরিদর্শন করে রোহিঙ্গা নারীদের সঙ্গে দলগত আলোচনায় অংশ নেয় প্রতিনিধি দলটি। সেখানে নারীদের অভিজ্ঞতা, প্রয়োজন ও বিভিন্ন চ্যালেঞ্জের বিষয় উঠে আসে।
জুলি বিশপের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন: বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোরে-স্মেরেজনিয়াক, বাংলাদেশে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত প্রতিনিধি জুলিয়েট মুরেকেইসনি, মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের কার্যালয়ের রাজনৈতিক বিষয়ক কর্মকর্তা ডানকান উইলসন এবং সহযোগী জনসংযোগ কর্মকর্তা পায়ে থেট চায়েল।
ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজার শহরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক করেন জুলি বিশপ ও তার সফরসঙ্গীরা।
আরও পড়ুন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান কাল ৬ দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন