০৬:৪৪ পি.এম
গাইবান্ধায় ৪০ গ্রাম গাঁজাসহ সবুজ আকন্দ (৩২) নামে এক যুবককে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় বাড়ির আঙিনা থেকে দুটি গাঁজার গাছ, গাঁজা সেবনের সরঞ্জাম, গাঁজা মাপার যন্ত্র, এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার রাত পৌনে ২টার সময় সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বউলেরপাড়া এলাকা থেকে গাঁজাসহ যুবককে গ্রেপ্তার করা হয়। বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বউলেরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। তখন সাদেকুল ইসলাম সাদেকের বসতবাড়ির শয়নকক্ষ থেকে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের সময় সবুজ আকন্দকে আটক করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির কোচর থেকে ৪০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
এরপর সবুজকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সাদেক দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত এবং মাদক সেবনের যোগানদাতা হিসেবে কাজ করে। গোপন তথ্যের ভিত্তিতে সবুজের দেখানো মতে সাদেকের বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ, গাঁজা সেবনের সরঞ্জাম, গাঁজা মাপার যন্ত্র, এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব বলেন, গ্রেপ্তার সবুজের বিরুদ্ধে আগেও তিনটি মাদক মামলা এবং পলাতক সাদেকের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে। তিনি জানান যে, এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক সাদেককে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: কাউখালীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন