১২:০৫ এম
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এসএম ফয়সল কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে, বিএনপির নাম ব্যবহার করে যদি কেউ জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও দখলবাজি করে, তাহলে দল তার দায় নেবে না। তিনি উল্লেখ করেছেন, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি রোববার (৪ অক্টোবর) বিকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নের মৌজপুর সাহেববাড়ি মাদ্রাসা মাঠে আয়োজিত একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।
এমপি ফয়সল বর্তমান সরকারের উন্নয়ন ও সুশাসনের বিষয় তুলে ধরে বলেন, বিএনপি সরকার আইনশৃঙ্খলা রক্ষায় বিশ্বাসী এবং জনগণের কাছে দায়বদ্ধ। তিনি জানান, অপরাধীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। সরকারি কাজে এখন কোনো কারচুপি নেই; সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে।
আরও পড়ুন: ‘এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ’
বিশ্বজুড়ে যুদ্ধ ও সংঘাতের কারণে দেশে তেল-গ্যাসসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে উল্লেখ করে এমপি ফয়সল বলেন, এসব সংকট সমাধানে সরকার নিরলসভাবে কাজ করছে। জনগণের কষ্ট লাঘবে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সম্প্রতি এক নারী নেত্রীকে সংসদ সদস্য পদ হারাতে হয়েছে। তাই দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
৪নং আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মীর খুরশেদ আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন— মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, মাধবপুর পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, প্রচার সম্পাদক ফজলুল রহমান (বুলেট) প্রমুখ।
জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: হাসিনা এখন লাশের অপেক্ষায়, ফেসবুক পোস্টে মন্তব্য: সোহেল তাজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন