০৭:৫৪ পি.এম
কুমিল্লা সদর উপজেলার কমলাপুর গ্রামে হেলিকপ্টারে চড়ে পরিবারের সদস্যদের নিয়ে ফিরছেন মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান মাসুম। তার এই ব্যতিক্রমী আগমনে এলাকাবাসী আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে।
দূর আকাশ থেকে হেলিকপ্টারের শব্দ শোনা মাত্রই গ্রামে কৌতূহল ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। প্রিয় মানুষটিকে একনজর দেখার জন্য আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীসহ বিভিন্ন বয়সের মানুষ দূরদূরান্ত থেকে ছুটে আসেন। কারও চোখে বিস্ময়, কারও মুখে হাসি, আবার কারও মনে দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পাওয়ার আনন্দ।
মনিরুজ্জামান মাসুম কুমিল্লা সদর উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা। তিনি মালয়েশিয়ায় ব্যবসা পরিচালনার পাশাপাশি ‘মাসুম গোল্ডেন রোজ’ ও ‘মারুফ গোল্ডেন রোজ’ নামের দুটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসে ব্যস্ত থাকলেও নাড়ির টান তাকে বারবার ফিরিয়ে আনে জন্মভূমির কাছে।
আরও পড়ুন: নিউইয়র্কে নতুন অভিবাসীদের কম্পিউটার ও চাকরির প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশি কমিউনিটি
জানা যায়, মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেন। তার খালামনি ও খালাতো বোন আমেরিকা থেকে আসার অপেক্ষায় ছিলেন। পরে তাদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে প্রিয় জন্মভূমি কমলাপুরের উদ্দেশ্যে রওনা হন।
গ্রামে হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই সেখানে মানুষের ঢল নামে। জীবনে প্রথমবারের মতো গ্রামের কোনো প্রবাসীকে হেলিকপ্টারে বাড়ি ফিরতে দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস দেখা দেয়। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এই ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হতে ছুটে আসেন। অনেকের কাছে এটি ছিল জীবনের এক নতুন অভিজ্ঞতা, আবার অনেকের কাছে আনন্দের একটি অবিস্মরণীয় মুহূর্ত।
এদিকে, মনিরুজ্জামান মাসুমের আগমনে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর প্রিয়জনদের একসঙ্গে কাছে পাওয়া এবং পরিবারের সদস্যদের নিয়ে একই আকাশযাত্রায় জন্মভূমিতে ফেরা—সব মিলিয়ে তাদের আনন্দ ছিল বাঁধভাঙা।
ছোট বোন তানিয়া আক্তার বলেন, ভাইয়ের এমন ব্যতিক্রমী আগমনে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বাড়ি ফেরার এই মুহূর্ত তাদের কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন: মালদ্বীপে দুর্ঘটনায় গুরুতর আহতের খোঁজ নিলেন বাংলাদেশের হাইকমিশনার
স্থানীয়দের মতে, প্রবাসে থেকেও জন্মভূমি ও আপনজনদের প্রতি ভালোবাসার যে টান, মনিরুজ্জামান মাসুমের এই আগমন যেন তারই এক অনন্য বহিঃপ্রকাশ। গ্রামের মানুষের কাছে এমন দৃশ্য ছিল একেবারেই নতুন। তাই তার আগমনকে কেন্দ্র করে ছোট-বড় সবার মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন