ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে স্বাভাবিকতা ফেরাতে কমেছে বন্ধ কারখানার সংখ্যা


সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে স্বাভাবিকতা ফেরাতে কমেছে বন্ধ কারখানার সংখ্যা

পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবির প্রেক্ষিতে টানা আন্দোলন, বিক্ষোভ ও শ্রমিক অসন্তোষের পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। শনিবার (২৮ নভেম্বর) সকালে সপ্তাহের প্রথম কর্মদিবসে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। একই সঙ্গে, বিভিন্ন কারণে বন্ধ থাকা কারখানার সংখ্যা কমে এসেছে।

শিল্পাঞ্চল-১ পুলিশের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারাসহ বিভিন্ন কারণে মোট ৪৫টি কারখানা বন্ধ ছিল। শনিবার সেই সংখ্যা ১৫টিতে নেমে এসেছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ১২টি, সাধারণ ছুটিতে দুটি এবং অন্যান্য কারণে একটি কারখানা বন্ধ রয়েছে।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি, বিক্ষোভ কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাভারের হেমায়েতপুর, উলাইল, রেডিও কলোনি এবং আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, বাইপাইলসহ বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের স্বাভাবিকভাবে কর্মস্থলে যেতে দেখা গেছে। নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। অধিকাংশ কারখানায় স্বাভাবিক নিয়মে উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। কর্মস্থলে ফেরা শ্রমিকদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

আরও পড়ুন: শাহজাদপুরে দেশীয় অস্ত্র প্রদর্শন করে পুলিশের কাজে বাধার অভিযোগ নলুয়ায় দফায় দফায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫

শ্রমিকদের মতে, আগের কয়েক দিনের তুলনায় শিল্পাঞ্চলের পরিবেশ অনেকটাই শান্ত। নির্বিঘ্নে কাজ করতে পারায় তারা স্বস্তি প্রকাশ করছেন। তবে, কর্মপরিবেশ স্বাভাবিক রাখার পাশাপাশি নিয়মিত বেতন-ভাতা পরিশোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এদিকে, শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার আশপাশ ও বিভিন্ন শিল্প এলাকায় পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যাচ্ছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনি আশা প্রকাশ করেন, শিল্পাঞ্চলের এই শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক কর্মপরিবেশ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: সুনামগঞ্জের মধ্যনগরে পূর্ব বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ২৬ জন আহত

অন্যদিকে, দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার পরিস্থিতি কাটিয়ে শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে শিল্পের স্থিতিশীলতা ধরে রাখতে শ্রমিকদের ন্যায্য দাবি, বেতন-ভাতা পরিশোধ এবং মালিক-শ্রমিকের মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগর গাছের চাষে কোটি টাকার কৃষিশিল্পে রাঙ্গামাটির বাঘাইছড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


আগর গাছের চাষে কোটি টাকার কৃষিশিল্পে রাঙ্গামাটির বাঘাইছড়ি

জসিম উদ্দিন

রাঙ্গামাটি, ২৮ নভেম্বর, ২০২৬ : রাঙ্গামাটির উপজেলা বাঘাইছড়ির পাহাড়ি জনপদে সুগন্ধি আগরের বাণিজ্যিক চাষের মাধ্যমে পরিবর্তন আসছে। স্থানীয় বাগানগুলোতে প্রায় ৩ কোটির অধিক আগরগাছ বৃদ্ধি পাচ্ছে।

এগুলোর কাঁচামাল উৎপাদন ছাড়াই বর্তমানে বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা। দেশের বাজারের পাশাপাশি, পাহাড়ে উৎপাদিত আগরের সুগন্ধ ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। নিয়মিত রপ্তানি হচ্ছে মালয়েশিয়া, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে। মাটি ও আবহাওয়ার অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে আগর চাষ এখন পাহাড়ের লাখো কোটি টাকার সম্ভাবনাময় কৃষিশিল্পে পরিণত হচ্ছে।

স্থানীয়ভাবে আধুনিক প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, বাজার ব্যবস্থাপনা, প্রশিক্ষণ এবং পুঁজির সংকট নিরসন হলে খাতটি পার্বত্য অঞ্চলের সবচেয়ে লাভজনক অর্থকরী শিল্পে রূপান্তরিত হতে পারে। দেশের পার্বত্য চট্টগ্রামে বিপুল সম্ভাবনাময় এই আগর চাষের বৃদ্ধির ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং আমদানিনির্ভরতা কমবে। স্থানীয় ও জাতীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে। এজন্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে আগরের বাণিজ্য সম্প্রসারণে সরকারি-বেসরকারি বিশেষায়িত পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। লাখো কোটি টাকার এই বাণিজ্যিক খাতটির প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রয়েছে।

৮ থেকে ১২ বছর বয়সী রোগ বালাইশূন্য আগরগাছগুলোতে প্রাকৃতিক ও কৃত্রিমভাবে কালো রঙের বিশেষ ছত্রাকের সংক্রমণ থেকে আতর তেল উৎপাদিত হয়। এই তেল সুগন্ধি আতর, আগরবাতি, পারফিউম, তেল, লোশন ও ভেষজ ওষুধে ব্যবহৃত হয়। বিশেষ প্রক্রিয়ায় উৎপাদিত এসব আতর স্থানীয় বাজারে প্রতি তোলা (এক তোলা - ১১.৬২ গ্রাম) মানভেদে ৬ থেকে ১২ হাজার টাকায় বিক্রি হয়। পরিপক্ষ গাছের দাম পাঁচ থেকে সাত লাখ টাকার মধ্যে বিক্রি হয়। তবে স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা সীমিত হওয়ায় কাঁচামাল সিলেটে যাচ্ছে। সেখান থেকেই নিয়মিত রপ্তানি হচ্ছে ইউরোপসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সম্প্রতি বাঘাইছড়ি উপজেলার কয়েকটি গ্রাম পরিদর্শন করে আগরবাগানি, শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার মাধ্যমে এসব তথ্য পাওয়া গেছে।

আগরশিল্পের প্রসারে আধুনিক প্রশিক্ষণ, স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি স্থাপন ও সহজশর্তে ঋণপ্রাপ্তির দাবি জানিয়েছেন চাষিরা। বাঘাইছড়ি ১ নম্বর রাবারবাগান এলাকার আগর বাগানি সুমতি চাকমার বাড়ির একটি খোলা কক্ষে শ্রমিকরা কাজ করছিলেন। মূলত দা দিয়ে চেঁছে টুকরা গাছের মাঝের কালো অংশটিই তারা সংগ্রহ করেন। শ্রমিক সুকেন্দু চাকমা ও পলাশ চাকমা জানান, "সারা দিনে ১০ থেকে ১২ জনে মিলে এক বস্তা আগর কাঠ সংগ্রহ করা যায়। বড় গাছ হলে দেড় বস্তাও হয়।" বাগানি সুমতি চাকমা বলেন, "এই এলাকায় ৩ কোটি গাছের স্থানীয় বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার কোটি টাকা।"

আগরগাছে প্রাকৃতিক ও কৃত্রিমভাবে কালো রঙের বিশেষ ছত্রাকের সংক্রমণ থেকে উৎপাদিত হয় আতর তেল। উৎপাদিত আতর স্থানীয় বাজারে প্রতি তোলা মানভেদে ৬ থেকে ১২ হাজার টাকায় বিক্রি হয়। এসব বাগানে তিন কোটির বেশি আগরগাছ রয়েছে। কিন্তু আগর তেল সংগ্রহ করার প্রযুক্তি কম। বাধ্য হয়েই প্রস্তুত করা আগর কাঠ সিলেটের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিতে হয়। মানভেদে বস্তাপ্রতি ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দাম পাওয়া যায়। আর বয়স্ক গাছ বিক্রি হয় পাঁচ থেকে সাত লাখ টাকার মধ্যে।

সিলেটের বিয়ানীবাজার এলাকা থেকে আগর কিনতে আসা ব্যবসায়ী মো. আরিফ বলেন, "এখানকার আতর খুবই ভালো। স্থানীয়ভাবে প্রতি তোলা মানভেদে ৩ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হয়। এই আতর বাইরের দেশে যায়। সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, ইউরোপ। বেশি যায় আরব দেশে, সেখানে দাম কয়েক গুণ বেশি।"

বাঘাইছড়ির তুলাবন এলাকার বাসিন্দা সুমন চাকমা ২০১২ সালে সিলেটে বেড়াতে গিয়ে আগর চাষে উদ্বুদ্ধ হন। বাড়িতে আগর উৎপাদন করতে ১৪ লাখ টাকায় ছয়টি চুলা বসিয়েছেন। তিনি বলেন, "সরকার জরিপ করেছে তিন কোটির ওপরে গাছ আছে শুধু বাঘাইছড়িতে। পাশের এলাকাতেও এমন বাগান আছে। অনেকেই আগ্রহী হচ্ছে। কিন্তু পুঁজির সংকট। সরকারের কাছ থেকে সহজশর্তে ঋণ সহযোগিতা, প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি স্থাপন ও আধুনিক প্রশিক্ষণ দরকার। এতে আরো ব্যাপকভাবে চাষাবাদ বাড়বে। কর্মসংস্থানও বাড়বে।"

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তথ্য কর্মকর্তা ডজী ত্রিপুরা বাসসকে জানান, আগর চাষের বিষয়টি তাদের নজরে এসেছে। তিনি বলেন, "পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যেটা পরিবেশের জন্য ভালো এবং মানুষের উপকার হয় সে ধরনের প্রজেক্ট আমরা গ্রহণ করি। জনগণ আরো উৎসাহী হলে আমরা অবশ্যই একটা পরিকল্পনা গ্রহণ করতে পারি।"

"পার্বত্যাঞ্চলের ভূমির প্রকৃতি বনায়নের জন্য উপযোগী হওয়ায় স্থানীয় বাসিন্দাদের অংশীদারি দিয়ে এরই মধ্যে বন বিভাগ ১৩ লাখ আগরগাছ রোপণ করেছে।" রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার বাসসকে বলেন, "পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার ভূমির প্রকৃতি পুরোটাই বনায়নের জন্য উপযুক্ত। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত তিন বছরে আগর বনায়নের একটি প্রকল্পের আওতায় ৫১৮ হেক্টর জমিতে স্থানীয় বাসিন্দাদের অংশীদারি দিয়ে বনায়ন করেছে বন বিভাগ।"

এদিকে, পার্বত্য অঞ্চলে আগর শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু বাসসকে বলেন, "রাঙ্গামাটি জেলায় যারা আগর চাষ করছেন তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এই আগর চাষ সবুজায়নেও ভূমিকা রাখছে। আগরের বাজারজাত করণের উদ্যোগে নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৫

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫ জন হামে আক্রান্ত হয়েছেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্তের সংখ্যা ৯৬১ জন। ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৪ জন, আর ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা ২৬ হাজার ৬০৮ জন।

১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।

গত ২৪ ঘণ্টায় আটজনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু ঘটেনি এবং ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৬ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ৯৪৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ ৪২৫ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, চট্টগ্রামে ১৮৯ জন, খুলনায় ১১২ জন, রাজশাহীতে ৫৮ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ৩৩ জন এবং সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন ৪ হাজার ৪৬৪ জন। হাসপাতাল থেকে মোট ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জনে পৌঁছেছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৩০ জনের।

চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা বিভাগে চলতি বছরে সবচেয়ে বেশি ২৬৮ জনের মৃত্যু হয়েছে। এরপর খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রামে ৫৩ জন, ময়মনসিংহে ৪৪ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির মহাসমাবেশে মানুষের ঢল নামবে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


বিএনপির মহাসমাবেশে মানুষের ঢল নামবে: রিজভী

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করবে- এ কথা জানিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আশাবাদ প্রকাশ করেছেন যে, ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া মহাসমাবেশে মানুষের ঢল নামবে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের শীর্ষ নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল। এ সময় তিনি এসব মন্তব্য করেন।

এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব উল্লেখ করেন, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বিএনপি নানা কর্মসূচি পালন করবে। এর ধারাবাহিকতায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি বার্তা প্রদান করবেন।

বিএনপির এই মহাসমাবেশে মানুষের ঢল নামবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ১ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন দলের শীর্ষ নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%