১০:৪৬ পি.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য উচ্চগতির ইন্টারনেট সুবিধা প্রদান করতে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) পাঁচটি স্থানে স্টারলিংক সংযোগ চালু করেছে। তবে, এই তালিকায় উল্লেখযোগ্য একাডেমিক ভবন শহীদ সাজিদ ভবন অন্তর্ভুক্ত হয়নি। শহীদ সাজিদ ভবনের শিক্ষার্থীরা স্টারলিংকের সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় এ নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জকসুর সংশ্লিষ্ট প্রতিনিধিরা তাদের পরিকল্পনা ও ব্যয়ের সীমাবদ্ধতা তুলে ধরেছেন।
জকসুর কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান জানিয়েছেন, তাদের পরিকল্পনা ছিল ক্যাম্পাসের উন্মুক্ত স্থানগুলোতে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা। শিক্ষার্থীরা যেন বিভিন্ন ভবনের বাইরে খোলা জায়গায় বসে নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যেই পাঁচটি স্থানে সংযোগ স্থাপন করা হয়েছে। এই স্থানের মধ্যে রয়েছে রফিক ভবন, অবকাশ ভবন, বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং কলা ভবনসংলগ্ন উন্মুক্ত এলাকা।
শহীদ সাজিদ ভবনসহ অন্যান্য স্থানে সংযোগ না দেওয়ার কারণ হিসেবে আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন তিনি। মেহেদী হাসান বলেন, "ইচ্ছা থাকলেও সব জায়গায় একসঙ্গে স্টারলিংক স্থাপন করা সম্ভব হচ্ছে না।" প্রতিটি সংযোগের মাসিক সাবস্ক্রিপশন ফি ছয় হাজার টাকা। পাঁচটি সংযোগ সচল রাখতে প্রতি মাসে জকসুর ব্যয় হচ্ছে ৩০ হাজার টাকা। এর সঙ্গে প্রাথমিক স্থাপন ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও রয়েছে। ফলে নতুন সংযোগ স্থাপনের পাশাপাশি দীর্ঘমেয়াদে সেগুলো চালু রাখার সক্ষমতাও বিবেচনা করতে হচ্ছে।
আরও পড়ুন: গঙ্গাচড়ায় ৭৬ শিক্ষার্থীকে কুরআনের ছবক, ১১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
স্টারলিংক সংযোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়াই-ফাই নেটওয়ার্ক সম্প্রসারণের কাজেও ধীরগতির অভিযোগ তুলেছেন জকসুর এই প্রতিনিধি। তিনি জানান, হিট (HEAT) প্রকল্পের আওতায় চলতি বছরের শুরুতে বিশ্ববিদ্যালয়ে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট (এপি) আনা হয়। কিন্তু এখন পর্যন্ত স্থাপন করা হয়েছে মাত্র ৯০টি। বাকি ১৬০টি এখনো বিভিন্ন বিভাগে স্থাপনের অপেক্ষায় রয়েছে।
মেহেদী হাসান বলেন, "অ্যাক্সেস পয়েন্টগুলো আসার পর থেকেই জকসুর পক্ষ থেকে আইসিটি সেলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।" কিন্তু হিট প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের ধীরগতির কারণে কাজ এগোচ্ছে না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পর্যাপ্ত তদারকির ঘাটতিও রয়েছে। প্রশাসন আরও কার্যকর ভূমিকা রাখলে এত দিনে স্থাপনকাজ শেষ করা সম্ভব হতো বলে মনে করেন তিনি।
বিভিন্ন বিভাগের ইন্টারনেট সমস্যার তথ্য সংগ্রহে শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছে জকসু। এ জন্য নির্ধারিত ফরমে বিভাগের নাম, ভবন, ফ্লোর ও কক্ষ নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে। এসব তথ্য পাওয়ার পর আইসিটি সেলের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় স্থানে অ্যাক্সেস পয়েন্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার বিকল্প সমাধান খুঁজতে গত ১ ফেব্রুয়ারি দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে পরীক্ষামূলকভাবে স্টারলিংক সেবার উদ্বোধন করেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম।
আরও পড়ুন: প্রচারণার অভাব ও আবাসন সংকটে বিদেশি শিক্ষার্থী টানতে ব্যর্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সে সময় তিনি বলেছিলেন, "মানসম্মত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট এখন শিক্ষার্থীদের মৌলিক প্রয়োজন।" বিডিরেনের (BdREN) সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও প্রত্যাশিত সেবা না পাওয়ায় বিকল্প হিসেবে স্টারলিংক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যমান ইন্টারনেট সেবার সঙ্গে তুলনা করতেই ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে পরীক্ষামূলক সংযোগ দেওয়া হয়েছিল।
জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ তখন বলেছিলেন, "ইন্টারনেটের ধীরগতি শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে।" এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি করতে চান তারা। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় প্রতিটি কক্ষ ও ল্যাবে এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি।
অন্যদিকে, জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা জানিয়েছিলেন, ইন্টারনেট সেবা সম্প্রসারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে।
সর্বশেষ গত ১১ নভেম্বর থেকে জকসুর উদ্যোগে ক্যাম্পাসের পাঁচটি স্থানে পূর্ণাঙ্গভাবে স্টারলিংক সংযোগ চালুর কার্যক্রম শুরু হয়। এর আগে পরীক্ষামূলকভাবে চালু করা সংযোগটি বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে জকসুর সমাজসেবা সম্পাদক মুস্তাফিজুর রহমান বলেন, "আগের সংযোগটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল এবং এক মাস পর সেটি আর সচল রাখা হয়নি।" তবে নতুন করে স্থাপন করা পাঁচটি সংযোগ নিয়মিত চালু থাকবে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দূর করতে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য: জোনায়েদ সাকি
এসকেডি/ আরটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন