০৬:০৭ পি.এম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা এবং রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যও ইরান যাচ্ছেন।
এনসিপির সূত্র থেকে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। কিন্তু এখনও ভিসা না পাওয়ার কারণে তিনি বিমানের টিকিট কাটতে সক্ষম হননি। ফলে কবে এবং কোন ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন, তা এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি।
সূত্রটি আরও জানায়, ইরানের সর্বোচ্চ নেতার জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কাজ করা হচ্ছে। ভিসা পাওয়ার পর সফরের সময়সূচি নির্ধারিত হবে।
আরও পড়ুন: ভাসানীর আদর্শ আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই রাষ্ট্রক্ষমতায় ধানের শীষ: জহির উদ্দিন স্বপন
অন্যদিকে, একই অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যসহ চারজন নেতা ইরান সফরের পরিকল্পনা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক নেতা মন্তব্য করেন, ইরানের প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। একই সঙ্গে এনসিপিরও দেশটির সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন