শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১১:১৯ এম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মহতরপাড়া-পেশকারহাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নিয়ম মেনে মাটি না এনে বেড়িবাঁধের পাশ থেকে মাটি কেটে বাঁধে দেওয়া হচ্ছে। আবার ড্রেজার ব্যবহার করে খাল থেকে কাদামাটি তুলে বাঁধে ফেলা হচ্ছে। এই কারণে খালের পাড়ে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। বাঁধে দেওয়া মাটিও ধসে সেই গর্তে পড়ছে। স্থানীয়দের প্রতিবাদের মুখে রাতের আঁধারে ড্রেজার দিয়ে খালের কাদা তুলে গর্ত ভরাট করা হচ্ছে।
জানা গেছে, চাতরী ইউনিয়নের মহতরপাড়া-পেশকারহাট এলাকায় শিকলবাহা-মুরালী খালের পাড় ঘেঁষে এক কিলোমিটার বেড়িবাঁধ পুনর্নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে এই কাজের ঠিকাদারি পেয়েছেন উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক রফিক আহমদ মাস্টার। পানি উন্নয়ন বোর্ডের কার্যাদেশ অনুযায়ী, এক কিলোমিটার বেড়িবাঁধের ওপরের অংশের প্রস্থ ১০ ফুট, নিচের অংশের প্রস্থ ২৬ থেকে ৩৩ ফুট এবং উচ্চতা ৮ থেকে ১০ ফুট নির্ধারণ করা হয়েছে। তবে সরেজমিনে গিয়ে কার্যাদেশের সঙ্গে নির্মাণকাজের মিল পাওয়া যায়নি।
প্রায় এক বছর আগে বেড়িবাঁধ পুনর্নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছিল। দুই বছরের মধ্যে কাজ শেষ করে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনো অর্ধেক কাজও সম্পন্ন হয়নি।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বেড়িবাঁধের কাজ ভালোভাবে হবে, এমন আশা ছিল তাদের। কিন্তু কাজের শুরু থেকেই ঠিকাদারের লোকজন অনিয়ম করছেন। মাটি কিনে বাঁধ নির্মাণের কথা থাকলেও স্থানীয়দের জমি থেকে জোর করে মাটি নেওয়া হচ্ছে। এছাড়া বাঁধের পাশের খালের পাড় কেটেও মাটি নেওয়া হচ্ছে। এতে সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। বাঁধে দেওয়া মাটিও ধসে সেই গর্তে পড়ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও) মিজানুর রহমান বলেন, ‘মহতরপাড়া-পেশকারহাট এলাকায় ঢালু অংশে বেড়িবাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে। এক সপ্তাহ আগে বাঁধের কয়েকটি স্থানে কার্যাদেশের সঙ্গে কাজের মিল পাওয়া যায়নি। সেগুলো ঠিক করে দেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। কাজ এখনো শেষ হয়নি।’
ঠিকাদার রফিক আহমদ মাস্টার বলেন, ‘এলাকার মানুষের কথায় বাঁধের পাশ থেকে শক্ত মাটি নেওয়া হয়েছে। বেড়িবাঁধ পুনর্নির্মাণের কাজে সাইনবোর্ড টাঙানোর কোনো নিয়ম নেই। আর যেখানে মাটি ধসে পড়েছে, সেখানে খুঁটি গেড়ে আবার কাজ করে দেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শাহীদ বলেন, মহতরপাড়া এলাকার বেড়িবাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে। ঠিকাদার এখনো কাজ বুঝিয়ে দেননি। নির্মাণকাজে কোনো অনিয়ম থাকলে তা তদন্ত করে দেখা হবে।
সম্পাদনা/বুলবুল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, একজন অফিস সহায়ক রোগীদের ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করছেন। জনবল ও ওষুধের তীব্র সংকটের কারণে উপজেলার চারটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাব্যবস্থা বর্তমানে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এর ফলে প্রান্তিক জনগণের কাছে সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্য ব্যাহত হচ্ছে এবং রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, উপজেলার চারটি উপস্বাস্থ্যকেন্দ্রের তিনটিতে জনবলের প্রকট অভাব রয়েছে এবং দীর্ঘ সময় ধরে নিয়মিত কোনো চিকিৎসা কর্মকর্তা উপস্থিত নেই।
সরেজমিনে ভবেরচর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, অফিস সহায়ক মোফাজ্জল হোসাইন রোগীদের চিকিৎসাসেবা প্রদান করছেন। তিনি জানান, কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার খাদিজাতুল কোবরা অসুস্থতার কারণে কয়েক মাস ধরে অনুপস্থিত। ফার্মাসিস্ট শিরিন আক্তার মৌখিক নির্দেশে গজারিয়া ইউনিয়ন কেন্দ্রে বসেন এবং মিডওয়াইফ পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা সপ্তাহে মাত্র একদিন এখানে রোগী দেখেন, অন্য সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, ফুলদী নদী দ্বারা বিচ্ছিন্ন গজারিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে কার্যকরী নয়। এখানে একমাত্র মিডওয়াইফ সেলিনা আক্তার প্রেষণে অন্যত্র থাকায় কেন্দ্রটিতে কোনো লোকবল নেই। ভুক্তভোগী দিনমজুর আয়নাল মিয়া বলেন, ‘কোনো অসুখ হলে আমাদের নদী পার হয়ে সদর বা ভবেরচর হাসপাতালে যেতে হয়। পথে রোগী মরার অবস্থা হয়।’ ইমামপুর ইউনিয়নের রসুলপুর উপস্বাস্থ্যকেন্দ্রের অবস্থাও করুণ। এখানে মেডিকেল অফিসারের পদটি কয়েক বছর ধরে শূন্য রয়েছে। উপসহকারী মেডিকেল অফিসার ওয়াহিদুজ্জামান রনি কোনো অনুমতি ছাড়া প্রায় তিন বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত। মিডওয়াইফ নাজনীন আক্তার ও অফিস সহায়ক মোতালেব মিয়া প্রেষণে অন্যত্র থাকায়, ফার্মাসিস্ট ইসরাত জাহান আঁখিই এখন রোগীদের একমাত্র ভরসা।
হোসেন্দী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার শহিদুল ইসলাম জানান, তাদের মেডিকেল অফিসার কেবল বুধবার এখানে উপস্থিত হন। ফার্মাসিস্ট মিজানুর রহমান প্রেষণে অন্যত্র রয়েছেন এবং স্বাভাবিক প্রসবের ব্যবস্থা না থাকায় মিডওয়াইফ রিনা আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছেন।
এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলাইমান সুজন জানান, বিষয়গুলো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীলিমা আফরোজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ‘গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বিএনপির কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার সময় এই ঘটনা ঘটে। আগুনের ফলে কার্যালয়ের আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে, এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রাতের সময় দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ের দিকে পেট্রলবোমা নিক্ষেপ করে। এর ফলে কার্যালয়ের সামনের অংশে আগুনের সূত্রপাত ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
উপজেলা বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে, রাজনৈতিকভাবে তাদের দমিয়ে রাখার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই নাশকতা ঘটানো হয়েছে। তাদের দাবি, আগুনের ফলে কার্যালয়ের অনেক আসবাবপত্র এবং জরুরি নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্যতম বৃহৎ হাসপাতাল নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলায় চিকিৎসক রিজক আবু শাইরা নিহত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য আদম হামাউইর বন্ধু এবং সহকর্মী ছিলেন। গত ১১ নভেম্বর খান ইউনিসের পশ্চিমে অবস্থিত হাসপাতালটিতে হামলার ফলে ছয় ফিলিস্তিনি প্রাণ হারান। আহত হয়েছেন অন্তত ২০ জন। হামাউই এই ঘটনার পর ইসরাইলের কাছে অস্ত্র বিক্রিতে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আদম হামাউই তার বন্ধুর মৃত্যুর খবর শেয়ার করেছেন। তিনি জানান, রিজক আবু শাইরা একজন সার্জারি চিকিৎসক ছিলেন। তিনি ভয়াবহ পরিস্থিতির মধ্যেও দিনরাত কাজ করে যতটা সম্ভব মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করেছেন।
হামাউই লিখেছেন, "হতাহতের সংখ্যা যখন বাড়ছিল, তখনো তিনি অসম্ভব পরিস্থিতির মধ্যে কাজ করে গেছেন। যত বেশি সম্ভব মানুষের জীবন বাঁচাতে চেয়েছেন। একজন সার্জারি চিকিৎসক হিসেবে আমি তাকে এভাবেই স্মরণ করি।"
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির চিকিৎসক আদম হামাউই আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে তার প্রথম মেয়াদ শুরু করবেন। তিনি উল্লেখ করেন, কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইসরাইলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য প্রতিদিন কাজ করবেন।
গত ১১ নভেম্বর গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের পশ্চিমে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বাহিনী হামলা চালায়। এতে ছয় ফিলিস্তিনি নিহত হন। আহত হন অন্তত ২০ জন। নিহতদের মধ্যে চিকিৎসক রিজক আবু শাইরাও ছিলেন।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত কুমার গোয়েলকে সমন পাঠানোর জন্য দিল্লির আদালতগুলোর সহায়তা চেয়েছে। এই আবেদন গুরপতবন্ত সিং পান্নুনের করা মামলায় করা হয়েছে।
নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফেইলা এ বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, দোভালের জন্য দিল্লির পাতিয়ালা হাউস জেলা আদালত এবং গোয়েলের জন্য দ্বারকা ও তিস হাজারি জেলা আদালতের মাধ্যমে সমন ও সংশ্লিষ্ট বিচারিক নথি পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিটিআইয়ের বরাতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আদালত হেগ কনভেনশন এবং ভারতের দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান বিবেচনায় নিয়ে বিকল্প পদ্ধতিতে সমন পাঠানোর অনুমতি দিয়েছে। এর আগে হেগ কনভেনশনের আওতায় ভারতের নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে নথি পাঠানোর প্রচেষ্টা সফল হয়নি।
আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে, মামলার বিবাদীদের কাছে বিচারিক নথি পৌঁছে দিতে ভারতীয় আদালতগুলোর সহায়তা চাওয়া হচ্ছে। তবে সমন পাঠানোর প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। আদালতের নির্দেশ অনুযায়ী, পান্নুনকে ৩০ নভেম্বরের মধ্যে সমন, প্রস্তাবিত আদেশ এবং ভারতীয় আইনের প্রাসঙ্গিক বিধানসহ প্রয়োজনীয় নথির একটি প্যাকেট জমা দিতে হবে। যুক্তরাষ্ট্রের আদালত সেগুলো পর্যালোচনা ও অনুমোদন করার পরেই সংশ্লিষ্ট দিল্লির আদালতগুলোতে নথি পাঠানোর ব্যবস্থা করবে।
পান্নুনের অভিযোগ, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাকে হত্যার ষড়যন্ত্রে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সংশ্লিষ্টতা ছিল এবং অজিত দোভাল ওই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। এই অভিযোগের ভিত্তিতে তিনি ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলাটি দায়ের করেছেন। মামলায় ভারত সরকার, দোভাল, সামন্ত গোয়েলসহ আরো কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
তবে ভারত সরকার পান্নুনের অভিযোগ ও মামলাকে ‘ভিত্তিহীন ও বিদ্বেষপ্রসূত’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এর আগে বলেছিলেন, ভারতে বিচারিক নথি পাঠানোর অনুরোধ দেশটির নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ—আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে।
এ মামলায় যুক্তরাষ্ট্র সরকার কোনো পক্ষ নয়। একই ঘটনায় ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত ও সাবেক ‘র’ কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে যে ফৌজদারি কার্যক্রম চলছে, পান্নুনের ক্ষতিপূরণ চেয়ে করা দেওয়ানি মামলাটি তার থেকে আলাদা। এটি মূলত মামলার বিচারিক নথি বিবাদীদের কাছে পৌঁছানোর প্রক্রিয়াগত পদক্ষেপ।
সূত্র: দ্য টেলিগ্রাফ, পিটিআই, রেডিফ, টাইমস অব ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের আদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ