০৭:৫১ পি.এম
কক্সবাজার, ১৫ নভেম্বর, ২০২৬ : ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেমের (এলএআরএমএস) পাইলটিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে, যা ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুত করা হয়েছে।
আজ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
আরও পড়ুন: গোপালগঞ্জের অস্থিরতায় রূপসী বাংলা এক্সপ্রেসের রুট পরিবর্তন
মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, "ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, অনিয়ম এবং জনভোগান্তি দূর করতে সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।" তিনি আরও জানান, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় তৈরি ‘এলএআরএমএস’ সফটওয়্যারটি চালু হওয়ায় ভূমি অধিগ্রহণ সংক্রান্ত আবেদন, যাচাই-বাছাই, ক্ষতিপূরণ নির্ধারণ ও অর্থ পরিশোধের প্রতিটি ধাপ সম্পূর্ণ স্বচ্ছ, দ্রুত ও জবাবদিহিমূলক হবে।
তিনি উল্লেখ করেন, "প্রাথমিকভাবে কক্সবাজার ও সিলেট জেলায় এই সিস্টেমের পাইলটিং কার্যক্রম শুরু করা হলো।" এই দুই জেলার অভিজ্ঞতা ও কারিগরি ফলাফল বিশ্লেষণ করে খুব শীঘ্রই সারাদেশে সিস্টেমটি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে জমির প্রকৃত মালিকগণ কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা হয়রানি ছাড়াই ঘরে বসেই অনলাইনে তাদের ন্যায্য ক্ষতিপূরণের অর্থ ও সেবার সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান।
আরও পড়ুন: নিখোঁজের ঘটনায় নতুন মোড়, কুয়াকাটায় বেড়াতে গিয়ে মোবাইল বন্ধ রাখেন বিচারক ফারহান নাদীম
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভূমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন