ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আইএসে যোগ দেওয়ায় তিন ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড


আইএসে যোগ দেওয়ায় তিন ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : তিন ফরাসি নাগরিককে ইসলামিক স্টেট (আইএস) যোগ দেওয়ার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে ইরাকের একটি আদালত।

গত বছর সিরিয়া থেকে ইরাকে স্থানান্তরিত হওয়া ফরাসি নাগরিকদের মধ্যে এই তিনজনের সাজা সর্বশেষ।

আজ বৃহস্পতিবার বাগদাদের কারখ এলাকার ফৌজদারি আদালত চার্লি সান, কামাল বেন এমবারেক ও আমির আমিন দালি আমারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ ও ভারতের হাইকমিশনারের আলোচনা

ইরাকে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ২০ বছর।

বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

এএফপি’র একজন সংবাদদাতা জানান, ‘সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটে যোগদান এবং সংগঠনটির সদস্যদের সঙ্গে মিলিত হয়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।’

চার্লি সানের বোন ক্যারোল সানকে উত্তর-পূর্ব সিরিয়া থেকে ফ্রান্সে ফিরিয়ে নেওয়া হয়েছিল। গত বছরের ডিসেম্বরে তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। ২০১৪ সালে কিশোর বয়সে ভাইয়ের সঙ্গে তিনিও জিহাদি গোষ্ঠীটিতে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন: রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

একই ধরনের অভিযোগে গত মঙ্গলবার আরও ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আরেকজনকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত সাজাপ্রাপ্ত ১০ জনই গত বছর সিরিয়া থেকে ইরাকে স্থানান্তরিত হওয়া ৪৭ জন ফরাসি নাগরিকের একটি দলের সদস্য।

ওই দলে আদ্রিয়েন গিহালও রয়েছেন, যিনি ২০১৬ সালে ফ্রান্সের নিস শহরে আইএসের হামলার দায় স্বীকার করেছিলেন।

ইসলামিক স্টেটের সদস্য ও সন্দেহভাজন জিহাদিদের ভিড়ে ইরাকের কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে। সম্প্রতি প্রতিবেশী সিরিয়া থেকে স্থানান্তরিত হওয়া আরও কয়েক হাজার বন্দিকে এসব কারাগারে রাখা হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে রোহিঙ্গাদের আনন্দ-উল্লাস

আসামিদের কয়েকজনের ফরাসি আইনজীবী সতর্ক করে বলেছেন, তাঁদের মক্কেলদের ন্যায়বিচারের যথাযথ প্রক্রিয়া থেকে বঞ্চিত করা হচ্ছে এবং অন্যায্য বিচারে দোষী সাব্যস্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ খাগড়াছড়ি রিজিয়নে গমন করেন। এ সময় তিনি বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় সেনাবাহিনী প্রধান মোতায়েনকৃত সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। তিনি প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রশংসা করেন।

এছাড়া, তিনি সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালন অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের ভিডিওর মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


ভারতের ভিডিওর মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট ভারত থেকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে অপপ্রচারের বিষয়টি শনাক্ত করেছে।

বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে, বিএনপির একজন কর্মী রাস্তায় এক ভিক্ষুকের ব্যাগ ছিনতাই করেছে।

যাচাই করার পর বাংলাফ্যাক্ট নিশ্চিত করেছে যে, বিএনপির কর্মী কর্তৃক ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের অভিযোগটি ভিত্তিহীন। এই ভিডিওটি ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের গারখেড়া এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনার। সেখানে এক কিশোর একজন বৃদ্ধার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে বৃদ্ধা মাটিতে পড়ে যান। এটি সেই ঘটনার ভিডিও ফুটেজ।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো উল্লেখ করছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে দেশ ও বিদেশে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিএনপি ও সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে গুজব এবং মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা শনাক্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা চেম্বারের সাবেক সভাপতির মৃত্যুতে ডিসিসিআই গভীর শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


ঢাকা চেম্বারের সাবেক সভাপতির মৃত্যুতে ডিসিসিআই গভীর শোক প্রকাশ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে ফজলে আর এম হাসান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সাবেক সভাপতি, গতকাল ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ২ ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফজলে আর এম হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডিসিসিআই-এর সভাপতি তাসকীন আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ডিসিসিআই আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।

ফজলে আর এম হাসান ২০০৪ সালে ঢাকা চেম্বারের সভাপতি হিসেবে এবং ১৯৯৬ সালে ঊর্ধ্বতন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নর্থ বেঙ্গল সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এলাইড এন্টারপ্রাইজ, চলন্তিকা ট্রেডার্স, সার্ভে রিসার্চ এসোসিয়েট এবং হাসান এ্যাপার্টমেন্ট-এর প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বাইসাইকেল প্রস্তুত ও রপ্তানি, গৃহ-নির্মাণ, আর্থিক ব্যবস্থাপনা ও কনসালটেন্সি প্রভৃতি ব্যবসার সাথে যুক্ত ছিলেন।

উল্লেখ্য, নর্থ বেঙ্গল সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলাদেশে বাইসাইকেল শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন। আগামী ৩১ অক্টোবর বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে তাঁকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর বংশালে সুইচ গিয়ার চাকুসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


রাজধানীর বংশালে সুইচ গিয়ার চাকুসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে সুইচ গিয়ার চাকুসহ ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, গতকাল বুধবার রাতে আমির হোসেন প্রদীপ (২৬), মো. রায়হান (২৬) এবং আইনের সংঘাতে জড়িত এক শিশু গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সকালে বংশাল থানার কাজী আলাউদ্দিন রোডের বিপরীতে একটি এটিএম বুথের কাছে পাকা রাস্তার ওপর ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে একই দিন রাত ১০টা ৩০ মিনিটে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে বংশাল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%