০১:০২ পি.এম
ঢাকা, ১ জুলাই, ২০২৬ : সরকারের উদ্যোগে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সমজাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করতে আজ থেকে ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট পাঁচ হাজার অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে।
এই লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক, আর্থিক ও বাস্তবায়ন কার্যক্রম সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে।
সম্প্রতি, মন্ত্রণালয়ের আনসার শাখা-২ থেকে পৃথক দুটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও নিরাপদ, নির্বিঘ্ন ও জনবান্ধব করতে নবগঠিত পাঁচটি উপজেলাসহ দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে ১০ জন করে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করতে হবে।
যেসব স্বাস্থ্য কমপ্লেক্সে আগে থেকে আনসার সদস্য কর্মরত রয়েছেন, সেসব প্রতিষ্ঠানে বিদ্যমান সদস্যদের সম্বন্বয় চালিয়ে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১০ জন আনসার সদস্য নিশ্চিত করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে আজ (বুধবার) থেকে মোতায়েন কার্যকর করার নির্দেশ দিয়েছে, পাশাপাশি বাস্তবায়ন শেষে প্রতিবেদন পাঠানোর কথাও বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, পাঁচ হাজার আনসার সদস্যের বেতন-ভাতা বাবদ বছরে ১১৯ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা ব্যয় হবে। এ অর্থ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাদ্দের পরিবর্তে আনসার ও ভিডিপির নির্ধারিত বাজেট কোডে বরাদ্দ দেওয়ার জন্য অর্থ বিভাগে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার
স্বাস্থ্যসেবা বিভাগের সম্মতির ভিত্তিতে আনসার সদস্যদের বেতন-ভাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিশোধ করা হবে বলেও জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনিরুল হাসান স্বাক্ষরিত চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্যসেবা বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
একই সঙ্গে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি রোগী ও তাদের স্বজনরাও আরও নিরাপদ পরিবেশে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।
আরও পড়ুন: ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন