০৬:১০ পি.এম
সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০২৬ : বিদ্যুতের অপচয় রোধ এবং সাশ্রয়ী ব্যবহারের নিশ্চয়তা প্রদান করতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সোনালী ব্যাংক লিমিটেডের শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও কার্যকর করার জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সময়ে, সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলে পৃথক সাব-মিটার স্থাপনের বিষয়ে সিদ্ধান্তও গৃহীত হয়।
আজ রোববার জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটির তৃতীয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আরও পড়ুন: অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় কমিটির সদস্য ও সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম এবং মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা বিষয়ে ডিপিডিসির মাধ্যমে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সোলার পাওয়ার সিস্টেমের উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং এ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দকৃত সংসদ ভবন এলাকার (ফারহান ফাইয়াজ) খেলার মাঠের বরাদ্দ, চুক্তি এবং এ সংক্রান্ত ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয়ে ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত বিষয়াদি যাচাইয়ের জন্য একটি সাব-কমিটি গঠন করা হয়। সাব-কমিটিতে কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন এমপি ও মারদিয়া মমতাজ এমপি থাকবেন, এবং এতে জাতীয় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের একজন প্রতিনিধি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন। সাব-কমিটিকে আগামী সভায় এ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গণপূর্ত অধিদপ্তরের পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশন -এর ব্যবহার ও পরিচালনা সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে পার্লামেন্ট মেম্বার ক্লাব সংশ্লিষ্ট ইজারাদাতা ও ইজারাগ্রহীতার মধ্যে সম্পাদিত চুক্তিনামাটি পুনর্বিবেচনার বিষয়ে কমিটির পক্ষ থেকে আপত্তি জানানো হয়। একই সঙ্গে চুক্তিনামাসহ বিষয়টি অবিলম্বে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিপিডিসির মাধ্যমে সোলার পাওয়ার সিস্টেম চালুর লক্ষ্যে প্রণীত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা কমিটির কাছে সন্তোষজনক প্রতীয়মান না হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় জরিপ (সার্ভে) সম্পন্ন করে প্রতিবেদন প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়। প্রস্তুতকৃত প্রতিবেদন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কমিটির সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬১ নেতাকর্মীসহ আটক ২১১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন