০২:১৮ পি.এম
বিগত ফ্যাসিস্ট সরকারের মতো, বর্তমান সরকারও ব্যাংক লুট, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর মহানগর শাখার কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সরকারের বিভিন্ন সমালোচনা করতে গিয়ে জামায়াতের আমির বলেন, ‘সরকার গঠনের পর বিএনপি চব্বিশের গণঅভ্যুত্থান ও গণভোটকে অস্বীকার করেছে। এছাড়া ব্যাংক লুট, চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদসহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে দলীয় লোকজন নিয়োগ দিয়ে বিএনপি সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে।’
আরও পড়ুন: বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
তিনি বলেন, ‘ব্যাংক লুট, চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি ও জনগণের সম্পদ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে যারা ব্যাংক লুট, দখলদারিত্ব ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, এখন তারা শুধু নিজেদের হাত বদল করেছে, সমস্যার কোনো সমাধান হয়নি। এসবের জবাব জনগণ যথাসময়ে দেবে।’
সরকারকে হুঁশিয়ার করে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘জোর করে যদি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চান, তবে জনগণ হিমালয় পর্বত হয়ে সামনে দাঁড়াবে।’
বাজেট প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার ১৭ বছর বাজেট থেকে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার বড় বাজেট নিয়ে যেন সেই পথে না হাঁটে, আমরা ও দেশের জনগণ সেই আশা করি।’
এছাড়া গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে জয়যুক্ত ‘হ্যাঁ’ ভোট বাস্তবায়নের দাবিও জানান তিনি।
আরও পড়ুন: শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে ছাত্রদলের অগ্নিসংযোগের চেষ্টা
তিনি নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও অসৎ নেতৃত্বমুক্ত, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও মর্যাদাশীল নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এজন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অনির্বাচিত প্রশাসক অপসারণ করে দ্রুত নির্বাচনের দাবি জানান।
বক্তব্য শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বারকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জাতীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমেদ, জেলা আমির মমিনুল হক সরকারসহ স্থানীয় অন্যান্য নেতা।
আরও পড়ুন: ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন