০৭:০৭ পি.এম
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে সংঘর্ষের ফলে দুই নৌকার মধ্যে অন্তত ৩০ জনের মৃত্যু ঘটেছে। এই ঘটনায় আরও অনেক মানুষ নিখোঁজ রয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইকুয়েটর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকার নিকটবর্তী স্থানে নৌকা দুটি সংঘর্ষে লিপ্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কয়েকজন যাত্রী পানিতে ডুবে মারা যান। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ইকুয়েটর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু জানিয়েছেন, ‘দিয়ু সে কাশে’ নামের একটি ধাতব নৌকা রাজধানী কিনশাসা থেকে আসার সময় ‘এইচবি সুপার ভিক্টোর’ নামের কাঠের নৌকার সঙ্গে সংঘর্ষে জড়ায়। দ্বিতীয় নৌকাটি বাসিঙ্গা থেকে আসছিল।
আরও পড়ুন: মিরপুরের গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, ৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
সংঘর্ষের পর অধিকাংশ যাত্রী পানির নিচে আটকা পড়ে যায় এবং একটি নৌকা ডুবে যায়। নিহতদের ইতোমধ্যে দাফন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় কর্মকর্তাদের মতে, রাতে নৌযান চলাচলের সময় দেশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তাকর্মী জানিয়েছেন, কিনশাসা থেকে আসা নৌকাটিতে অতিরিক্ত পণ্য বোঝাই ছিল।
ডিআর কঙ্গোতে নৌদুর্ঘটনা ঘটে নিয়মিত। অতিরিক্ত যাত্রী বহন, রাতে নৌযাত্রা, দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং প্রত্যন্ত এলাকায় পর্যাপ্ত অবকাঠামোর অভাব এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
এর আগে জুলাই মাসে কাসাই প্রদেশে সরকারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু ঘটে।
আরও পড়ুন: ‘আতঙ্কে বাসায় থাকতে পারছেন না’— শ্রমিক নেতাদের অভিযোগ
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন