১১:১৭ পি.এম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘটে যাওয়া একটি ঘটনায়, ফুটন্ত গরম ডালে পড়ে গুরুতর দগ্ধ হওয়া তিন বছরের শিশু বিজয় চন্দ্র দাস, দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত মৃত্যু বরণ করেছে। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিজয় চন্দ্র দাস উপজেলার সরিষা ইউনিয়নের কাকনহাটি গ্রামের জীবন চন্দ্র দাসের সন্তান। বুধবার (৫ আগস্ট) বিকেলে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে অসাবধানতাবশত রান্নাকৃত ফুটন্ত গরম ডালের পাত্রে পড়ে যায় শিশু বিজয়। মুহূর্তের মধ্যে তার শরীরের একটি বড় অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।
আরও পড়ুন: চট্টগ্রামে বেসরকারি তেল শোধনাগার স্থাপনে সুপার পেট্রোকেমিক্যালের প্রাথমিক অনুমোদন
এই সময় শিশুর চিৎকার ও স্বজনদের আর্তনাদে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে টানা ৯ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার গভীর রাতে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত মৃতু বলে প্রতীয়মান হয়েছে। আক্রান্ত পরিবার থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন