শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫৮ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার চৌডালা ও রহনপুর ইউনিয়নের মচকইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতদের মধ্যে একজন হলেন— চৌডালা ইউনিয়নের সোনারপাড়া এলাকার বাসিন্দা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক জেলা পরিষদ সদস্য হাবিবুর রহমান মিঠু (৫২)। অপরজন হলেন রহনপুর ইউনিয়নের মচকইল গ্রামের নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মাহবুব হাসান বাবু।
মাহবুব হাসান বাবু, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা হাসান রশিদুজ্জামানের চাচাতো ভাই।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুরে ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হাসান রশিদুজ্জামানের কর্মী ও সমর্থকরা। ঘটনার পর পুলিশ তৎপর হয়ে ওঠে এবং রাতে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, শুক্রবার আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদসহ সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তোফাজ্জেল হোসাইন।
শুক্রবার (২৭ নভেম্বর) তিনি এক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি আজ থেকেই তার পদত্যাগ কার্যকর করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি অনুরোধ করেছেন।
পদত্যাগের বিবৃতিতে তোফাজ্জেল হোসাইন উল্লেখ করেন যে, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এনসিপি যাত্রা শুরু করে। সংগঠনের লক্ষ্য ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার কার্যক্রমের সূচনালগ্ন থেকেই সক্রিয়ভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন।
পদত্যাগের কারণ হিসেবে তোফাজ্জেল হোসাইন জানান, একটি দুর্ঘটনার পর শারীরিক ও ব্যক্তিগত বাস্তবতা এবং বর্তমান কর্মব্যস্ততার কারণে সাংগঠনিক কার্যক্রমে প্রয়োজনীয় সময় ও মনোযোগ দেয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিবৃতির শেষাংশে তিনি সংগঠনের সঙ্গে পথচলায় সহযোগিতা ও ভালোবাসা প্রদানকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি পদ-পদবি কিংবা সাংগঠনিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ, মানুষের কল্যাণ ও ন্যায়ের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহন নামের এক কর্মী। তিনি ফেসবুক লাইভে বলেন- ‘তোরা বিদেশে পালিয়ে গেলি কেন?’
বুধবার (২৫ নভেম্বর) তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব এবং নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মোহন আলোচিত ছিলেন।
ভাইরাল হওয়া ভিডিওতে মোহনকে বলতে শোনা যায়- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় দলের কিছু নেতাকর্মী তাকে ব্যবহার করেছেন এবং নিজেদের প্রভাব খাটিয়ে বিভিন্ন মামলায় জড়িয়েছেন। এখন দলের কঠিন সময়ে ওই নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশে থাকা কর্মীদের বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন।
ভিডিওতে তিনি আরও বলেন, দল ক্ষমতায় থাকার সময় যারা পদ-পদবি ও বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন, তাদের কারণে তাকে এখনো দলীয় মামলার বোঝা বহন করতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বিএনপি-জামায়াতের মামলার পাশাপাশি দলীয় মামলার চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ সময় বিদেশে অবস্থানরত সাবেক নেতাকর্মীদের উদ্দেশে আক্রমণাত্মক ও অশালীন ভাষা ব্যবহার করেন মোহন।
ডিসেম্বর মাসের প্রসঙ্গ টেনে তাদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দল ক্ষমতায় থাকতে তোরা আমাকে মামলায় ঢুকিয়েছিলি। এখন বিদেশে পালিয়ে গেলি কেন? ডিসেম্বরের অল্প কয়দিন আছে, তোরা আসছিস না কেন? তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না, নেত্রীর জন্য কাজ করতে হবে না। তোরা পদ-পদবি নিয়ে সবকিছুতে ছিলি। তোদের দেওয়া দলীয় মামলা এখনো চালাতে হচ্ছে। এখন দলের কঠিন সময়ে জামায়াত-বিএনপির মামলা চালাব, নাকি দলীয় মামলা চালাব? এখন বিদেশে বসে লিয়াজোঁর কথা বলছিস। তোরা দুই নাম্বার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) অনুষ্ঠিত হয়েছে ‘কাউন্সিল অব এমআইএসটি’-এর ২৩তম সভা। সভার সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং এমআইএসটি'র কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ হাকিমুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন।
২৫ নভেম্বর, ২০২৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে স্যান্ডেল ভাসতে দেখে উদ্ধার করা হয়েছে দুই ভাইয়ের লাশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে একজন হলো হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে মোস্তাফিজুর (৪) এবং অন্যজন হলো সিঙ্গাপুর প্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে আলিফ (৩)। তারা উভয়ই চাচাতো ভাই।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দাদা হালিম দেওয়ান তার দুই নাতি মোস্তাফিজুর ও আলিফকে নিয়ে পাশের পুরোনো বাড়িতে ঘুরতে যান। সেখানে তিনি বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েন। এই সময় শিশু দুটি বাড়িসংলগ্ন পুকুরের পাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর শিশুদের খাবার খাওয়ানোর জন্য মা ডাকতে এসে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর স্যান্ডেল ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার ওসি মো. আতাউর রহমান বলেন, "ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ