০৪:৪১ পি.এম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য যে আবেদন করেছেন, সেটি দিল্লির বাংলাদেশ হাইকমিশন দ্বারা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে, হাইকমিশন এই আবেদনের ইমেইল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করেছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত একটি চিঠি তারা পেয়েছেন এবং সেটি ই-মেইলের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তবে, আবেদনটি সঠিক কিনা তা যাচাই-বাছাই চলছে বলেও জানান হাইকমিশনের প্রেস মিনিস্টার। তিনি উল্লেখ করেন, ম্যাটিক্স চেম্বারস নামক একটি প্রতিষ্ঠান থেকে ই-মেইলের মাধ্যমে এই চিঠি দিল্লি হাইকমিশনে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
এদিকে, আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ প্রসঙ্গে মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি। তিনি জানান, সরকার বিষয়টি খতিয়ে দেখবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আবেদনটির আইনগত ভিত্তি আছে কি না, যথাযথভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার আছে কি না, তা পর্যালোচনা করা হবে। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন বিবেচনায় নেওয়া হবে।’
জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি সোমবার এ আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬১ নেতাকর্মীসহ আটক ২১১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন