১২:৪৬ পি.এম
গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশটির সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের পাশাপাশি সার্বিয়ায় ইসরাইলি ড্রোন উৎপাদন প্রকল্প বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে সার্বিয়ার নির্বাচনে জয়ী ছাত্র আন্দোলনভিত্তিক রাজনৈতিক জোট ‘স্টুডেন্ট লিস্ট’। সাবেক প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচের শাসনামলে ইসরাইলের সঙ্গে গড়ে ওঠা ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে এই ঘোষণাকে দেখা হচ্ছে।
গত সপ্তাহে ব্রিটিশ সাংবাদিক অ্যারন বাস্তানির উপস্থাপনায় একটি পডকাস্টে অংশ নিয়ে স্টুডেন্ট লিস্টের প্রতিনিধি ফিলিপ উবোভিচ এই ঘোষণা দেন। গাজায় ইসরাইলের যুদ্ধ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন, ‘সেখানে যা ঘটছে, তা মানবতার বিবেকের ওপর একটি কলঙ্ক। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমাদের রাজনৈতিক কর্মসূচিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করা হবে।’
২৫ অক্টোবর অনুষ্ঠিত আগাম নির্বাচনে ২৫০ আসনের মধ্যে ১৪০টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে স্টুডেন্ট লিস্ট। এর ফলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা ভুসিচের রাজনৈতিক জোটকে পরাজিত করে ছাত্র আন্দোলনভিত্তিক এই শক্তি। ভুসিচের শাসনামলে কর্তৃত্ববাদী প্রবণতা ও দুর্নীতির অভিযোগ নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক চলছিল।
আরও পড়ুন: বাংলাদেশ ও স্লোভেনিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা
নতুন নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে ১৭ নভেম্বর স্টুডেন্ট লিস্টের আইনপ্রণেতাদের বেলগ্রেডে পার্লামেন্ট ভবনের সামনে সমর্থকদের সঙ্গে দেখা যায়।
ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্যে উল্লেখযোগ্য উল্লম্ফন ঘটেছে। ভুসিচের শাসনামলে সার্বিয়ার সঙ্গে ইসরাইলের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ২০২৪ সালে সার্বিয়া থেকে ইসরাইলে অস্ত্র রপ্তানির পরিমাণ আগের ১৫ লাখ ডলার থেকে বেড়ে ৪ কোটি ৫৮ লাখ ডলারে পৌঁছায়। গাজায় ইসরাইলের সামরিক অভিযান চলাকালীন এই রপ্তানি বৃদ্ধি পায়।
শুধু অস্ত্র রপ্তানিই নয়, ইসরাইল থেকে সামরিক সরঞ্জাম কেনার পরিমাণও বেড়েছে সার্বিয়ার। ২০২৫ সালের শুরুর দিকে ইসরাইলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের কাছ থেকে ৩৩ কোটি ৫০ লাখ ডলারে পিইউএলএস আর্টিলারি ব্যবস্থা ও হার্মিস ড্রোন কেনার চুক্তি করে দেশটি।
একই বছরের আগস্টে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম কিনতে প্রায় ১৬০ কোটি ডলারের আরেকটি চুক্তি করে সার্বিয়া। গত বছরের সেপ্টেম্বরে ভুসিচ সার্বিয়ায় ইসরাইলি প্রযুক্তিতে তৈরি ড্রোন সংযোজনের একটি কারখানা উদ্বোধন করেন। নতুন সরকারের অস্ত্র বাণিজ্য বন্ধের অঙ্গীকার বাস্তবায়িত হলে দুই দেশের বিদ্যমান সামরিক সহযোগিতায় বড় পরিবর্তন আসতে পারে।
আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতের বিচার পেয়ে দেশের পথে ফিরতে চায় রোহিঙ্গারা
ফিলিস্তিনের প্রতি বাড়ছে সংহতি
লন্ডনের কিংস কলেজের যুদ্ধ অধ্যয়ন বিভাগের পররাষ্ট্রনীতি ও বৃহৎ কৌশলবিষয়ক শিক্ষক ভুক ভুকসানোভিচ মনে করেন, ইসরাইলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সার্বিয়ার সমাজে দীর্ঘদিন ধরেই মতভেদ রয়েছে। তার মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অভিন্ন নিপীড়নের ইতিহাসের কারণে সার্বিয়ার একাংশের সঙ্গে ইহুদি জনগোষ্ঠীর আবেগগত সম্পর্ক রয়েছে। অন্যদিকে, জোটনিরপেক্ষ যুগোস্লাভিয়ার ঐতিহাসিক অবস্থানের কারণে অনেক সার্বীয় নাগরিক ফিলিস্তিনিদের প্রতিও সংহতি প্রকাশ করেন।
ভুকসানোভিচ বলেন, গত কয়েক বছরে বিশেষ করে ছাত্র আন্দোলনের উত্থানের সঙ্গে ফিলিস্তিনিদের প্রতি সংহতি আরো বেড়েছে। বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের দুর্দশা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিও এ পরিবর্তনে ভূমিকা রেখেছে। তিনি আরো বলেন, অনেক সার্বীয় নাগরিক মনে করেন, গাজার মানবিক বিপর্যয় ইসরাইলের সঙ্গে অতীতের বন্ধুত্বের ঐতিহাসিক সম্পর্কের চেয়েও বড় হয়ে উঠেছে।
তার মতে, ভুসিচের আমলে ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও গোলাবারুদ সরবরাহের সিদ্ধান্তকে অনেকেই সার্বিয়ার জাতীয় স্বার্থের অংশ হিসেবে দেখেননি। বরং সাবেক ক্ষমতাসীন গোষ্ঠীর নিজেদের স্বার্থ রক্ষা এবং ইসরাইল, দেশটির লবিগোষ্ঠী ও এর মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করেছেন।
আরও পড়ুন: সরকার বদল হলেও সিরিয়ায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, বাড়ছে দখলদারিত্ব
নতুন সরকারের ঘোষণায় ক্ষুব্ধ ভুসিচ
স্টুডেন্ট লিস্টের অস্ত্র বাণিজ্য বন্ধের ঘোষণার পর সাবেক প্রেসিডেন্ট ভুসিচ এর সমালোচনা করেছেন। তার অভিযোগ, এই সিদ্ধান্ত সার্বিয়ার প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে দেবে। ১২ নভেম্বর ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে তিনি দাবি করেন, সার্বিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের ভাঙন শুরু হয়েছে এবং এর পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা রয়েছে।
তবে স্টুডেন্ট লিস্টের ঘোষণাটি মূলত ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য এবং দেশটিতে ইসরাইল-সংশ্লিষ্ট ড্রোন প্রকল্প বন্ধ করার বিষয়ে। চীনের সঙ্গে সহযোগিতা বন্ধের কোনো ঘোষণা তারা দেয়নি।
অঙ্গীকার বাস্তবায়ন কতটা কঠিন?
আরও পড়ুন: অস্ত্র সংকটে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন নৌবাহিনী: ওয়াল স্ট্রিট জার্নাল
বিশ্লেষকদের মতে, ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের ঘোষণা দেওয়া সহজ হলেও বাস্তবে তা কার্যকর করা বেশ জটিল হতে পারে। কারণ, দুই দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে ইতোমধ্যে প্রযুক্তি, উৎপাদন ও সরবরাহব্যবস্থার দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি হয়েছে।
ভুক ভুকসানোভিচ বলেন, নতুন সরকারের উদ্দেশ্য ও অঙ্গীকার আন্তরিক হলেও প্রতিরক্ষা শিল্পের আয়ের উৎস কীভাবে বন্ধ করা হবে, এলবিটের কারখানার সঙ্গে প্রযুক্তিগত ও সরবরাহব্যবস্থার সম্পর্ক কীভাবে ছিন্ন করা হবে এবং বিদ্যমান চুক্তির আইনি বাধ্যবাধকতা কতটা কঠোর—এসব প্রশ্নের সমাধান করতে হবে।
তিনি মনে করেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি নষ্ট না করে ধাপে ধাপে সামরিক সহযোগিতা কমিয়ে আনার পথ খুঁজতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ইসরাইলের স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সম্ভাব্য প্রতিক্রিয়াও বিবেচনায় রাখতে হবে।
ভুকসানোভিচের ভাষায়, আশ্চর্যজনকভাবে ইসরাইলের সঙ্গে সম্পর্কের এই পরিবর্তন সার্বিয়ার ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের পরিবর্তনের চেয়েও কঠিন হতে পারে। স্টুডেন্ট লিস্টের সঙ্গে মন্তব্য জানতে যোগাযোগ করেছিল সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো জবাব পাওয়া যায়নি।
আরও পড়ুন: আসামে তিনবার বাস্তুচ্যুত মানিক আলী: বগীনদী মুসলিম ক্যাম্পের মসজিদ ধ্বংসের সাক্ষী
সূত্র: মিডল ইস্ট আই, বলকান ইনভেস্টিগেটিভ রিপোর্টিং নেটওয়ার্ক (বিআইআরএন) ও হারেতজে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন