ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জিমেইল-অ্যাপল সেবায় বিভ্রাটের অভিযোগ, সাইবার হামলার শঙ্কা অস্বীকার


জিমেইল-অ্যাপল সেবায় বিভ্রাটের অভিযোগ, সাইবার হামলার শঙ্কা অস্বীকার

বিশ্বজুড়ে অ্যাপলের বিভিন্ন সেবায় সাময়িক বিভ্রাটের পেছনে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সিস্টেম আপডেট দায়ী। এ বিষয়ে অ্যাপল নিশ্চিত করেছে যে, সাইবার হামলার কোনো সংশ্লিষ্টতা নেই। একই সময়ে গুগলের জিমেইল সেবা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রাটের অভিযোগ উঠলেও, প্রতিষ্ঠানটি বড় ধরনের কোনো সমস্যা শনাক্ত করেনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অ্যাপল পে, আইক্লাউড, অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক ও অ্যাপল সাপোর্ট ব্যবহারে সমস্যার সম্মুখীন হন। সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে এ নিয়ে হাজার হাজার অভিযোগ জমা পড়েছে।

অ্যাপলের সিস্টেম স্ট্যাটাস পেজে আইক্লাউডে প্রবেশ, অ্যাপ স্টোর, আইক্লাউড মেইল ও অ্যাপল কেয়ারের মতো কয়েকটি সেবায় সমস্যা থাকার তথ্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন: মতপ্রকাশের কারণে ১০ মাসে ১১১ জন নিপীড়নের শিকার

অ্যাপলের একজন মুখপাত্র জানিয়েছেন, সকালে অভ্যন্তরীণ একটি আপডেটের কারণে কিছু সেবায় বিভ্রাট দেখা দেয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে অধিকাংশ সেবা আবার সচল হয়ে ওঠে। পরে প্রতিষ্ঠানটি জানায়, তাদের সেবাগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

অন্যদিকে, জিমেইল ব্যবহারকারীদের কাছ থেকেও বিভ্রাটের অভিযোগ পাওয়া গেছে। তবে গুগলের একজন মুখপাত্র জানান, জিমেইলে বড় ধরনের বা ব্যাপক বিভ্রাটের কোনো প্রমাণ তাঁরা পাচ্ছেন না। প্রতিষ্ঠানটির কারিগরি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে একের পর এক প্রযুক্তিগত বিভ্রাটের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে মাইক্রোসফট আউটলুক ও অফিসের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা দেখা দেয়। এর পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে দেশটির বিমান চলাচলেও বিঘ্ন ঘটে।

এছাড়া সোমবার ইউনাইটেড এয়ারলাইনসের প্রযুক্তিগত সমস্যায় ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটে। একই সময়ে জেপি মরগান চেজের কিছু ব্যাংকিং সেবাতেও সমস্যা দেখা দেয়। এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র বা সমন্বিত সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, সিবিএস নিউজ

আরও পড়ুন: এস্তোনিয়ার সহযোগিতায় ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়ন ত্বরান্বিত হবে: তথ্য-প্রযুক্তিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন, যা আগামী ২০২৭ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। সফরের সময় বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের সচিবালয়ে হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন অনুরা কুমারা দিসানায়েকে। সাক্ষাতের সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন এবং ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।

সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী বলেও জানান।

এ সময় হুমায়ুন কবির শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে প্রেসিডেন্টের নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যের কথাও তুলে ধরেন। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচি সম্পর্কেও তাকে অবহিত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাক্ষাতের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে ৮ম শ্রেণি পাসের জন্য চাকরির সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে ৮ম শ্রেণি পাসের জন্য চাকরির সুযোগ

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার অ্যান্ড রেকর্ডস। এই নিয়োগের মাধ্যমে রাজেন্দ্রপুর সেনানিবাসে অসামরিক পদে ২ জনের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম : মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার অ্যান্ড রেকর্ডস

পদের নাম : বাবুর্চি

পদের সংখ্যা : ২

আবেদন ফি : ২০০ টাকা

আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারির (এমওডিসি) ওয়েবসাইট https://modcr.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা : আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৮ নভেম্বর, সকাল ১০টা থেকে এবং চলবে আগামী ৩০ নভেম্বর, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদক-এর অনুসন্ধানে ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


দুদক-এর অনুসন্ধানে ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।

এই অনুসন্ধানটি বুধবার (১৮ নভেম্বর) হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে।

অভিযোগের মধ্যে উল্লেখ রয়েছে যে, শওকত আলী চৌধুরী যুক্তরাজ্য থেকে ২৫ মিলিয়ন ডলার দুবাইয়ে পাচার করেছেন এবং এর সাথে সংশ্লিষ্ট ১৩৬ কোটি টাকা কর এবং প্রায় ৩০৭ কোটি টাকা জরিমানা সংক্রান্ত অভিযোগও আনা হয়েছে।

এর আগে রেজওয়ানুল সাঈদ নামের এক আইনজীবী এই বিষয়ে দুদকে অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত দুদককে তদন্তের নির্দেশ দেয়। পরে দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, শওকত আলী চৌধুরী এবং তার পরিবারের বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে আরও একটি অনুসন্ধান দুদকে চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামলার ভিডিও করায় যুবক ইউসুফ মোল্লাকে কুপিয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


হামলার ভিডিও করায় যুবক ইউসুফ মোল্লাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি অপহরণ মামলার বাদীর বাড়িতে হামলা ও ভাঙচুরের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার কারণে ইউসুফ মোল্লা (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সদর উপজেলার ফতুল্লা থানাধীন তক্কার মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইউসুফের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানা এলাকায়। তিনি ফতুল্লায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

নিহতের মামা ওমর ফারুক জানিয়েছেন, মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে বেতন নিয়ে বাড়ি ফেরার সময় ইউসুফ তক্কার মাঠ এলাকায় কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে অন্যদের ওপর হামলা ও ভাঙচুর করতে দেখতে পান। এ সময় ইউসুফ ঘটনাটির ভিডিও নিজের মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করলে হামলাকারীদের নজরে আসে। পরে তারা ইউসুফের ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় ইউসুফকে প্রথমে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, দুই পক্ষের মারামারিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে থানা পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%