১১:৩৮ পি.এম
চট্টলা এক্সপ্রেস ট্রেনের ভেতর এক যাত্রী অপরিচিত ব্যক্তির দেওয়া খেজুর খেয়ে মোবাইল ফোন, মানিব্যাগসহ সবকিছু হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন।
এই ঘটনা ঘটে রবিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্রলা এক্সপ্রেস ট্রেনে।
লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার (এসএম) মো. ওমর ফারুক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দাউদকান্দিতে পুরোনো সেতুর চট্টগ্রামমুখী লেন জরুরি মেরামতের জন্য বন্ধ
লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টারের অফিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে এক যাত্রী লাকসাম জংশনে নামেন। তিনি অস্বাভাবিক অবস্থায় স্টেশন মাস্টারের অফিসের কাছে এসে হেলে দুলে পড়ার উপক্রম হন। এ সময় স্টেশন মাস্টার তাকে তার কক্ষে নিয়ে বসান।
স্টেশন মাস্টার ওই যাত্রীকে কিছুটা অস্বাভাবিক দেখে ধারণা করেন, তিনি হয়তো ট্রেনের ভেতর কোনো অজ্ঞান পার্টির খপ্পরের শিকার হয়েছেন। পরে তিনি তাকে আচার এবং টকজাতীয় দ্রব্য খাইয়ে স্বাভাবিক করার চেষ্টা করেন।
একপর্যায়ে ওই যাত্রী কিছুটা স্বাভাবিক হলে তার কাছ থেকে জানতে পারেন, তিনি চাঁদপুরের বাবুরহাটে যাওয়ার উদ্দেশ্যে চট্রলা এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। ট্রেনে একজন অপরিচিত বয়স্ক ব্যক্তি তাকে খেজুর খেতে দেন। খেজুর খাওয়ার পর তিনি অস্বাভাবিক হয়ে পড়েন।
এই সুযোগে দুর্বৃত্তরা তার জ্যাকেটের পকেট কেটে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে চলে যায়। পরে ট্রেনটি লাকসাম জংশনে যাত্রাবিরতি করলে ট্রেনের কয়েকজন যাত্রী তাকে স্টেশনে নামিয়ে দেন।
আরও পড়ুন: কাঠালিয়া থানার ওসির সঙ্গে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
লাকসাম স্টেশন মাস্টার (এসএম) মো. ওমর ফারুক ভূঁইয়া বলেন, ওই যাত্রীর নাম ঠিকানা জানা যায়নি। তার বয়স অনুমান ৩৬ বছর।
ওই যাত্রীর বরাত দিয়ে স্টেশন মাস্টার জানান, ওই ব্যক্তি চট্টগ্রামে বসবাস করেন। চাঁদপুরের বাবুরহাটে যাওয়ার উদ্দেশ্যে চট্রলা এক্সপ্রেস ট্রেনে ওঠার পর অজ্ঞান পার্টির খপ্পরের শিকার হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে ওই যাত্রীকে তুলে দেন।
ভ্রমণের সময় অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো খাবার বা পানীয় গ্রহণ না করার জন্য যাত্রীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান ওমর ফারুক ভূঁইয়া।
তিনি আরও বলেন, ভ্রমণের সময় প্রত্যেকের মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে হবে এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত রেলওয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
আরও পড়ুন: নেত্রকোনার তিন উপজেলার মানুষ ৫০ বছর ধরে সেতুর অপেক্ষায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন