ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাতে মোটরসাইকেলসহ নিখোঁজ যুবক পরদিন পুকুরে মিলল


রাতে মোটরসাইকেলসহ নিখোঁজ যুবক পরদিন পুকুরে মিলল

মাদারীপুরের রাজৈর থেকে নিখোঁজ হওয়ার একদিন পর পুলিশ শামীম আহমেদ (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার হোসেনপুর এলাকায় টেকেরহাট-কবিরাজপুর সড়কের পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামীম আহমেদ ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর এলাকার মো. আলমের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শামীম কিছু দিন আগে তার খালু হানিফ খার ভাড়া বাসায় বেড়াতে রাজৈর উপজেলার হোসেনপুরে আসেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন, তার ব্যবহৃত মোটরসাইকেলসহ।

আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক

স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পুলিশকে বিষয়টি জানান। শুক্রবার দুপুরে স্থানীয়রা রাস্তার পাশে একটি পুকুরে শামীমের মরদেহ দেখতে পান। তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পুকুরপাড়ে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভায় বিশ্ব ইসলামী মহাসম্মেলন ও উরস শরিফের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভায় বিশ্ব ইসলামী মহাসম্মেলন ও উরস শরিফের তারিখ ঘোষণা

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভার মাধ্যমে আগামী ২৩ থেকে ২৬ জানুয়ারি ২০২৭ তারিখে জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন ও পবিত্র বিশ্ব উরস শরিফ আয়োজনের তারিখ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বনানীতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। বাদ জুমা বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন মোস্তফা আমীর ফয়সল। সভায় দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের পাশাপাশি বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ব ইসলামী মহাসম্মেলন ও পবিত্র বিশ্ব উরস শরিফের তারিখ ঘোষণা করে মোস্তফা আমীর ফয়সল মন্তব্য করেন, "পৃথিবী বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। পরমাণু বোমার হামলা হলে মানবসভ্যতা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগও চারদিক থেকে বিশ্বকে ঘিরে ধরছে।"

এ পরিস্থিতিতে আল্লাহর রহমত লাভের আশায় এবং বর্তমান বিশ্বের জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে জাকের পার্টির উদ্যোগে আয়োজিত বিশ্ব ইসলামী মহাসম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়নের স্বার্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন জাকের পার্টির চেয়ারম্যান।

স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়ে মোস্তফা আমীর ফয়সল বলেন, "চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থী হতে আগ্রহীদের বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করে উপযুক্ত ও সৎ ব্যক্তিদের মনোনয়ন দিতে হবে।" এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে জাকের পার্টির নেতৃত্বে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বানও জানান মোস্তফা আমীর ফয়সল।

সভায় উপস্থিত ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল, মহাসচিব শামীম হায়দার, যুগ্ম মহাসচিব মুরাদ হোসেন জামাল, প্রেস সচিব কাজী মো. রাশিদুল হাসান রাশেদসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. হাবিবকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. হাবিবকে জরিমানা

পটুয়াখালী, ৬ নভেম্বর ২০২৬ : জেলার কলাপাড়া উপজেলায় আজ টিয়াখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য মো. হাবিব (৫৫) নামের এক ড্রেজার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া, অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারটি বিনষ্ট করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৩টায় উপজেলার ধানখালী ইউনিয়নের মৃধা বাড়ির পাশে টিয়াখালী নদীতে এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, টিয়াখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযুক্ত মো. হাবিবকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ঙ) ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে ব্যবহৃত ড্রেজারটি বিনষ্ট করা হয়েছে।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৮ বছর ধরে পানি পান না করে কিভাবে বেঁচে আছেন ওয়ারেন বাফেট?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


৪৮ বছর ধরে পানি পান না করে কিভাবে বেঁচে আছেন ওয়ারেন বাফেট?

মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট গত ৪৮ বছর ধরে সাধারণ পানি পান করছেন না। সম্প্রতি এক পডকাস্টে এই তথ্য জানিয়েছেন আরেক ধনকুবের, বিল অ্যাকম্যান।

প্রশ্ন উঠছে, তাহলে কিভাবে বেঁচে আছেন ওয়ারেন বাফেট? এই রহস্যও প্রকাশ করেছেন হেজ ফান্ড ব্যবস্থাপক বিল অ্যাকম্যান। তিনি জানিয়েছেন, বাফেট পানির পরিবর্তে তার পছন্দের পানীয় চেরি কোক পান করেন।

অ্যাকম্যান সাক্ষাৎকারে বাফেটের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, একবার নৈশভোজের সময় বাফেটকে সাধারণ পানি অথবা স্পার্কলিং ওয়াটার পান করার প্রস্তাব দেন তিনি। কিন্তু বাফেট সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে জানান, তিনি প্রায় পাঁচ দশক ধরে পানি পান করছেন না। বরং তার প্রিয় কোমল পানীয় চেরি কোক।

বাফেট খাদ্যাভ্যাস ও পানীয়ের ক্ষেত্রে ব্যতিক্রমী পছন্দের জন্য পরিচিত। জানা গেছে, প্রতিদিন তিনি প্রায় পাঁচ ক্যান কোকাকোলা পান করেন। ২০১৫ সালে ফরচুন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রসিকতা করে বাফেট বলেছিলেন, প্রতিদিন তার গ্রহণ করা ২ হাজার ৭০০ ক্যালরির প্রায় এক-চতুর্থাংশ আসে কোকাকোলাজাতীয় পানীয় থেকে।

বাফেটের কোমল পানীয় পানের এই অভ্যাস স্বাস্থ্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে—যদি কেউ পানি পান না করে দীর্ঘদিন কোমল পানীয় পান করে, তাহলে তার শরীরে কী প্রভাব পড়তে পারে?

মানবদেহের প্রায় প্রতিটি কার্যক্রমের জন্য পানি অপরিহার্য। চা, কফি ও দুধের মতো পানীয় থেকেও শরীরে তরল পদার্থের চাহিদা পূরণ হয়। তবে সাধারণ পানির পরিবর্তে চিনিযুক্ত কোমল পানীয় পান করার অভ্যাস স্বাস্থ্যকর নয়। পর্যাপ্ত পানি পান না করলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

পানি পান করা কেন জরুরি?

মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে পানি। শরীরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি শরীরের বিভিন্ন অংশে পুষ্টি ও অক্সিজেন পৌঁছে দিতে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে, অস্থিসন্ধি সচল রাখতে এবং প্রস্রাব ও মলত্যাগের মাধ্যমে শরীর থেকে বর্জ্য অপসারণে সাহায্য করে।

এছাড়া হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখা এবং শরীরে তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতেও পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, পর্যাপ্ত পানি পান করলে শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন প্রতিরোধ করা সম্ভব।

তবে প্রতিদিন সবার জন্য নির্দিষ্ট পরিমাণ পানি পান করার কোনো একক নিয়ম নেই। বয়স, শারীরিক পরিশ্রম, আবহাওয়া, স্বাস্থ্যগত অবস্থা এবং অন্যান্য বিষয়ের ওপর শরীরের পানির চাহিদা নির্ভর করে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অতিরিক্ত তৃষ্ণা পাওয়ার অপেক্ষা না করে সারা দিন শরীরে পর্যাপ্ত পানির জোগান নিশ্চিত করা। শরীরের পানির চাহিদা পূরণে সাধারণ পানি এখনো অন্যতম স্বাস্থ্যকর উপায়।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে পেঁয়াজ-রসুন চাষে ব্যস্ত কৃষকরা, ভালো ফলনের প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


শরীয়তপুরে পেঁয়াজ-রসুন চাষে ব্যস্ত কৃষকরা, ভালো ফলনের প্রত্যাশা

শরীয়তপুর, ৬ নভেম্বর, ২০২৬ : জেলার বিস্তীর্ণ কৃষিজমিতে পেঁয়াজ ও রসুনের আবাদ শুরু হয়ে গেছে। কৃষকরা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন।

বর্ষার পানি নেমে যাওয়ার পর জমিতে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রেখে বিনা চাষে পেঁয়াজ-রসুন রোপণের কাজে নেমে পড়েছেন তারা। উৎপাদন খরচ কমানোর পাশাপাশি সময়মতো ফসল রোপণের লক্ষ্য নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে চলেছেন। যদিও বীজ ও সারের দাম বৃদ্ধি পেয়েছে, তবে আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশায় বুক বেঁধেছেন কৃষকরা।

শরীয়তপুরের মাটি ও কৃষি পরিবেশ পেঁয়াজ-রসুন চাষের জন্য অত্যন্ত উপযোগী। বিশেষ করে উর্বর দোআঁশ ও বেলে দোআঁশ মাটি, যেখানে পানি সহজে নিষ্কাশিত হয় এবং মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় থাকে। এই কারণে এসব ফসলের ভালো ফলন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

পেঁয়াজ ও রসুনের কন্দ মাটির নিচে বৃদ্ধি পাওয়ার জন্য জমির মাটি ঝরঝরে জৈব পদার্থ সমৃদ্ধ এবং পর্যাপ্ত বাতাস চলাচলের উপযোগী হওয়া জরুরি। অন্যদিকে, জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে কন্দ পঁচে যাওয়া ও ছত্রাকজনিত রোগের ঝুঁকি বেড়ে যায়। এই কারণে বর্ষার পানি নেমে যাওয়ার পর জমিতে উপযুক্ত আর্দ্রতা বজায় রেখে কৃষকরা আবাদ শুরু করছেন।

বিনা চাষে আবাদ পদ্ধতির অন্যতম সুবিধা হলো জমি প্রচলিত পদ্ধতিতে বারবার চাষ ও মই দিয়ে প্রস্তুত করার প্রয়োজন হয় না। এতে জমি তৈরির খরচ, সময় ও শ্রম কম লাগে। বিশেষ করে বন্যা বা বর্ষার পানি নেমে যাওয়ার পর মাটিতে কাদা ও আর্দ্রতা থাকতেই রসুনসহ উপযোগী ফসল রোপণ করা সম্ভব।

অনেক কৃষক জমিতে খড় বা শুকনো উদ্ভিদাংশ ব্যবহার করে মাটির আর্দ্রতা ধরে রাখার চেষ্টা করছেন। ফলে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ফসলের পরিচর্যাও কিছুটা সহজ হচ্ছে।

এ বছর শরীয়তপুরে জমি থেকে পানি নামতে কিছুটা বেশি সময় লেগেছে। এর ফলে কৃষকদের আবাদ শুরু করতে দেরি হয়েছে। তবে পানি নেমে জমি রোপণের উপযোগী হওয়ার সঙ্গে সঙ্গেই পুরোদমে শুরু হয়েছে পেঁয়াজ ও রসুনের চাষ। কেউ জমিতে বীজ ও রসুনের কোয়া রোপণ করছেন, কেউ আবার জমির পরিচর্যা ও অন্যান্য কাজে ব্যস্ত সময় পার করছেন। পরিবারের সদস্যদের নিয়ে অনেক কৃষক নিজেরাই জমিতে কাজ করছেন। এতে শ্রমিকের খরচ কমিয়ে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন তারা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ৪ হাজার ৭শ’ একর জমিতে পেঁয়াজ এবং ৫ হাজার ২শ’ ৫০ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ ৪ হাজার ৩৫০ হেক্টর ও হালি পিঁয়াজ ৩৫০ হেক্টর। ৫ হাজার ২শ’ ৫০ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি উন্নত চাষাবাদ পদ্ধতি, সুষম সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং ফসলের পরিচর্যার বিষয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. জাহিদুল আলম বাসস’কে বলেন, ‘পেঁয়াজ ও রসুনের উৎপাদন বাড়ানো এবং কৃষক যাতে লাভবান হয়, আমরা তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। ফসল ছত্রাকমুক্ত রাখা এবং পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে কৃষকদের নিয়মিত প্রযুক্তিগত পরামর্শ দেয়া হচ্ছে।

পাশাপাশি কোনো ডিলার যাতে সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে দাম বাড়াতে না পারেন, সে বিষয়েও নজরদারি জোরদার করা হয়েছে। বিভিন্ন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা পর্যায় থেকে সরকারিভাবে কৃষকদের সার ও বীজ দেয়া হয়েছে।

তবে উৎপাদন মৌসুমের শুরুতেই বীজ ও সারের বাড়তি দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। তাদের মতে, ফসল উৎপাদনের প্রতিটি পর্যায়ে খরচ বাড়ছে। জমিতে শ্রম, বীজ, সার ও অন্যান্য উপকরণের ব্যয় মেটানোর পর বাজারে ন্যায্যমূল্য না পেলে কাঙ্খিত লাভ পাওয়া কঠিন হয়ে পড়বে। তাই উৎপাদিত পেঁয়াজ ও রসুনের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি সারের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছেন তারা।

এ প্রসঙ্গে জাজিরা উপজেলার কাজিরহাটের উত্তর ডুবুলদিয়া গ্রামের কৃষক আজমত উল্লাহ বাসস’কে বলেন, ‘মাঠের পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পেঁয়াজ ও রসুনের আবাদ শুরু করেছি। আশা করছি, বীজ ও সারের দাম বেশি হলেও আবহাওয়া অনুকূলে থাকলে এই বছর ভালো ফলন পাব। নিজেরাই জমিতে কাজ করছি-যাতে শ্রমিকের খরচ কিছুটা কমানো যায়। তবে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পেলে আমাদের পরিশ্রম সার্থক হবে।’

কৃষকদের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন এবং ফসলের গুণগত মান বজায় রাখতে মাঠ পর্যায়ে কাজ করছে শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পেঁয়াজ ও রসুনের জমিতে ছত্রাকজনিত রোগ, পোকামাকড়ের আক্রমণ এবং অতিরিক্ত আর্দ্রতাজনিত সমস্যা মোকাবিলায় কৃষকদের প্রয়োজনীয় প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি সুষম সার ব্যবহার, সঠিক সময়ে সেচ এবং জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার বিষয়েও পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।

কৃষি সংশ্লিষ্টদের মতে, পেঁয়াজ ও রসুন দেশের নিত্য প্রয়োজনীয় মসলা ফসল। বাজারে এই দু’টি পণ্যের চাহিদা সারা বছরই থাকে। ফলে পরিকল্পিত আবাদ, উন্নত বীজের ব্যবহার, সুষম সার প্রয়োগ এবং আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণ করা গেলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকে। তবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করা, কৃষি উপকরণের বাজার স্থিতিশীল রাখা এবং ফসল সংরক্ষণের ব্যবস্থা উন্নত করাও জরুরি।

সব মিলিয়ে শরীয়তপুরের কৃষকদের মাঝে পেঁয়াজ-রসুন আবাদ নিয়ে এখন ব্যস্ততা ও প্রত্যাশা দু’টোই রয়েছে। অনুকূল আবহাওয়া, কৃষি বিভাগের সহযোগিতা এবং উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে এই মৌসুমে ভালো ফলনের পাশাপাশি কৃষকদের মুখে হাসি ফুটবে-এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%