০৭:৪৩ পি.এম
এবিজি ইউনিভার্সিটি কাপে সোনারগাঁওকে বড় ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। গ্রুপ ‘বি’-র ম্যাচে তারা ৩-০ গোলে জয়লাভ করে সোনারগাঁওয়ের বিরুদ্ধে।
রবিবার (১ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে এআইইউবি শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায় রাশেদুলের দুর্দান্ত একটি গোলে লিড নেয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সোনারগাঁও ম্যাচে ফেরার চেষ্টা করে।
তবে নিজেদের ডি-বক্সে ফাউল করে বসে তারা, যার ফলে পেনাল্টি পায় এআইইউবি। পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন আক্কাস আলী।
আরও পড়ুন: মুশফিক ও জাকেরের তুলনা নিয়ে শান্তর মন্তব্য
প্রথমার্ধে সোনারগাঁওয়ের বিপক্ষে ২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় এআইইউবি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ২৮ মিনিটে সোনারগাঁও ইউনিভার্সিটির রক্ষণভাগকে স্তব্ধ করে দেন এআইইউবি-র অধিনায়ক পিয়াস। তার একটি দুর্দান্ত ফ্রি-কিক থেকে আলতো টাচে বল জালে জড়ান লাবিব। এই গোলের সুবাদে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এআইইউবি।
খেলার বাকি সময়ে সোনারগাঁও ইউনিভার্সিটি গোল পরিশোধের কিছু চেষ্টা করলেও এআইইউবি-র রক্ষণভাগ ভাঙতে পারেনি। নির্ধারিত সময় শেষে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেই সাথে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।
জমজমাট এই আসরের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস।
আরও পড়ুন: কাবাডি দলের লক্ষ্য শিরোপা, নেপালের উদ্দেশ্যে রওনা
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের (এবিজি) পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে গত ২৫ অক্টোবর থেকে মাঠে গড়িয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন