০৬:০৯ পি.এম
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
গত ৩০ মে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে দুই কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে বিশুদ্ধ ও সুস্থধারার সংগীতচর্চা অব্যাহত রাখতে ‘হৃদয় বীণা সংগীতালয়’-এর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বক্তারা উল্লেখ করেন, বহুজাতিক সমাজে বাংলা সংস্কৃতির সুস্থধারা বিকাশ ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংগঠনটির এই উদ্যোগ প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন যে, সর্বস্তরের বাঙালিদের সহযোগিতায় সংগঠনটি দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হবে।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা জোরদারে পুলিশের তল্লাশি চেকপোস্ট স্থাপন
কণ্ঠশিল্পী আয়শা খানের নেতৃত্বে গঠিত এই সংগঠনটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন রামদাস ঘরামি এবং মিনা ইসলাম। প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।
সাংস্কৃতিক সংগঠক কবির কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ড. ওবায়েদউল্লাহ মামুন, বহ্নিশিখা সংগীত নিকেতনের প্রধান ও কণ্ঠশিল্পী ড. সবিতা দাস, চন্দন চৌধুরী, যাদুকর খান শওকত, নজরুল একাডেমির সভাপতি শাহ আলম দুলাল, গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ, লেখক এবিএম সালেহ আহমেদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাদক তপন মোদক এবং ‘তারার আলো’-এর সভাপতি মিনা ইসলাম।
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের একটি কবিতা আবৃত্তি করেন আজিজুল হক মুন্না। পরে রবীন্দ্রনাথ এবং নজরুলকে স্মরণ করে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।
দুই কবিকে স্মরণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা রাশেদ আহমেদ।
আরও পড়ুন: রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির মুক্তি নারী বিবেচনায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন