০৪:৩৩ পি.এম
নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ফলে দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিকের জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ‘ডেইলি ওয়াদার’ সম্পাদক শফিকুল আলম। তিনি উল্লেখ করেন, এই সিদ্ধান্তটি শ্রমিক ও ট্রেড ইউনিয়নের একটি বিজয় হিসেবেই দেখা উচিত, কিন্তু এটি পুরো শিল্প খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং নতুন আশার যুগের সূচনা করবে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে নতুন মজুরিকাঠামোর বহুমুখী প্রভাব তুলে ধরেন তিনি। শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, নতুন ন্যূনতম মজুরি পোশাকশিল্পের মালিকদের জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। যদি সব কারখানায় এই মজুরি সমানভাবে কার্যকর হয়, তবে পুরো শিল্প খাতে বড় পরিবর্তন আসবে। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উৎপাদনশীলতা বাড়ানো। যেসব কারখানা ব্যাপকভাবে অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রযুক্তি চালু করেছে, তারা টিকে থাকবে এবং এগিয়ে যাবে; এমনকি কিছু কারখানায় এক লাখেরও বেশি শ্রমিক কাজ করতে পারেন। অন্যদিকে, কম উৎপাদনশীল কারখানাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে অথবা বড় শিল্পগোষ্ঠীর কাছে বিক্রি হয়ে যাবে।
মজুরি বৃদ্ধির অর্থনৈতিক ও আন্তর্জাতিক দিক তুলে ধরে তিনি লেখেন, ১৭ হাজার টাকা প্রায় ১৪০ মার্কিন ডলারের সমান। অভিজ্ঞ শ্রমিকদের বেতন ১৭০ ডলারের কাছাকাছি হবে এবং ওভারটাইমসহ অনেকের মাসিক আয় দাঁড়াবে ২০০ থেকে ২৫০ ডলারে। এই মজুরি বৃদ্ধির ফলে বাংলাদেশ পোশাকশিল্পের প্রতিযোগী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও মিসরের তুলনায় এগিয়ে যাবে। এর ফলে প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনযাত্রার মান বদলাবে এবং স্বামী-স্ত্রী উভয়ের আয় থাকলে তাঁদের পক্ষে দুই কক্ষের বাসা ভাড়া নেওয়া সহজ হবে।
আরও পড়ুন: একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন
দেশের ভাবমূর্তি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এই প্রথমবারের মতো বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘদিনের নেতিবাচক ভাবমূর্তি কাটতে শুরু করবে। পশ্চিমা ভোক্তা অধিকার সংগঠনগুলোর জন্য বাংলাদেশে ‘সোয়েটশপ’ বা শ্রমিক শোষণের কারখানা রয়েছে—এমন প্রচার চালানো কঠিন হয়ে পড়বে। যেসব শ্রম অধিকার সংগঠন বছরের পর বছর মালিকদের ওপর চাপ সৃষ্টি করেছে, তারাও ঢাকায় এসে এই অর্জন উদ্যাপন করবে।
পশ্চিমা ক্রেতাদের ভূমিকা ও রপ্তানির ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, পশ্চিমা ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা পোশাকের ক্রয়মূল্য কিছুটা বাড়ালেও তা মালিকদের প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। বরং ক্রেতারা উৎপাদনশীলতা বাড়াতে সরবরাহকারীদের আরও বেশি অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে ঠেলে দেবে। রপ্তানির ক্ষেত্রে শুরুতে কিছুটা ধাক্কা এলেও আগামী বছর থেকে তা ঘুরে দাঁড়াবে এবং দ্রুত প্রবৃদ্ধি অর্জন করবে। পাশাপাশি কারখানায় স্থিতিশীলতা ফেরায় আরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশে আকৃষ্ট হবে।
রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে শফিকুল আলম লেখেন, শ্রমিকদের সম্মানজনক মজুরি নিশ্চিত করার উদ্যোগ বিএনপি সরকারের জন্য রাজনৈতিক সুফল বয়ে আনবে। প্রয়োজনে সরকার সংকটে থাকা কারখানাগুলোকে এক-দুই বছর ভর্তুকি দিতে পারে। এতে কারখানা টিকে থাকবে, স্থিতিশীলতা ফিরবে এবং আওয়ামী লীগের মতো রাজনৈতিক প্রতিপক্ষের জন্য শ্রমিক অসন্তোষকে কাজে লাগানো কঠিন হবে। এর মাধ্যমে তারেক রহমান ও তার সরকার নিজেদের শ্রমিকবান্ধব সরকার হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে।
তবে বেশি মজুরির একটি সম্ভাব্য নেতিবাচক দিকের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। তার মতে, বেতন বাড়লে পোশাকশিল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকসহ আরও বেশি পুরুষ কাজ করতে আগ্রহী হবেন। এতে উৎপাদনশীলতা বাড়লেও নারী শ্রমিকদের অংশগ্রহণ ৫০ শতাংশের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে (যা নব্বইয়ের দশকে ৮০ শতাংশ এবং বর্তমানে প্রায় ৫৩ শতাংশ)। সে ক্ষেত্রে নারীরা জুতা ও ওষুধশিল্পের মতো নতুন খাতে কাজের সুযোগ খুঁজবেন।
আরও পড়ুন: সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার
সবশেষে শফিকুল আলম বলেন, সামগ্রিকভাবে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ট্রেড ইউনিয়ন, শ্রমিক এবং বিএনপি সরকার—বিশেষ করে তারেক রহমানের জন্য একটি বড় বিজয়। যারা দীর্ঘদিন ধরে আধুনিক প্রযুক্তি গ্রহণ থেকে বিরত থেকেছে, সেই কারখানাগুলোর জন্য এটি কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার সময়। সবকিছুর ঊর্ধ্বে, এই মজুরি বৃদ্ধি বাংলাদেশে এক নতুন আশার যুগের সূচনা করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন