০৭:২২ পি.এম
বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে আরেকটি ধাপ অগ্রগতি ঘটেছে। সরকার বগুড়ায় পৃথক পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) প্রতিষ্ঠা করেছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। এর ফলে বগুড়া শহরের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় আধুনিকায়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
গত ১৬ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৬ নভেম্বর থেকে বগুড়া সিটি করপোরেশনভুক্ত এলাকার জন্য ‘বগুড়া পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (বগুড়া ওয়াসা)’ প্রতিষ্ঠা করেছে।
আরও পড়ুন: দিনাজপুরে খতমে নবুওয়ত সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নতুন এই কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে বগুড়া সিটি করপোরেশন এলাকার পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো গঠনের আইনি ভিত্তি তৈরি হলো। এতদিন নগরীর পানি সরবরাহ, পানির মান নিয়ন্ত্রণ, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় বিভিন্ন সরকারি সংস্থার ওপর নির্ভর করতে হতো। ওয়াসা প্রতিষ্ঠার ফলে এসব সেবা একটি বিশেষায়িত কর্তৃপক্ষের অধীনে সমন্বিতভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।
তবে শুধুমাত্র গেজেট প্রকাশের মাধ্যমে নাগরিকদের সেবা কার্যক্রম শুরু হচ্ছে না। ওয়াসার কার্যালয় স্থাপন, জনবল নিয়োগ, প্রশাসনিক কাঠামো গঠন, অর্থায়ন এবং উন্নয়ন প্রকল্প গ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। এসব কার্যক্রম কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে গেজেটে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই। সরকারের এই উদ্যোগকে বগুড়ার নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন