০১:৫৫ পি.এম
মেহেরপুরে গভীর রাতে প্রেমিকার ঘরে প্রবেশ করে সায়ন নামে এক যুবক প্রেমিকার ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে। এই ঘটনার সময় মেয়েকে রক্ষা করতে গিয়ে তার বাবা-মাকেও কুপিয়ে আহত করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন লর্ড মার্কেট এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেন, তার স্ত্রী রেবেকা খাতুন এবং তাদের মেয়ে স্মৃতি আক্তার। অপরদিকে, অভিযুক্ত সায়ন হোসেন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের সন্তান।
আরও পড়ুন: আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সায়নের সঙ্গে স্মৃতিকে বিয়ে দিতে অস্বীকৃতি জানান স্মৃতির মা-বাবা। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। স্মৃতি তার বাবা-মায়ের সিদ্ধান্তে অটল ছিলেন। এর জের ধরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে স্মৃতির বাড়িতে হামলা চালান সায়ন। একপর্যায়ে ধারালো রামদা দিয়ে স্মৃতির ডান হাতে কোপ দিলে কবজির নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
মেয়ের চিৎকার শুনে মা-বাবা এগিয়ে গেলে তাদেরকেও উপুর্যপরি কুপিয়ে জখম করে সায়ন। স্মৃতির পরিবারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, স্মৃতি আক্তারের ডান হাতের কব্জির নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বাম হাতেও কোপ লেগেছে। মাথা ও বুকে গুরুতর আঘাতের ক্ষত রয়েছে। স্মৃতির বাবা সাইদুর রহমানের বুকে এবং বাম হাতে জখম হয়েছে। তার মায়ের বুক এবং ডান চোখে দায়ের কোপের গুরুতর ক্ষত রয়েছে। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে সায়নকে ধরতে রাতেই মাঠে নামে।
আরও পড়ুন: গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি আমানুজ্জামান গ্রেপ্তার
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, হামলাকারী সায়নকে ধরতে পুলিশের অভিযান চলছে। তাকে গ্রেপ্তার করতে পারলেই ঘটনার মোটিভ জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন