ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে টায়ারে আগুন, নিয়ন্ত্রণে নৈশপ্রহীরীর তৎপরতা


ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে টায়ারে আগুন, নিয়ন্ত্রণে নৈশপ্রহীরীর তৎপরতা

ময়মনসিংহ সদর উপজেলার রাজগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত ব্যাংকটির ভাড়া ভবনের সামনে এ ঘটনা ঘটে। তবে নৈশপ্রহীরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ঘটনার একটি ২১ সেকেন্ডের ভিডিও বৃহস্পতিবার ভোররাতে উৎপল কর নামের এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করেন। ভিডিওতে ব্যাংকের সাইনবোর্ডের নিচে ও ভবনের সামনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘হেনার বিয়ে হচ্ছে’।

আরও পড়ুন: ফটিকছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক কাজী মনিকা দিলশান বলেন, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ব্যাংকের সামনে আগুন দেওয়া হয়। বিষয়টি টের পেয়ে নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ব্যাংকের সাইনবোর্ডের নিচে একটি টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছিল। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসুন্ধরায় কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ এম


বসুন্ধরায় কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে বাংলাদেশে বিশ্বখ্যাত ফুড ব্র্যান্ড কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন করা হয়েছে। নতুন এই রেস্তোরাঁটি ট্রান্সকম ফুডস লিমিটেডের উদ্যোগে চালু করা হয়েছে, যা ব্র্যান্ডটির একমাত্র ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান।

কেএফসি ২০০৬ সালে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটির জন্য ৫০তম আউটলেটটি একটি নতুন মাইলফলক হিসেবে উদ্বোধন করা হয়েছে।

রেস্তোরাঁটি আধুনিক নকশা ও সাজসজ্জায় তৈরি করা হয়েছে, যেখানে অতিথিদের জন্য খোলামেলা ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। কেএফসির নতুন আন্তর্জাতিক নকশা অনুসরণ করে তৈরি এই আউটলেটটি বাংলাদেশের অন্যতম বৃহৎ রেস্তোরাঁ। এখানে একসঙ্গে ১৩০ জন অতিথি বসে খাবার খেতে পারবেন।

রেস্তোরাঁটি সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় পরিচালিত হবে। এতে চারটি সেলফ-অর্ডারিং কিয়স্ক রয়েছে, যার মাধ্যমে গ্রাহকেরা সহজে ও দ্রুত খাবারের অর্ডার দিতে পারবেন।

৫০তম আউটলেট উদ্বোধনের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্রান্সকম ফুডসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।

নতুন আউটলেট চালু করার বিষয়ে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা মন্তব্য করেন, "বাংলাদেশে কেএফসির অগ্রযাত্রা তাঁদের জন্য অত্যন্ত আনন্দের। গ্রাহকদের আস্থা ও ভালোবাসার জন্য তাঁরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও গ্রাহকদের প্রত্যাশা পূরণে মানসম্মত খাবার ও সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।" সংবাদ বিজ্ঞপ্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসবিসি-প্রথমা বিজয় বইমেলা ২০২৬ আজ শুরু, উদ্বোধন আনোয়ারা সৈয়দ হকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ এম


এইচএসবিসি-প্রথমা বিজয় বইমেলা ২০২৬ আজ শুরু, উদ্বোধন আনোয়ারা সৈয়দ হকের

বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘এইচএসবিসি-প্রথমা বিজয় বইমেলা ২০২৬’। এই বইমেলা, যা প্রথমা প্রকাশন ও এইচএসবিসির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে, চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।

আজ বিকেল ৪টায় বইমেলার উদ্বোধন করবেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করবেন এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান, লেখক ও অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস এবং কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সজল।

মেলার বিভিন্ন দিনে বই প্রকাশনা, আলোচনা ও পাঠকদের অংশগ্রহণে নানা আয়োজন থাকবে। আগামীকাল শনিবার মালেকা বেগম সম্পাদিত ‘নির্বাচিত বেগম: অর্ধশতাব্দীর সমাজচিত্র ১৯৪৭–২০০০’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে আলোচনা করবেন লেখক ও গবেষক মোরশেদ শফিউল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আজিজুল হক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও লেখক আফসানা বেগম।

৩০ নভেম্বর ‘সমাজের লিপিকার: কামরুদ্দীন আহমদ’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং প্রাবন্ধিক ও গবেষক কুদরত-ই-হুদা। ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘পড়ুয়াদের বৈঠক’। ৪ ডিসেম্বর ‘পূর্ববাংলার আত্মপরিচয়: আবুল মনসুর আহমদ’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুমন সাজ্জাদ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের শিক্ষক তৈমুর রেজা।

৫ ডিসেম্বরের আলোচনার বিষয় হবে ‘মুক্তিযুদ্ধের অগ্রবর্তী নেতা: তাজউদ্দীন আহমদ’। এতে আলোচনা করবেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ এবং লেখক ও রাজনৈতিক সংগঠক ফিরোজ আহমেদ।

৬ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আলোচক হিসেবে থাকবেন সাবেক নির্বাচন কমিশনার ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

বইমেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ৫৬ বছর বয়সে মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ এম


নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ৫৬ বছর বয়সে মারা গেছেন

ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই করার পর নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৫৬ বছর।

মাতিয়া বানু শুকুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এরশাদুল হক টিংকু।

মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। তিনি চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের স্ত্রী।

এক বছরেরও বেশি সময় আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২১ নভেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

দুই দশকেরও বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। নাট্যকার ও পরিচালক হিসেবে তার কাজের মাধ্যমে মধ্যবিত্তের জীবন ও সমাজবাস্তবতার বিভিন্ন দিক উঠে এসেছে।

‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক তিনি রচনা ও পরিচালনা করেছেন।

চলচ্চিত্র প্রযোজক হিসেবেও মাতিয়া বানু শুকু সাফল্য অর্জন করেছেন। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুলতানা নাজনীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ এম


বাংলা সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুলতানা নাজনীন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সুলতানা নাজনীন বাংলা সাহিত্যে সেলিনা হোসেনের উপন্যাস নিয়ে গবেষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে গত ২৩ নভেম্বর তাকে এ ডিগ্রি প্রদান করা হয়। পরবর্তীতে ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রী শেখর চক্রবর্তী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়।

ড. সুলতানা নাজনীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বাংলা বিভাগ থেকে এ ডিগ্রি লাভ করেন। তার গবেষণার শিরোনাম ছিল ‘সেলিনা হোসেনের উপন্যাস : ইতিহাসের শিল্পরূপ’ (The Novels of Selina Hossain: The Art Form of History)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গিয়াস শামীমের তত্ত্বাবধানে এই গবেষণা সম্পন্ন করেন।

এর পূর্বে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার স্কুল ও কলেজজীবনের পড়াশোনা যথাক্রমে ঢাকা ক্যান্টনমেন্টের আদমজী কলেজ ও আদর্শ স্কুলে সম্পন্ন হয়েছে।

বর্তমানে ড. সুলতানা নাজনীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%