০১:২৬ পি.এম
দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং সময়মতো হামের টিকা আমদানিতে ব্যর্থতার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদনের নিষ্পত্তি করেছে ঢাকার সিএমএম আদালত।
সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল। পরে আদালত আবেদনটি খারিজ করে দেন।
ড. ইউনূস ও নূর জাহান ছাড়াও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে এই মামলায় আসামি করার জন্য আবেদন করা হয়েছিল।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ৮০ হাজার শিশু হামের লক্ষণ নিয়ে বা হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেছে। এই সময়ে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।
মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছিল, আসামিদের দায়িত্বের চরম অবহেলা, কু-উদ্দেশ্য ও দুর্নীতিপরায়ণ মনোভাবের কারণে শিশুদের টিকা না দেওয়ার ফলে হামের প্রাদুর্ভাব সৃষ্টি হয়েছে এবং মহামারী আকারে তা পরিব্যাপ্ত হয়েছে। এ ঘটনায় আসামিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দোষী। তারা জাতির সাথে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ করেছে।
অভিযোগ গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আবেদন জানানো হয়েছিল।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের একান্ত বৈঠক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন