০৩:৫৩ পি.এম
জাপানের বিভিন্ন শহরে প্রথমবারের মতো 'নিষ্ঠুর গরম দিন' ঘটেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তীব্র তাপপ্রবাহ সম্পর্কে মানুষকে সতর্ক করার জন্য এ বছর নতুন আবহাওয়াবিষয়ক পরিভাষা চালু করা হয়। দেশটির প্রায় সম্পূর্ণ অঞ্চলজুড়ে হিটস্ট্রোক সতর্কতা জারি করা হয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা জানায়, মঙ্গলবার দেশের মধ্যাঞ্চলের তিনটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এই অবস্থাকে 'কোকুশোবি' বলা হচ্ছে, যার অর্থ 'নিষ্ঠুর গরম দিন'।
টোকিও থেকে বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। বুধবার নাগোয়াসহ মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এবং পূর্বাঞ্চলে টোকিওর আশপাশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তারও অধিক ছিল।
আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জু আবারও ইত্তেফাকের প্রকাশনার দায়িত্বে
জাপানের ৪৭টি প্রিফেকচারের মধ্যে ৪১টিতে হিটস্ট্রোক সতর্কতা জারি করেছে আবহাওয়া সংস্থা। বিশেষভাবে বিপুলসংখ্যক বয়স্ক মানুষকে শীতল পরিবেশে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় দমকল বিভাগের এক মুখপাত্র এএফপিকে জানান, টোকিওর উত্তরে গ্রামীণ তোচিগি অঞ্চলে মঙ্গলবার ৮৫ বছর বয়সী এক ব্যক্তিকে তার খামারের গ্রিনহাউসের ভেতরে অচেতন অবস্থায় পাওয়া গেছে। পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, 'গ্রিনহাউসের ভেতরে প্রচণ্ড গরম ছিল।'
জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি বুধবার জনগণকে এই তীব্র তাপপ্রবাহকে 'দুর্যোগ' হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: ‘জামায়াত-এনসিপি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ডাক দিলে আমিও তাদের সমর্থন ও সাধুবাদ জানাবো’
সংস্থাটি বলেছে, 'জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা বাড়ছে। সারা দেশে তীব্র গরম অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।'
তারা আরও জানিয়েছেন, 'অনেক মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, এমনকি মৃত্যুও ঘটছে। তাই, এ তীব্র তাপপ্রবাহকে 'দুর্যোগ' বলা মোটেও অতিরঞ্জিত হবে না।'
বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে জাপানসহ বিশ্বের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের ঘটনা বেশি ঘন ঘন ও বেশি মাত্রায় ঘটছে।
গত বছর দেশটি ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার করেছে।
আরও পড়ুন: ডার্টি বোমা হামলার পরিকল্পনায় ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
জাপানের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ২০২৫ সালের ৫ আগস্ট রেকর্ড করা হয়েছে। সেদিন টোকিওর উত্তরে ইসেসাকি শহরে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন