মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫০ পি.এম
হলিউডের কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেতা কিলিয়ান মারফি এবং জেসি বাকলি। কেভিন ব্যারির উপন্যাস ‘দ্য হার্ট ইন উইন্টার’ অবলম্বনে নির্মিতব্য ওয়েস্টার্ন ঘরানার ছবিটি পরিচালনা করবেন স্পিলবার্গ। চিত্রনাট্যটি লিখছেন ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’খ্যাত নির্মাতা পল থমাস অ্যান্ডারসন।
বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, ছবিতে মারফি ও বাকলির সঙ্গে অভিনয় করবেন মার্ক রাইল্যান্সও। সিনেমাটি প্রযোজনা করবে ফোকাস ফিচার্স। ছবিটির মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালে।
‘দ্য হার্ট ইন উইন্টার’ উপন্যাসটি প্রকাশিত হয় ২০২৪ সালে। এর গল্পের কেন্দ্রে রয়েছেন আইরিশ কবি টম রুর্ক। শহরের খনি অধিনায়কের নতুন স্ত্রী পলি গিলেসপির প্রেমে পড়েন তিনি। পরে দুজন একসঙ্গে সান ফ্রান্সিসকোর উদ্দেশে পালিয়ে যান। তবে তাদের পিছু নেয় সশস্ত্র বন্দুকধারীদের একটি দল।
এই সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করবেন স্পিলবার্গ ও জেসি বাকলি। এর আগে ‘হ্যামনেট’ সিনেমায় প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন স্পিলবার্গ। ২০২৫ সালে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন বাকলি।
অন্যদিকে, পল থমাস অ্যান্ডারসনের জন্যও এটি বিশেষ কাজ। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য ২০২৫ সালের অস্কারে সেরা পরিচালকসহ ছয়টি পুরস্কার জেতেন তিনি। তবে ‘দ্য হার্ট ইন উইন্টার’ হবে এমন প্রথম সিনেমা, যার চিত্রনাট্য তিনি লিখছেন, কিন্তু পরিচালনা করছেন না।
কিলিয়ান মারফিকে সম্প্রতি নেটফ্লিক্সের ‘পিকি ব্লাইন্ডার্স : দ্য ইমমর্টাল ম্যান’ সিনেমায় টমাস শেলবি চরিত্রে দেখা গেছে। সামনে তাকে ‘আ কোয়ায়েট প্লেস পার্ট থ্রি’ এবং ‘২৮ ইয়ার্স লেটার’ সিরিজের শেষ কিস্তিতে দেখা যাবে। অন্যদিকে জেসি বাকলির হাতে রয়েছে পল মেসকাল অভিনীত ‘হোল্ড অন টু ইওর অ্যাঞ্জেলস’সহ আরো কয়েকটি সিনেমার কাজ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দায়ের হওয়া নাশকতার মামলায় নজরুল ইসলাম রকি (৪০) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ধুনট থানার পুলিশ তাকে বগুড়া আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হওয়ার আগে সোমবার বিকেলে শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকা থেকে নজরুল ইসলাম রকিকে আটক করা হয়। তিনি ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামের দুদু শেখের পুত্র এবং ধুনট উপজেলা শ্রমিক লীগের সদস্য।
স্থানীয় সূত্র ও মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির সময় রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি কার্যালয়ের সামনের সড়কে বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
এ ঘটনায় ২২ নভেম্বর রাতে ধুনট পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এজিএম বাদশাহসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। নজরুল ইসলাম রকিকে ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানিয়েছেন, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান উল্লেখ করেছেন যে, সরকারি কর্মকর্তাদের সপ্তাহে দুই দিন ছুটি থাকলেও মন্ত্রীদের জন্য কোনো ছুটি নেই। প্রধানমন্ত্রী সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করেন এবং মন্ত্রীরাও একই সময় ধরে দিনরাত কাজ করছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘আমরা চাই বাংলাদেশটা পৃথিবীর বুকে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করেন। তার সঙ্গে আমরা যারা মন্ত্রিপরিষদে আছি, আমাদের জীবনও শুরু হয় সকাল ৮টায়, শেষ করি রাত ১২টায়। এত কিছুর পরেও কিন্তু এক দিনের জন্যও ছুটি নেই। সরকারি কর্মকর্তাদের সপ্তাহে ছুটি থাকে দুই দিন। আমাদের কোনো শুক্রবার নেই, শনিবার নেই। এভাবে আমরা দিনরাত কাজ করছি।’
সরকার গঠনের সময় অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে আহমেদ আযম খান বলেন, ‘আমরা খুব শূন্য হাতে সরকার গঠন করেছি, একেবারে শূন্য হাতে। ড. ইউনূস নির্বাচন দিয়ে যে মাসে বিদায় নিলেন, সে মাসে সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছিল। এরকম একটা শূন্য হাতে সরকার গঠন করেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একে একে নির্বাচনি প্রতিশ্রুতি ও ইশতেহারগুলো বাস্তবায়ন শুরু করেছেন।’
তিনি আরো বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড দেওয়া শুরু হয়েছে। দেশে ১৫১ শয্যাবিশিষ্ট ৬০০টি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই এসব হাসপাতালের টেন্ডার হবে বলে জানান তিনি।
নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে যদি আমাদের অর্থনীতিকে ধ্বংস করার জন্য আমাদেরই কোনো সন্তানেরা নাশকতায় নামে, জ্বালাও-পোড়াওয়ে নামে, তাহলে কি আমরা দেশটা গড়ে তুলতে পারব? আপনাদের কাছে অনুরোধ থাকল, আমাদের কারও সন্তান, কারও ভাই, কারও আত্মীয় যেন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। আমরা দেশটাকে সুন্দর, চমৎকার, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই।’
তিনি বলেন, শুধু সরকারের পক্ষে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন পুরো জাতির ঐক্য। প্রধানমন্ত্রী বারবার জাতীয় ঐক্যের কথা বলে আসছেন। এ অঞ্চলের বাসিন্দাদেরও তাঁদের আত্মীয়স্বজনের প্রতি নজর রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন ধ্বংসাত্মক বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ কে এম মামুনুর রশীদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর ও সাবেক সভাপতি এনামুল করিম অটল প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিয়ানমার গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির পাঁচজন শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এই রায়ের মাধ্যমে কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার ঘটনা ইতিহাসে প্রথমবারের মতো ঘটল।
যে পাঁচজন মিয়ানমার সামরিক কর্মকর্তা নিষেধাজ্ঞার আওতায় এসেছেন তারা হলেন—মায়ো তুত হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেত উ, কিয়াও সোয়ে এবং কিয়াও সোয়ার উ।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে বলেছেন, "গণহত্যার মতো গভীরভাবে স্তম্ভিত করার মতো অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ায় নিজস্ব মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে এবং এর সঙ্গে সুস্পষ্ট পদক্ষেপও জরুরি।"
২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং সম্পর্কে মিলিব্যান্ড বলেন, ২০১৭ সালে গণহত্যার সময় তিনি সেনাপ্রধান ছিলেন। তাই সেখানে সংঘটিত অনেক নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী।
মিলিব্যান্ড আরও বলেন, মিয়ানমারকে অবশ্যই চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে, অপরাধীদের তদন্ত ও বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং এ ধরনের নৃশংসতা যেন আর কখনো না ঘটে তা নিশ্চিত করতে হবে।
এছাড়াও, মানবিক সহায়তা পৌঁছানোর পথ সুগম করতে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা স্থগিত, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন মিলিব্যান্ড। তিনি মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি (অ্যাভিয়েশন ফুয়েল) সরবরাহ বন্ধ করতে নতুন আইন পাসের কথাও নিশ্চিত করেছেন।
গত সপ্তাহে আইসিজের রায়ের পরপরই এড মিলিব্যান্ড যুক্তরাজ্য থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেছিলেন। সোমবার (২৩ নভেম্বর) তিনি ব্রিটিশ সংসদ সদস্যদের (এমপি) জানান, যুক্তরাজ্য চলতি সপ্তাহেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের একটি প্যানেল ৯-৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় রায় দেয় যে, আদালতে উপস্থাপিত তথ্যপ্রমাণ থেকে ‘গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত’। রায়ে আরও উল্লেখ করা হয়, ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের বেশ কয়েকটি ধারা মিয়ানমার লঙ্ঘন করেছে।
আদালতের রায়ে বলা হয়েছে, ২০১৭ সালে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর তথাকথিত ‘শুদ্ধি অভিযানে’ প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল এবং ৭ লাখের বেশি রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। সে সময় গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় এবং নারী ও কিশোরীরা ব্যাপকভাবে ধর্ষণের শিকার হন। যদিও মিয়ানমার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
যুক্তরাজ্যের পাশাপাশি অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন এবং কানাডাসহ আরও বেশ কয়েকটি দেশ আইসিজের এই ঐতিহাসিক রায়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ