ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখে জ্ঞান হারিয়ে ফেলি: শহীদ রনির মা


ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখে জ্ঞান হারিয়ে ফেলি: শহীদ রনির মা

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১তম সাক্ষী হিসেবে জবানবন্দি প্রদান করেছেন নিহত রনির মা, পারভীন আক্তার।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার জবানবন্দি রেকর্ড করা হয়। এই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে।

জবানবন্দিতে ৪৭ বছর বয়সী পারভীন আক্তার জানান, তার ছেলে রনি পেশায় রিকশাচালক ছিলেন। ২০২৪ সালের ১৮ জুলাই রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রনি রিকশা নিয়ে বাসা থেকে বের হন। রাত ১টা থেকে দেড়টার দিকে এক প্রতিবেশী দরজায় কড়া নেড়ে তাকে জানান, রনির শরীরে সাত-আটটি গুলি লেগেছে। এই কথা বলতে গিয়ে ট্রাইব্যুনালে কান্নায় ভেঙে পড়েন তিনি।

আরও পড়ুন: রাজশাহীতে ভাই-বোনের কাছে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

পারভীন আক্তার তার জবানবন্দিতে বলেন, খবর পেয়ে বাসা থেকে বের হয়ে তিনি লোকজনের ভিড় দেখতে পান এবং সেখানে উপস্থিত ব্যক্তিরা তাকে রনির গুলিবিদ্ধ হওয়ার ভিডিও দেখান। পরে তিনি তার শাশুড়ি ও ননদকে নিয়ে রিকশাযোগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে একটি ট্রলিতে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

হাসপাতালের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে সাক্ষী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর তারা ময়নাতদন্তের কথা বলে। তবে কোনো ধরনের কাগজপত্র দিতে অস্বীকৃতি জানিয়ে লাশ নিয়ে যেতে বলে। পরে তার ভাতিজা সারোয়ার ও ননদের স্বামী হারুন রনির মরদেহ বাসায় নিয়ে আসেন এবং পরদিন দাফন সম্পন্ন হয়।

জবানবন্দির শেষ পর্যায়ে পারভীন আক্তার অভিযোগ করেন, জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপস, আসিফ, বিপ্লব, রাজীব, ইউনুস, রুবেল ও সাজ্জাদসহ আরও অনেকে মিলে তার ছেলেকে হত্যা করেছেন। তিনি এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) দাবি করেন।

আরও পড়ুন: যশোরের সাবেক এমপি আজিজুল ইসলামকে ঢাকায় গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ডাক দিয়েছেন ইসরাইলি সাবেক গোয়েন্দা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ডাক দিয়েছেন ইসরাইলি সাবেক গোয়েন্দা প্রধান

মোসাদের সাবেক প্রধান ডেভিড বার্নিয়া মনে করেন, সুযোগ ও পরিবেশ অনুকূলে আসলে ইরানের বিরুদ্ধে ইসরাইলকে যুদ্ধে জড়িয়ে পড়া উচিত। জেরুজালেমে এলনেট সম্মেলনে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থার সঙ্গে কোনো কূটনৈতিক সমঝোতা কার্যকর হবে না।

বার্নিয়া বলেন, ইসরাইল ও ইউরোপের সম্পর্ক নিয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে, ইরানের মূল লক্ষ্য পরমাণু অস্ত্র তৈরি করা। গত জুনে মোসাদের দায়িত্ব ছাড়ার পর, এই সাবেক গোয়েন্দাপ্রধান জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে দুটি হামলা চালালেও তেহরান সেই লক্ষ্য থেকে সরে আসেনি।

ইরানের আচরণ পরিবর্তনের জন্য নিষেধাজ্ঞাকে সময় দেওয়ার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন, তবে সতর্কবার্তা দিয়েছেন বার্নিয়া। তার মতে, পশ্চিমা দেশগুলোকে ইরানের সম্ভাব্য চাল বা কৌশল মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে, দীর্ঘ সময় ধরে চলা অস্থিরতা মোকাবিলার সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে কি না, তা নিয়ে দেশগুলোকে ভাবতে হবে।

বার্নিয়া বলেন, ইতিহাসের বড় ও কঠিন সিদ্ধান্তগুলো সাধারণত জনপ্রিয় হয় না, কিন্তু বর্তমান বিশ্ব মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাঁকে রয়েছে। তার মতে, বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটাতে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি যুদ্ধ শুরু করার পক্ষে জোর দেন, যদি সময় ও পরিস্থিতি অনুকূলে আসে।

যুদ্ধ হলে যে তীব্র ক্ষোভ সৃষ্টি হবে এবং ইহুদিবিদ্বেষ বাড়বে, তা স্বীকার করেন বার্নিয়া। তবে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহসই প্রকৃত নেতৃত্বকে চিহ্নিত করে। যুদ্ধের ফলে সাময়িক অস্থিরতা ও অর্থনৈতিক কষ্ট হলেও, শেষ পর্যন্ত তা পুরো বিশ্বের জন্য শান্ত ও নিরাপদ পরিবেশ তৈরি করবে বলে তিনি দাবি করেন।

সূত্র: টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদলের বহুল আলোচিত জুটিরা এখন কোথায়?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


ছাত্রদলের বহুল আলোচিত জুটিরা এখন কোথায়?

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির ইতিহাসে বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন এমন অনেক ডাকসাইটে ছাত্রনেতা, যারা পরবর্তী সময়ে মূল সংগঠন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা শুধু সাংগঠনিক দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না; নিজেদের নেতৃত্বের দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা, আকাশচুম্বী জনপ্রিয়তা এবং কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে ছাত্রসমাজেও আলাদা পরিচিতি পেয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই এখনো ছাত্ররাজনীতির আইকন হিসেবে বিবেচিত। তবে সবার নেতৃত্ব অনুসরণীয় নয়, সাবেক ছাত্রনেতাদের মধ্যে কেউ কেউ বিতর্কিতও হয়েছেন।

ছাত্রদলের রাজনীতিতে একসময় নেতাকর্মীদের মুখে মুখে ছিল কয়েকটি জুটির নাম। তারা হলেন—বাবলু-নীরু, দুদু-রিপন, আমান-খোকন, রিজভী-ইলিয়াস, মিলন-মোশাররফ, এ্যানি-সোহেল, পিন্টু-লাল্টু, হেলাল-বাবু, টুকু-আলিম, কিংবা রাজিব-আকরাম। এসব নামের সঙ্গে জড়িয়ে আছে ছাত্রদলের বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক উত্থানের ইতিহাস।

সেই আলোচিত জুটিগুলোর মধ্যে অনেকেই এখন বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। কেউ মন্ত্রিসভায়, কেউ সংসদ সদস্য, আবার কেউ দলের নীতিনির্ধারণী পর্যায়ে। তবে সবার রাজনৈতিক পথ এক রকম হয়নি। কয়েকজন প্রয়াত হয়েছেন, কেউ দলীয় রাজনীতি থেকে নিষ্ক্রিয়, আবার কেউ দল থেকে বিচ্ছিন্ন হয়ে প্রবাসে অবস্থান করছেন।

ছাত্রদলের সাবেক এসব নেতার বর্তমান অবস্থান পর্যালোচনা করলে ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উত্থান-পতনের নানা চিত্র সামনে আসে।

বাবলু-নীরু

আশির দশকে সামরিক স্বৈরাচার হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের আলোচিত দুই নাম ছিলেন মাহবুবুল হক বাবলু ও সানাউল হক নীরু। তাদের সাংগঠনিক দক্ষতা ও রাজপথের সক্রিয়তা ছাত্রদলকে ক্যাম্পাসের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর ছাত্রসমাজে পরিচিত করে তোলে।

১৯৮৭ সালের ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে গুলিবিদ্ধ হওয়ার পর বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন বাবলু। পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়। ছাত্রদলের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সংগঠক হিসেবে স্মরণ করা হয় তাকে।

অন্যদিকে, গণঅভ্যুত্থানের সময় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এবং সর্বদলীয় ছাত্রসংগঠনগুলোর চাপের মুখে ছাত্রদল ও বিএনপি থেকে বহিষ্কৃত হন সানাউল হক নীরু।

সানাউল নীরু হচ্ছেন বাবলুর আপন ছোটভাই। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে তার দলে ফেরার কথা নানা সময়ে শোনা গেলেও আজও সেটি হয়ে উঠেনি। তিনি অন্য কোনো দলও করেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে এক সময় তুমুল জনপ্রিয় ছিলেন নীরু। ডাকসু ভোটে আমান-খোকন-মিলনদের জয়ী করার পেছনে তার ভূমিকা নানা সময়ে প্রশংসিত হয়ে আসছে।

দুদু-জালাল, দুদু-বাবলু ও রিপন

আশির দশকে ছাত্রদলের নেতৃত্বে আলোচিত নাম ছিলেন শামসুজ্জামান দুদু, মাহবুবুল হক বাবলু ও ড. আসাদুজ্জামান রিপন। দুদু ১৯৮৫ ও ১৯৮৬ সালে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। ওই সময়ে তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন জালাল আহমেদ।

পরবর্তী সময়ে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন দুদু। চুয়াডাঙ্গা থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন দীর্ঘদিন। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান।

দুদুর পর ১৯৮৭ সালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হন জালাল আহমেদ। তার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মাহবুবুল হক বাবলু। তবে সভাপতি হিসেবে ছাত্রদলের রাজনীতিতে বেশিদিন থাকতে পারেননি জালাল। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় এরশাদের সঙ্গে সমঝোতা ও আঁতাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরবর্তী সময়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। বিএনপির রাজনীতিতে তাকে ‘রাজনৈতিক বেঈমান’ হিসেবে অভিহিত করা হয়।

জালাল আহমেদ জাতীয় পার্টিতে যোগ দেওয়ার পরপরই ১৯৮৭ সালের ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে নিহত হন বাবলু। ছাত্রদলের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও সাংগঠনিক দক্ষতাসম্পন্ন ছাত্রনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে।

জালালের পর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পান আসাদুজ্জামান রিপন। তার কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন বাবলু। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন রিপন। পরবর্তী সময়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশেষ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। একসময় দলীয় রাজনীতিতে কিছুটা নিষ্ক্রিয় থাকলেও পরে আবার সক্রিয় হন। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। রিপন বিএনপির ভাইস চেয়ারম্যান।

আমান-খোকন

নব্বইয়ের দশকে ছাত্রদলের রাজনীতিতে আলোচিত জুটি ছিলেন আমানউল্লাহ আমান ও খায়রুল কবির খোকন। আমান ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পরে আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তিনি ডাকসুর সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েও আলোচনায় আসেন।

১৯৯০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে আমানউল্লাহ আমান ভিপি এবং খায়রুল কবির খোকন সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। এজিএস হন নাজিমুদ্দিন আলম। ওই নির্বাচনে ভিপি পদে আমান ৭ হাজার ৩৮৯ ভোট, জিএস পদে খোকন ৭ হাজার ১৯১ ভোট এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নাজিম উদ্দিন আলম ৭ হাজার ৮১ ভোট পেয়ে বিজয়ী হন। ছাত্রদল ওই নির্বাচনে ডাকসুর কেন্দ্রীয় ২০টি পদেই জয়লাভ করে।

আমান-খোকনের নেতৃত্বাধীন প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের পর স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয়। এর প্রায় ছয় মাস পর ৬ ডিসেম্বর পতন ঘটে সামরিক স্বৈরশাসক এরশাদের। অর্থাৎ এরশাদবিরোধী আন্দোলনের উত্তাল সময়েই ডাকসুর নেতৃত্বে এসেছিলেন এই দুই ছাত্রনেতা।

পরবর্তী সময়ে ছাত্রদলের এই দুই নেতা সংসদ সদস্য ও বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। আমানউল্লাহ আমান বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক, যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের উপদেষ্টা পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আমান।

অন্যদিকে, খায়রুল কবির খোকন ছাত্ররাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নরসিংদীর রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন। বিএনপির কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি নির্বাচনি রাজনীতিতেও সক্রিয় তিনি। ২০২৬ সালের সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি পদে রয়েছেন।

রিজভী-ইলিয়াস

১৯৯২ সালে ছাত্রদলের নেতৃত্বে আসেন রুহুল কবির রিজভী ও এম ইলিয়াস আলী। এই জুটি ছাত্র রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করেন। রিজভী রাকসুর ভিপি নির্বাচিত হন। পরবর্তীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব।

আর ইলিয়াস সিলেটের রাজনীতির পাশপাশি কেন্দ্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ফ্যাসিবাদী আন্দোলন করতে গিয়ে গুমের শিকার হন।

মিলন-মোশাররফ

ছাত্রদলের পরবর্তী নেতৃত্বে আলোচিত নাম ফজলুল হক মিলন ও এবিএম মোশাররফ হোসেন। ১৯৯২ সালে ছাত্রদলের সভাপতি ছিলেন মিলন। বর্তমানে তিনি গাজীপুর জেলা বিএনপির সভাপতি এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য। তার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মোশাররফ হোসেন। তিনি বর্তমানে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য।

এ্যানি-সোহেল

১৯৯৬ সালের শেষ দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তার নেতৃত্বাধীন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন হাবিব উন নবী খান সোহেল। ১৯৯৮ সাল পর্যন্ত এ্যানি সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর সোহেল কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান এবং ২০০০ সাল পর্যন্ত সংগঠনটির নেতৃত্ব দেন।

ছাত্ররাজনীতির এই জুটি পরবর্তী সময়ে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতেও নিজেদের অবস্থান সুসংহত করেন। এ্যানি লক্ষ্মীপুর-৩ আসন থেকে ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে বর্তমানে সরকারের পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব।

এ্যানির কমিটির সাধারণ সম্পাদক সোহেল পরবর্তীতে ছাত্রদলের সভাপতি হন। ছাত্ররাজনীতির আইকন হিসেবে পরিচিত ছিলেন তিনি। এরপর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন সোহেল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এই নেতা বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব। অর্থাৎ, যে কমিটিতে এ্যানি সভাপতি ও সোহেল সাধারণ সম্পাদক ছিলেন, সময়ের ব্যবধানে সেই দুই ছাত্রনেতাই বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে পৌঁছেছেন। তাদের একজন এখন মন্ত্রিসভায়, অন্যজন দলের সাংগঠনিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

পিন্টু-লাল্টু

ছাত্ররাজনীতির আলোচিত নাম নাসিরউদ্দিন পিন্টু ও সাহাবুদ্দিন লাল্টু। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। বিএনপির সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। তবে ২০১৫ সালের ৩ মে কারাগারে তার মৃত্যু হয়।

ছাত্রদলের মিলেনিয়াম জুটি হিসেবে পরিচিত ছিলেন পিন্টু ও সাহাবুদ্দিন লাল্টু। পিন্টু কমিটির সাধারণ সম্পাদক লাল্টু ২০০২ সালের পরবর্তী সময়ে ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। তবে ছাত্রদলের নেতৃত্ব ছাড়ার পর বিএনপির মূলধারার রাজনীতিতে আর শক্ত অবস্থান তৈরি করতে পারেননি তিনি। দলীয় রাজনীতিতে মতবিরোধ, অভিমান ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ধীরে ধীরে রাজনীতি থেকে দূরে সরে যান। ২০০৮ সাল থেকে তিনি কানাডায় অবস্থান করছেন।

হেলাল-বাবু

২০০৩-০৪ মেয়াদে সাহাবুদ্দিন লাল্টুর পর ছাত্রদলের নেতৃত্বে ছিলেন আজিজুল বারী হেলাল। পরবর্তী সময়ে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন শফিউল বারী বাবু। ছাত্রদলের নেতাকর্মীদের কাছে এই দুই নামও একসঙ্গে পরিচিত ছিল।

হেলাল বর্তমানে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য।

অন্যদিকে, শফিউল বারী বাবু পরবর্তী সময়ে বিএনপির আরেক অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হন। ২০২০ সালের ২৮ জুলাই তার মৃত্যু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে তার স্ত্রী বিথিকা বিনতে হোসেনকে বিএনপি মনোনয়ন দেয় এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

টুকু-আলিম

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু। ওই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আমিরুল ইসলাম খান আলিম। দুজনই পরবর্তী সময়ে বিএনপির রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করেন।

টুকু বিএনপির অন্যতম প্রধান অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের শীর্ষ নেতৃত্বেও ছিলেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। একই কমিটির সাধারণ সম্পাদক আলিম সিরাজগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শ্রাবণ-জুয়েল

২০২২ সালে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে কমিটি হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে এই কমিটির ভূমিকা প্রশংসিত। শ্রাবণ যশোরের একটি আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। পরে তার মনোনয়ন প্রত্যাহার করা হয়। আর জুয়েল অঙ্গ সংগঠনের রাজনীতি করতে আগ্রহী, এ কারণে কেন্দ্রীয় সদস্য পদও গ্রহণ করেননি।

সাবেক ছাত্রদল নেতাদের বর্তমান অবস্থান পর্যালোচনা করলে দেখা যায়, সংগঠনটির নেতৃত্ব বিএনপির জন্য এখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক জনশক্তির উৎস। একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা অনেকেই এখন দলের কেন্দ্রীয় নেতৃত্ব, সংসদ ও মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। কেউ রয়েছেন নীতিনির্ধারণী ফোরামে, কেউ পালন করছেন সাংগঠনিক দায়িত্ব। আবার কারও রাজনৈতিক জীবন থেমেছে মৃত্যুতে, কেউ দলীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, কেউবা রয়েছেন প্রবাসে।

একসময় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম জোড়ায় জোড়ায় উচ্চারিত হওয়ার পেছনে ছিল তাদের সাংগঠনিক গ্রহণযোগ্যতা, ব্যক্তিগত জনপ্রিয়তা এবং রাজপথে দৃশ্যমান নেতৃত্ব। বর্তমান ছাত্রদলের রাজনীতিতে অতীতের মতো আলোচিত যুগল নেতৃত্বের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

ছাত্রদল এখনো বিএনপির ভবিষ্যৎ রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃত্ব তৈরির ক্ষেত্র। তবে অতীতের মতো ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে জাতীয় পর্যায়ে পরিচিত নেতৃত্ব তৈরি হচ্ছে কিনা, সেটিই এখন বড় প্রশ্ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিলি বাজারে নতুন আলুর দাম প্রতি কেজি ৮০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


হিলি বাজারে নতুন আলুর দাম প্রতি কেজি ৮০ টাকা

দিনাজপুরের হিলি বাজারে আগাম জাতের নতুন আলু বিক্রি শুরু হয়েছে। মৌসুমের প্রথমদিকে বাজারে নতুন আলুর মূল্য প্রতি কেজি ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, পুরাতন আলু বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকা কেজি দরে। দামের এই বিশাল পার্থক্য সত্ত্বেও কিছু ক্রেতা নতুন আলুর স্বাদ নিতে আগ্রহী হয়ে কিনছেন। তবে, অধিকাংশ ক্রেতা দাম বেশি হওয়ার কারণে নতুন আলু না কিনেই ফিরে যাচ্ছেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে দিনাজপুরের হিলি বাজারে দেখা যায়, কয়েকটি সবজির দোকানে ছোট ছোট ডালায় সাজিয়ে বিক্রি করা হচ্ছে আগাম জাতের নতুন আলু। ব্যবসায়ীরা প্রতি কেজি আলুর জন্য ৮০ টাকা দাবি করছেন। দাম শুনে অনেকেই নতুন আলু না কিনেই চলে যাচ্ছেন, আবার কেউ কেউ সামর্থ্য অনুযায়ী অল্প পরিমাণে কিনছেন।

বাজারে সবজি কিনতে আসা আমিরুল হক বলেন, "নতুন আলু বাজারে উঠেছে, তবে দাম অনেক বেশি। প্রতি কেজি ৮০ টাকা। এত দামে আলু কেনার প্রয়োজন নেই। যেখানে পুরাতন আলু মাত্র ১৫ টাকা কেজি, তাই পুরাতন আলুই কিনেছি।"

আরেক ক্রেতা হায়দার আলী নতুন আলু কিনেছেন। তিনি মন্তব্য করেন, "শখের দাম লাখ টাকা। নতুন আলুর স্বাদই আলাদা। ৮০ টাকা কেজি হলেও আধা কেজি কিনেছি। পুরাতন আলু তো প্রতিদিনই খাওয়া হয়।"

হিলি বাজারের সবজি ব্যবসায়ী বাবলু জানান, "শুক্রবার থেকে বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। এসব আলু দিনাজপুরের বিরামপুর, কাটলা ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসছে। মৌসুমের শুরুতে আগাম জাতের আলুর দাম বেশি থাকে। বর্তমানে প্রতি কেজি ৮০ টাকা দরে খুচরা বিক্রি করছি। পুরাতন আলুর দাম কম থাকায় নতুন আলুর প্রতি ক্রেতাদের তেমন আগ্রহ নেই। বাজারে নতুন আলুর সরবরাহ বাড়লে দামও কমে আসবে বলে আশা করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

শহিদুল ইসলাম, প্রতিবেদক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ
রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর উদ্যোগে চট্টগ্রামে দুর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে 'সম্প্রীতি ও উন্নয়ন' প্রকল্পের আওতায় ২৩ নভেম্বর ২০২৬, সোমবার নানিয়ারচর জোন সদর এর আওতাধীন নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

গত ০১ নভেম্বর ২০২৬ তারিখ হতে নানিয়ারচর এলাকায় বিশেষ অপারেশন চলাকালীন সময় দেখা যায়, উক্ত এলাকাটি দুর্গম পাহাড়ী অঞ্চল হওয়ায় এই এলাকার জনসাধারণ সুচিকিৎসা হতে বঞ্চিত। এমন শোচনীয় অবস্থা পরিলক্ষিত হলে, নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি, এর নির্দেশনায় নানিয়ারচর এলাকায় জনসাধারণের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য একটি মেডিক্যাল ক্যাম্পেইন কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকা নানিয়ারচর, ইসলামপুর, খামারপাড়া, নোয়াদম, সাপমারা এবং আশেপাশের এলাকার সকল স্তরের এবং বয়সের মানুষ চিকিৎসাসেবা গ্রহণের উদ্দেশ্যে স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্বাস্থ্যসেবা বঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর চিকিৎসা সেবা সহজলভ্য করা ও তাদের সার্বিক স্বাস্থ্যমান উন্নত করতেই সেনাবাহিনীর এ জনকল্যাণমূলক উদ্যেগ।

নানিয়ারচর জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মাকসুদুল হাসান কর্তৃক ৩৪ পুরুষ, ৭৪ জন মহিলা ও ১১ জন শিশুসহ সর্বমোট ১১৯ জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় জোন কমান্ডার বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরণের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন। এ ধরণের নিয়মিত চিকিৎসা সেবা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এলাকাবাসী মত প্রদান করেন। উক্ত কর্মসূচি জোন কমান্ডার, নানিয়ারচর জোনের সার্বিক নির্দেশনায় এবং জোন উপ-অধিনায়কের সার্বিক তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%