১২:৪৬ এম
পেরুর পুলিশ বিশ্বকাপের মাসকটের ছদ্মবেশ ধারণ করে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
অপরাধীদের ধরতে পুলিশকে অনেক সময় ফাঁদ পাততে বা নানা কৌশল অবলম্বন করতে দেখা যায়। এবার মাদক কারবারিকে ধরতে একটি অভিনব অভিযান চালাল পুলিশ।
দক্ষিণ আমেরিকার দেশ পেরু বিশ্বকাপের উন্মাদনাকে কাজে লাগিয়ে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। অপরাধীকে ধরতে পুলিশ সদস্যরা বিশ্বকাপের আনুষ্ঠানিক মাসকটের ছদ্মবেশ ধারণ করে। এই তথ্য বার্তা সংস্থা এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে হামলা, ভাঙচুর ও আগুন
পুলিশের এই অভিনব কৌশল আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পেরুর রাজধানী লিমার একটি এলাকায় এই অভিযানটি চালানো হয়। পুলিশ জানায়, অভিযানে অংশ নেওয়া দুই কর্মকর্তা ২০২৬ বিশ্বকাপের দুটি আনুষ্ঠানিক মাসকটের পোশাক পরেছিলেন। একজন সেজেছিলেন কানাডার প্রতিনিধিত্বকারী মাসকট ম্যাপল এবং অন্যজন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী ক্লাচ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেরুর পুলিশ জানতে পারে, সন্দেহভাজন ওই মাদক কারবারি ফুটবলের বড় ভক্ত এবং বিশ্বকাপ নিয়ে বেশ উৎসাহী। ফলে সেই সুযোগ কাজে লাগিয়ে কর্মকর্তারা মাসকট সেজে তার বাড়ির কাছে পৌঁছান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
আটক হওয়া মাদক কারবারির নাম কার্লোস কাবরেরা; বয়স ৪৮ বছর।
আরও পড়ুন: হাকিমপুরে বিএনপির মশাল মিছিল, হামলার প্রতিবাদে শাস্তির দাবি
পুলিশের গ্রিন স্কোয়াডের প্রধান কর্নেল কার্লোস ফ্রেদি আলকান্তারা জানান, অভিযানের সময় কার্লোস কাবরেরা বাড়িতে বসে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করছিলেন। অভিযানে তার কাছ থেকে ২৫২৪টি কোকেন বেস পেস্টের প্যাকেট এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
এ ধরনের অভিনব কৌশল পেরুর পুলিশের জন্য নতুন নয়; এর আগে তারা দ্য গ্রিঞ্চ, ডেডপুল, উলভারিন এবং সান্তা ক্লজের ছদ্মবেশে অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করেছে।
বিশ্বকাপের মাসকট সেজে পরিচালিত সর্বশেষ এই অভিযানকে পেরুর পুলিশের অন্যতম সৃজনশীল কৌশল হিসাবে দেখা হচ্ছে। বিশ্বকাপ জ্বরে যখন পুরো বিশ্ব মেতে আছে, তখন সেই উন্মাদনাকেই কাজে লাগিয়ে সফলভাবে একজন সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করল দেশটির পুলিশ।
আরও পড়ুন: জবিতে আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ছাত্রদলের অবস্থান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন