০৯:২৭ এম
বিদেশে কেনাকাটা, ভ্রমণ এবং বিভিন্ন সেবার মূল্য পরিশোধের জন্য বাংলাদেশিদের ব্যাংক কার্ড ব্যবহারের হার বৃদ্ধি পাচ্ছে। গত আগস্ট মাসে বাংলাদেশে ইস্যু করা ব্যাংক কার্ডের মাধ্যমে বিদেশে গ্রাহকরা মোট ৯৮৭ কোটি টাকা ব্যয় করেছেন। এর মধ্যে ক্রেডিট কার্ডে ব্যয় হয়েছে ৫০৫ কোটি, ডেবিট কার্ডে ৪২২ কোটি এবং প্রিপেইড কার্ডে ৬০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেনের তথ্য থেকে এই পরিসংখ্যান উঠে এসেছে। বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে, যেখানে মোট বিদেশি ক্রেডিট কার্ড ব্যয়ের ১৭.১৬ শতাংশ হয়েছে। এর পরের অবস্থানে রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভারত এবং সিঙ্গাপুর, যেখানে ব্যয়ের হার যথাক্রমে ১০.৮৬, ৯.৭৫, ৯.১২ এবং ৭.৯৮ শতাংশ।
বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয়ের পাশাপাশি দেশের অভ্যন্তরে সামগ্রিক কার্ডভিত্তিক লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে কার্ডের মাধ্যমে লেনদেনের অর্থমূল্য প্রায় ১০৩ শতাংশ বেড়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরে এই লেনদেনের পরিমাণ ছিল ২৪ হাজার ৫৬১ কোটি টাকা, যা চলতি বছরের আগস্টে বেড়ে ৪৯ হাজার ৭৭০ কোটি টাকায় পৌঁছেছে।
আরও পড়ুন: বাংলাদেশ ও জর্ডান যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনে সম্মত
একই সময়ে দেশে ব্যাংক কার্ডের সংখ্যা প্রায় ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরে কার্ডের সংখ্যা ছিল দুই কোটি ৭০ লাখের কিছু বেশি, যা চলতি বছরের আগস্টে বেড়ে পাঁচ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ২৪১টিতে পৌঁছেছে। এর মধ্যে ডেবিট কার্ড রয়েছে চার কোটি আট লাখ ৮৭ হাজার ৮০৪টি, ক্রেডিট কার্ড ২৮ লাখ পাঁচ হাজার ৪৪৯টি এবং প্রিপেইড কার্ড ৯২ লাখ ৭০ হাজার ৯৮৮টি।
সামগ্রিক কার্ড লেনদেন বৃদ্ধি পেয়েছে, তবে গত আগস্টে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে ব্যয় কিছুটা কমেছে। ওই মাসে এ ধরনের লেনদেনের পরিমাণ ছিল চার হাজার ৮৯ কোটি ৩০ লাখ টাকা, যা আগের মাস জুলাইয়ে ছিল চার হাজার ৩২৫ কোটি টাকা। এক মাসে কমেছে ৫.৪৪ শতাংশ।
আগস্ট মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে, যেখানে ব্যয় হয়েছে এক হাজার ৯৬৯ কোটি টাকা। এছাড়া খুচরা বিক্রয়কেন্দ্রে ৫১৮ কোটি, ইউটিলিটি বিল পরিশোধে ৪৪২ কোটি এবং ওষুধ কেনায় ২৮৪ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা।
অন্যদিকে, বিদেশি কার্ড ব্যবহার করে বাংলাদেশে গত আগস্টে বিদেশিরা ২৪৯ কোটি টাকা ব্যয় করেছেন। আগের মাসের তুলনায় এই ব্যয় বেড়েছে ৬.২৭ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৪.৬৬ শতাংশ।
আরও পড়ুন: বাংলাদেশ ও জর্ডান শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে একমত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন