ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হরিরামপুরে কাঠের ভাঙ্গা সেতুই ১৫ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা, জলদূর্ভোগ চরমে


হরিরামপুরে কাঠের ভাঙ্গা সেতুই ১৫ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা, জলদূর্ভোগ চরমে

মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চল লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা এলাকায় অবস্থিত ভাঙাচোরা কাঠের সেতুটি প্রায় ১৫টি গ্রামের মানুষের জন্য একমাত্র ভরসা হিসেবে কাজ করছে। সেতুটির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার কারণে স্থানীয়রা অভিযোগ করেছেন যে, জনপ্রতিনিধিরা মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ করেননি। এই ভাঙা সেতুর উপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন ইউনিয়নের শত শত মানুষ। চলাচল করছে চলাঞ্চলের একমাত্র বাহন হিসেবে শত শত মোটরসাইকেল চালকেরাও।

‎

প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রায় ১৫ বছর আগে সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ আলমাসের উদ্যোগে এই কাঠের সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতুটি সিমেন্টের খুঁটির ওপর কাঠ দিয়ে নির্মিত হয়। নির্মাণের দুই বছর পর থেকেই সেতুটির বিভিন্ন অংশ ভাঙতে শুরু করে। বর্তমানে দীর্ঘদিনের ব্যবহারে সেতুটির রেলিংসহ নিচের পাটাতন অনেক স্থানে ভেঙে গেছে। নটাখোলা থেকে লেছড়াগঞ্জ, সুতালড়ী ও আজিমনগর তিনটি ইউনিয়নের হাজার হাজার জনগণ এই সেতু দিয়ে চলাচল করে। কবিরপুর, মুনছুরাবাদ, আটত্রিশদাগ, চর ইসলামপুর (ভগবানচর), কাজিকান্দা, এনায়েত পুর, নারান্দিয়া, বসনপুর, বালিয়াচক, গঙ্গাধরদী, পাটগ্রাম, হালুয়াঘাটা, ন'টাখোলাসহ ১৫টি গ্রামের মানুষের যোগাযোগের জন্য এই সেতুটি অপরিহার্য।

আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক

‎

এছাড়াও, ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ এ কাঠের সেতু ব্যবহার করে বিদ্যালয়ে আসা-যাওয়া করে। সেতুটির মেরামত না হওয়ার কারণে এ অঞ্চলের কৃষকেরা কৃষি পণ্য নিয়ে বিভিন্ন হাটবাজারে যেতে পারছেন না। শুকনো মৌসুমে সেতুর নিচ দিয়ে ঘোড়ার গাড়িতে মালামাল আনানেয়া করতে পারলেও বছরের প্রায় ছয় থেকে সাত মাস খালে পানি থাকায় নিচ দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারে না।

‎

নটাখোলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুক্তা আক্তার জানান, চরাঞ্চলের জন্য এই রাস্তা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়েই বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু কাঠের সেতুটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। দুই পাশের রেলিং এবং অনেক স্থানে নেই। সেতুর পাশে উঠার জায়গায় অনেকটা ফাঁকা। সেখানকার কাঠ ভেঙে গেছে। ঝুঁকি নিয়ে মোটরসাইকেলসহ মানুষজন পায়ে হেঁটে চলাচল করছে। সেতুটির পুনঃসংস্করণ করা খুবই জরুরী হয়ে পড়েছে। এখানে একটি স্থায়ী ব্রিজ হলে এ অঞ্চলের মানুষের জন্য সবচেয়ে উপকার হবে। এই সেতুর জন্য মানুষের দুর্ভোগের যেন শেষ নেই।

আরও পড়ুন: রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ

‎

নটাখোলা আফরোজা উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক মো. হান্নান মিয়া জানান, এই সেতুটি প্রায় ১৫ বছর আগে নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর দুই বছর অতিবাহিত না হতেই ভাঙন দেখা দেয়। এরপর আর সংস্কার করা হয়নি। সিমেন্টের পিলারের উপরে নির্মিত এই কাঠের সেতুটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে চলাঞ্চলের কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। তাদের দাবি, এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করে চরাঞ্চলের জনগণের যাতায়াতের সুব্যবস্থা করা হোক।

‎

ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আনিস জানান, এই রাস্তাটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন চলাঞ্চলের প্রায় শত শত মোটরসাইকেল এই রাস্তা দিয়ে চলাচল করে। বর্তমান সেতুটির যে অবস্থা, মোটরসাইকেল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাও খুব কষ্টকর। মোটরসাইকেল নিয়ে উঠলে তাদের আত্মায় পানি থাকে না। তাদের দাবি, এখানে একটি পাকা ব্রিজ নির্মাণ করে সমস্যার সমাধানের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক।

আরও পড়ুন: নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল

‎

৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মোতালেব হোসেন জানান, প্রায় দুই বছর আগে এখানে ব্রিজ নির্মাণের জন্য সয়েল টেস্ট করা হয়েছিল। এরপর থেকে আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এই সেতুটি প্রতিবছরই মেরামত করতে হয়। এখানে একটি ব্রিজ অতি জরুরি হয়ে পড়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তাদের দাবি, এখানে জরুরি ভিত্তিতে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের ব্যবস্থা করা হলে অঞ্চলের জনগণের অনেক উপকার হবে।

‎

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মোঃ শাহীনুজ্জামান ইনকিলাবকে জানিয়েছেন, "গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে এখানে ব্রিজের বিষয়ে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত স্যারের ডিও লেটার সহ মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেওয়া আছে। প্রস্তাবনা প্রকল্পটি অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।"

আরও পড়ুন: নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান জননেতা জাকির খানের পক্ষ থেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


লালবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের প্রাণ গেল

লালবাগের শহিদ নগর এলাকায় একটি নির্মীয়মাণ ভবনের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিপ্লব (২৬) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। রবিবার (১ নভেম্বর) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।

নিহত যুবক মো. দেলোয়ারের পুত্র হিসেবে পরিচিত। তিনি শহিদ নগরে বসবাস করতেন। রবিবার দুপুরে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালালে বিপ্লব দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু দুর্বৃত্তরা তাকে ধরে কুপিয়ে হত্যা করে।

লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. রাশেদুজ্জামান ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘শহিদ নগর ৬ নম্বর গলিতে দুর্বৃত্তরা বিপ্লবকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘আমরা পুরো বিষয়টি তদন্ত করছি। মরদেহ উদ্ধার প্রক্রিয়াসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনিভাবে কথা বলবেন শরিফুল রাজ, মুক্তি নিয়ে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


আইনিভাবে কথা বলবেন শরিফুল রাজ, মুক্তি নিয়ে অনিশ্চয়তা

ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজ ‘ঠিকানা’ সিনেমা নিয়ে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার তাকে চুক্তির শর্ত লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রযোজক জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে অভিনেতা শরিফুল রাজ তার অবস্থান তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, প্রযোজকপক্ষের আসলে টাকা বা শিডিউল নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। আইনি নোটিশ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “একবার বলে টাকার কথা, আমি নাকি টাকা দিচ্ছি না। আবার বলে শিডিউলের কথা। তারা আসলে কী চায়? টাকা চাইলে নিয়ে যাক। আর যদি শিডিউল চায়, সেটা তো অবশ্যই দিব। আমি তো সিনেমা করতে এসেছি।”

রাজ জানান, আসন্ন ঈদে সিনেমা মুক্তির পরিকল্পনা থাকলেও চুক্তিতে অন্য কোনো সিনেমায় কাজ করার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল না। তিনি দাবি করেন, প্রযোজকের পাঠানো আইনি নোটিশে ছবিটি ঈদের পর মুক্তির কথা উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “সিনেমাটি ঈদেই আসবে। আর কোনো সিনেমা করা যাবে না, বিষয়টা এমন নয়। তাদের ইচ্ছা ঈদে মুক্তি দিবে, ওকে। কিন্তু অন্য কোনো সিনেমা করা যাবে না- এটা তো চুক্তিতে নাই।”

চুক্তির শর্ত নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রাজ বলেন, চুক্তির ৪.১১ ধারা এবং আইনি নোটিশের দ্বিতীয় ধারায় সিনেমাটির মুক্তি ও শিডিউল সংক্রান্ত বিষয় উল্লেখ রয়েছে। তবে ছবিটি ঠিক কবে মুক্তি পাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। আইনি নোটিশ পাঠানোর পর তিনি আইনিভাবে বিষয়টির মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজ বলেন, “এখন আমিও আইনিভাবে কথা বলব। চুক্তির ভিন্নতা নিয়ে অনেক কিছুই বলতে পারি। আমার কাজ শিডিউল দেওয়া, শুটিং করা। এখন বছরে তো আমি একটা ছবি করছি না।” তিনি আরও জানান, পেশাগত জায়গায় কাজ নিয়ে বেশি ভাবতে চান এবং প্রযোজক-পরিচালকের প্রতি যথেষ্ট সম্মান রয়েছে।

প্রযোজক ও অভিনেতার পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে ‘ঠিকানা’ সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বিষয়টি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেটি দেখার অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি ৩০ হাজার টাকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি ৩০ হাজার টাকার

তিন বছর আগে পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম বেতন সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। সম্প্রতি, শ্রমিকরা রাজধানী মিরপুর ও গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে ৩০ হাজার টাকার বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছেন। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও ঘটেছে।

আজ রবিবার (১ নভেম্বর) সরকার পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য একটি ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন বোর্ডের ঘোষণা দেন।

শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ধারা ১৩৯ অনুযায়ী, বোর্ডের দায়িত্ব হবে সংশ্লিষ্ট শিল্প খাতের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করা। সরকার বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করবে এবং গেজেট প্রকাশের মাধ্যমে তা কার্যকর করবে।

এর আগে ২০২৩ সালের ১২ নভেম্বর পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির পাশাপাশি গ্রেডভিত্তিক মজুরি নির্ধারণ করে সরকার গেজেট প্রকাশ করেছিল, যা বর্তমানে কার্যকর রয়েছে।

বর্তমান মজুরিকাঠামোয় ১ নম্বর গ্রেডের পোশাকশ্রমিকদের সর্বোচ্চ মোট মজুরি ১৪ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড ২–এ মোট মজুরি ১৪ হাজার ১৫০ টাকা, গ্রেড ৩–এ ১৩ হাজার ৫৫০ টাকা এবং গ্রেড ৪–এ ১৩ হাজার ২৫ টাকা ঘোষণা করা হয়েছে। সর্বশেষ গ্রেড ৫–এ ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, পোশাকশিল্পের কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি ১২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। কর্মচারীদের জন্য চারটি গ্রেড নির্ধারণ করা হয়েছে, যার সর্বোচ্চ গ্রেডে মোট মজুরি ১৮ হাজার ৮০০ টাকা এবং শিক্ষানবিশ কর্মচারীর মজুরি ৯ হাজার ৯৫০ টাকা।

২০২৩ সালের আগে সর্বশেষ পোশাকশিল্পের মজুরিকাঠামো ২০১৮ সালে ঘোষিত হয়েছিল। সেবার শ্রমিকদের জন্য ৭টি গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছিল, যেখানে ন্যূনতম শ্রমিক মজুরি ৮ হাজার টাকা ছিল।

১৯৯৪ সালে প্রথম মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর ২০০৬ ও ২০১০ সালে মজুরি বৃদ্ধি পায়। ২০১৩ সালে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৭৬ শতাংশ বৃদ্ধি করে ৫ হাজার ৩০০ টাকা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিমবঙ্গে টোল প্লাজায় মুসলিম ট্রাক চালককে ‘বাংলাদেশি’ বলে হেনস্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


পশ্চিমবঙ্গে টোল প্লাজায় মুসলিম ট্রাক চালককে ‘বাংলাদেশি’ বলে হেনস্তা

ভারতের টোল আদায়ের সময় বাংলা ভাষায় কথা বলার কারণে এক মুসলিম ট্রাক চালককে ‘বাংলাদেশি’ বলে গালিগালাজ করার অভিযোগ উঠেছে একটি টোল প্লাজা কর্মীর বিরুদ্ধে। এই ঘটনার ফলে বাংলাভাষীদের প্রতি বৈষম্য ও হয়রানি নিয়ে ব্যাপক সমালোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে গত সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টা নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের শিবপুর টোল প্লাজায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়।

ভুক্তভোগী ট্রাক চালক রফিকুল খান নদীয়া জেলার থানাড়পাড়া থানার অন্তর্গত নারায়ণপুরের বাসিন্দা। তিনি করিমপুর থেকে ১৬ টন কলা নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। শিবপুর টোল প্লাজায় টোল দেওয়ার সময় ঘটনাটি ঘটে।

রফিকুল জানান, তিনি বাংলায় কথা বলছিলেন, কিন্তু টোল প্লাজার কর্মী তাঁর কাছে এসে হিন্দিতে কথা বলতে শুরু করেন। রফিকুল তাকে জানান যে তিনি হিন্দি বুঝতে পারেন না এবং বাংলায় কথা বলার অনুরোধ করেন। অভিযোগ উঠেছে, এতে ক্ষুব্ধ হয়ে ওই কর্মী তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে ‘বাংলাদেশি’ বলে গালিগালাজ করেন।

সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে টোল কর্মীকে বলতে শোনা যায়, “তুমি কি ভারতের বাইরের লোক? তুমি কি বাংলাদেশি? তুমি কি বাংলাদেশি যে তোমার সাথে বাংলায় কথা বলতে হবে?” রফিকুল খান জানান, তিনি এই দুর্ব্যবহারের প্রতিবাদ করলেও এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করেননি।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটির বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়লে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। সমালোচকরা স্মরণ করিয়ে দিয়েছেন যে, বাংলা ভারতের সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত ২২টি ভাষার একটি এবং কোটি কোটি ভারতীয় নাগরিকের মাতৃভাষা। কেবল বাংলায় কথা বলার জন্য কাউকে ‘বাংলাদেশি’ বলে সন্দেহ করা এক ধরনের সংকীর্ণ মানসিকতা ও ভাষাগত বৈষম্যের বহিঃপ্রকাশ।

‘দ্য অবজারভার পোস্ট’-এর সঙ্গে আলাপকালে শিক্ষক আলমগীর হোসেন বলেন, “ভারত ও পাকিস্তানের উভয় পাশেই যেমন পাঞ্জাবি ভাষাভাষী মানুষ রয়েছেন, তেমনি ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম জুড়ে বিশাল সংখ্যক বাংলাভাষী ভারতীয় নাগরিক বসবাস করেন। সব বাংলাভাষী মানুষই ‘বাংলাদেশি’—এমন সংকীর্ণ ও বিদ্বেষপূর্ণ ধারণা জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। এটি স্পষ্টতই একটি আঞ্চলিক ও জাতিগত বৈষম্যমূলক হয়রানি। স্থানীয় প্রশাসন ও টোল প্লাজা কর্তৃপক্ষের উচিত ঘটনার তদন্ত করে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।”

আইনজীবী মাসুম রহমানও এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে প্রতিটি সচেতন নাগরিকের প্রতিবাদ জানানো উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%