১০:৩০ এম
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ফ্রান্সকে সতর্ক করেছে, প্যারিসের সুপারমার্কেটগুলোর হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার অভিযোগের প্রেক্ষাপটে। সংস্থাটি বলেছে, ফ্রান্স যেন ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো হামলার ফাঁদে পা না দেয়।
শনিবার (১৪ নভেম্বর) আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় এই সতর্কতা প্রকাশ করেন। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি রোববার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
মোহেব্বি ফ্রান্সের অভিযোগকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইরানের বিরুদ্ধে শত্রুতা উসকে দিতে এবং তেহরানের বিরুদ্ধে ইউরোপের সমর্থন আদায় করতে ইসরায়েল এই অভিযোগগুলি ব্যবহার করছে। তিনি লেখেন, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ফলস ফ্ল্যাগ ফাঁদ সম্পর্কে প্যারিসের সতর্ক থাকা উচিত।’ একই বার্তায় তিনি দাবি করেন, আইআরজিসি কখনো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপরীতে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে বহুল প্রতীক্ষিত গণহত্যার রায় শুনছেন হাজারো রোহিঙ্গা
এর আগে ৯ নভেম্বর ফ্রান্স সরকার ইরানের আইআরজিসির ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার প্রতিরক্ষা সংস্থার সাথে সংশ্লিষ্ট ‘শহিদ কাভেহ’ ইউনিটকে দেশের সুপারমার্কেটগুলোর হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার জন্য দায়ী করে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ থেকে ১২ অক্টোবর রাতের মধ্যে দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্রের শীতলীকরণব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
ফরাসি কর্তৃপক্ষের দাবি, সাইবার হামলার ফলে হিমাগারগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয় এবং বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফ্রান্স ক্ষতির পরিমাণ কয়েক কোটি ইউরো বলে জানায়।
এই ঘটনার প্রেক্ষিতে প্যারিস ইরানের রাষ্ট্রদূতকে তলব করে। পাশাপাশি হামলার সাথে জড়িত সন্দেহভাজন ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে আরও নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার কথাও জানায়।
তবে ১০ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। তেহরান জানায়, নিজেদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় বেআইনি বিদেশি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
আরও পড়ুন: ত্রিপক্ষীয় বৈঠকে সি’র মুখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, পারমাণবিক অস্ত্র কমানোর আহ্বান ট্রাম্পের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন