সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
০৮:৪২ পি.এম
দুর্নীতি, জন্মনিবন্ধনে টাকা দাবি ও অসদাচরণের অভিযোগ, ‘দফা এক, দাবি এক—আজম উদ্দিনের পদত্যাগ’
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আজম উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, জন্মনিবন্ধন সেবায় অর্থ দাবি এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তাঁর অপসারণ ও পদত্যাগের দাবিতে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় জেলে সম্প্রদায়ের নারী-পুরুষ। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় মগধরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ায় শতাধিক মানুষের অংশগ্রহণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে গেলে প্রশাসনিক কর্মকর্তা আজম উদ্দিনের কাছে হয়রানির শিকার হতে হয়। তাঁদের দাবি, জন্মনিবন্ধনের জন্য টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা কম দিতে চাইলে সেবাপ্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। নারী ও বয়স্ক ব্যক্তিদের সঙ্গেও তিনি অসম্মানজনক আচরণ করেন বলে অভিযোগ করেন তাঁরা।
প্রতিবাদকারীরা আরও অভিযোগ করেন, বাবার বয়সী একজন ব্যক্তিকে ধাক্কা দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। তাঁদের ভাষ্য, সাধারণ মানুষ সরকারি সেবা নিতে ইউনিয়ন পরিষদে গিয়ে সম্মানজনক আচরণ পাওয়ার পরিবর্তে অপমান ও দুর্ব্যবহারের মুখোমুখি হচ্ছেন।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও তাঁর দোসররা এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে বহাল রয়েছেন। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলেও আজম উদ্দিন আওয়ামী লীগ-ঘনিষ্ঠ সাবেক চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে ওঠাবসা করেন বলে অভিযোগ করেন তাঁরা। এ সময় তাঁরা প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, মগধরার সাধারণ মানুষ আর তাঁকে ইউনিয়ন পরিষদে দেখতে চান না। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত দায়িত্ব থেকে অব্যাহতি ও বরখাস্ত করতে হবে। অন্যথায় তাঁরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
প্রতিবাদ সভা থেকে অংশগ্রহণকারীরা এক দফা এক দাবি—‘আজম উদ্দিনের পদত্যাগ’ স্লোগান তুলে ধরেন। তাঁরা জানান, এ দাবিতে সংবাদ সম্মেলন করেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন। আজম উদ্দিনের পদত্যাগের খবর পেলে মগধরার সাধারণ মানুষ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে মিষ্টি বিতরণ করবেন বলেও ঘোষণা দেন প্রতিবাদকারীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, দেশের মাটিতে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসীদের তাণ্ডবলীলা অব্যাহত রয়েছে। চারদিকে স্বজন হারানোর কান্না ও হাহাকার চলছে, যা আল্লাহ পাকের আরশকে কেঁপে তুলছে। তবুও জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধনে আগুন সন্ত্রাসীদের কার্যক্রম থেমে নেই। কৃষক দল নেতা রাজু মোল্লার পরিবারের মতো আর কত পরিবারকে সান্ত্বনা দিতে হবে, তা কেউ বলতে পারে না।
বুধবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশটি ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীদের ধৈর্যের পরীক্ষা নেওয়া বন্ধ করুন। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে জনগণ রুখে দাঁড়াবে। সরকারবিরোধী চেতনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘দিল্লিতে বসে দেশের মানুষকে আর কত হত্যা করবেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের পলাতক দোসররা? বাংলার মাটিতে নৈরাজ্যকারীদের ঠাঁই হবে না।’
রাজু মোল্লা হত্যার বিচার দাবি করে তিনি ফরিয়াদ জানান, হতভাগ্য পিতা যেন তাঁর ছেলের হত্যাকারীদের বিচার নিজের চোখে দেখে যেতে পারেন।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
উল্লেখ্য, লকডাউনকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুর্বৃত্তায়নমূলক রাজনীতির শিকার হয়ে মঙ্গলবার রাতে হামলার পর গাড়িচাপা দিয়ে উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
কৃষক দলের এ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে গত দুই দিন ধরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় শহরের বিভিন্ন স্থানে থানা পুলিশের পাশাপাশি জেলা থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে। ঘটনার পর পুলিশ নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীকে আটক করেছে।
এদিকে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। বিষয়টি দৈনিক আমার দেশকে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি আরও জানান, থানায় অভিযোগ বা মামলা না হলেও কৃষক দল নেতার ময়নাতদন্তের পাশাপাশি এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
সরেজমিনে নিহত রাজু মোল্লার গ্রামের বাড়ি নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরায় গিয়ে দেখা যায়, রাজুকে হারানোর শোকে নিস্তব্ধ হয়ে পড়েছে তাঁর পরিবার।
রাজুর দুই অবুঝ সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন স্বজনেরা। আত্মীয়স্বজন ও পরিজনদের মধ্যে চলছে শোকের মাতম।
সন্তান হারানোর বেদনায় রাজুর বাবা মুক্তার মোল্লা বারবার ঘরের মধ্যে মূর্ছা যাচ্ছেন। বৃদ্ধ মা ঘরের কোণে চুপচাপ বসে শুধু ‘রাজু, রাজু, রাজু’ বলে চিৎকার করছেন। তাঁর সন্তানকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি দাবি করে আহাজারি করছেন তিনি। গ্রামপ্রতিবেশীরা রাজুর বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও সন্তান হারানোর বেদনায় তাঁদের কান্না থামছে না।
বাবাকে হারিয়ে রাজুর দুই সন্তান রোহান ও রাজিয়া মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছে। সন্তানদের বুকে জড়িয়ে মা তাদের মুখের দিকে তাকিয়ে ভবিষ্যৎ চিন্তায় সবার সামনে বোবা দৃষ্টিতে তাকিয়ে থাকেন।
নিহত রাজুর বাবা আকতার মোল্লা বলেন, ‘আমার ছেলে রাজু বিএনপির রাজনীতি করে বলে শেখ হাসিনা ও নিক্সন চৌধুরীর লোকজন তাকে হত্যা করেছে।’ ভাঙ্গার সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিচার দাবি করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তাঁর মতো আর কোনো বিএনপির সন্তান যেন আওয়ামী লীগের হাতে এভাবে খুন না হয়, সেই দাবিও জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ডে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে। একপর্যায়ে তারা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং রাস্তার পাশের ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালায়।
সহিংসতার একপর্যায়ে রাজু মোল্লাকে একা পেয়ে তার ওপর হামলা চালানো হয়। জীবনের ঝুঁকি এড়াতে রাজু দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগপন্থী বিক্ষোভকারীরা তাদের ব্যবহৃত সবুজ বাংলা লেগুনা দিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কৃষক দল নেতা রাজু মোল্লার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম জানান, কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ঘটনার রাতের ভিডিও চিত্র রয়েছে। পুলিশ ভিডিও দেখে রাজু মোল্লার হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পারবে। তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি রাজুর দুই অবুঝ সন্তানকে সহযোগিতা করার বিষয়েও আশ্বস্ত করেন।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, কৃষক দল নেতা রাজু মোল্লার মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনার রাতে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আলাস্কার সিনেট নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে অনেক নাটক হয়েছে। নির্বাচনের পূর্বে ডেমোক্র্যাটদের সম্ভাব্য বিজয় ঠেকাতে আদালতে গিয়েছিলেন রিপাবলিকানরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলাস্কায় পৃথকভাবে প্রচারণা চালিয়েছেন। তবে ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলার জয় ঠেকানো সম্ভব হয়নি। আলাস্কায় রিপাবলিকানদের আধিপত্য থাকা সত্ত্বেও, পেলটোলার বিজয়ের ফলে সিনেটে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬। এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা ৯টি আসন দখল করেছে রিপাবলিকানদের কাছ থেকে।
এই নির্বাচনে ড্যান সুলিভানের তৃতীয় মেয়াদে সিনেটর হওয়ার আশা মেরি পেলটোলা ভেঙে দিয়েছেন। আলাস্কার নির্বাচন সারা দেশে নজর কেড়েছিল নাম বিভ্রাটের কারণে। রিপাবলিকান সিনেটর ড্যান এস সুলিভানের পাশাপাশি ব্যালটে ছিল ড্যানিয়েল জে সুলিভান জুনিয়র নামে এক স্বতন্ত্র প্রার্থীর নামও। নামের মিল থাকায় ভোটারদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কায় আদালতে গিয়েছিলেন রিপাবলিকানরা। তবে আদালত স্বতন্ত্র প্রার্থী ড্যানিয়েল সুলিভানের নাম ব্যালটে রাখার পক্ষে রায় দেন। এমনকি পেলটোলা জিতলে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে অনুমোদন না করার আবেদনও করা হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাটরা নির্বাচনি কৌশলের অংশ হিসেবে সুলিভান নামে একজনকে ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল। যদিও ডেমোক্র্যাটরা এই অভিযোগ অস্বীকার করেছে।
তবে ভোটাররা বিভ্রান্ত হননি। পেলটোলা জয়লাভ করেছেন পরিষ্কার ব্যবধানে। তিনি ৫০.১ শতাংশ (১ লাখ ৪৪ হাজার ৩০২) ভোট পেয়েছেন। অন্যদিকে, বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান পেয়েছেন ৪৫.৮ শতাংশ (১ লাখ ৩১ হাজার ৮৪৪) ভোট। অপর সুলিভান পেয়েছেন ১.৬৫ (৪ হাজার ৭৬০) ভোট। দুই সুলিভান মিলেও পেলটোলাকে হারাতে সক্ষম হননি। ফলে নামের মিলের কারণে ভোটারদের বিভ্রান্ত হওয়ার রিপাবলিকান শঙ্কা শেষ হয়ে গেছে। ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ার কারণে আলাস্কার নিয়ম অনুযায়ী দ্বিতীয় ধাপে ভোট গণনার প্রয়োজন হয়নি। আনুষ্ঠানিক ফলাফল আগামী ২৫ নভেম্বর ঘোষণা করা হবে।
ইউপিক আদিবাসী বংশোদ্ভূত পেলটোলা আলাস্কা থেকে নির্বাচিত প্রথম নেটিভ আমেরিকান সিনেটর হতে যাচ্ছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী নেটিভ আমেরিকান সিনেটরদের একজন হওয়ার গৌরব অর্জন করবেন। মিনেসোটার ডেমোক্র্যাট লেফটেন্যান্ট গভর্নর পেগি ফ্লানাগানের সাথে তিনি এই যৌথ খেতাবের অংশীদার হবেন, যিনি সদ্য তাঁর অঙ্গরাজ্যের শূন্য সিনেট আসনে নির্বাচিত হয়েছেন।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যে অঙ্গরাজ্যে ট্রাম্প ১৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন, সেখানে রাজনৈতিক প্রত্যাবর্তনের লড়াইয়ে নামার জন্য সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার পেলটোলাকে রাজি করানোর পর থেকেই আলাস্কার এই আসনটি ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পেলটোলার বিজয় উদ্যাপন করে এক বিবৃতিতে শুমার বলেন, '৫৬ আসনের সংখ্যাগরিষ্ঠতা মাত্র কয়েক মাস আগেও ছিল এক অকল্পনীয় ফলাফল।' তিনি আরও যোগ করেন, 'ডেমোক্র্যাটরা এখন এমন এক টেকসই সংখ্যাগরিষ্ঠতা তৈরির সুবিধাজনক অবস্থানে রয়েছে, যা আমেরিকান জনগণের জন্য দীর্ঘস্থায়ী ও বাস্তব ফলাফল বয়ে আনতে পারে।'
নিজের বিবৃতিতে পেলটোলা বলেন, তাঁর এই বিজয় এই বার্তাই দিয়েছে যে ওয়াশিংটন ডিসি-র বর্তমান স্থিতাবস্থা আলাস্কার জন্য কাজ করছে না।
পেলটোলা ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আলাস্কার একমাত্র প্রতিনিধি হিসেবে হাউসে দায়িত্ব পালন করেছেন এবং তিনিই ছিলেন ওই অঙ্গরাজ্য থেকে কংগ্রেসে নির্বাচিত প্রথম নেটিভ আমেরিকান। ২০২৪ সালের নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী নিক বেগিচের কাছে পুনর্নির্বাচনে হেরে গেলেও, সে বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর দলের সামগ্রিক ফলাফলের চেয়ে অনেক ভালো ভোট পেয়েছিলেন।
নির্বাচনি প্রচারণার শেষ সপ্তাহগুলোতে সুলিভানকে সমর্থন দিতে ট্রাম্প এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলাদাভাবে আলাস্কা সফর করেন। সুলিভান নিজেকে কংগ্রেসে পেলটোলার চেয়ে অনেক বেশি কার্যকর আইনপ্রণেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তিনি পেলটোলাকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনসহ জাতীয় পর্যায়ের ডেমোক্র্যাট নেতাদের সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করেন।
'মাছ, পরিবার এবং স্বাধীনতা'— এই স্লোগান নিয়ে প্রচারণায় নামা পেলটোলা জাতীয় পর্যায়ের ডেমোক্র্যাটিক পার্টি থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখেন। তিনি নিজেকে সীমান্ত নিরাপত্তা, অস্ত্র রাখার অধিকার এবং তেল-গ্যাস শিল্পের একজন জোরালো সমর্থক হিসেবে তুলে ধরেন। ট্রান্সজেন্ডার অধিকার বিষয়ে রিপাবলিকানদের আক্রমণের জবাবে তিনি বিজ্ঞাপনও প্রচার করেন।
ড্যান সুলিভান ২০১৪ সালে প্রথমবার সিনেটে নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি আলাস্কার প্রাকৃতিক সম্পদ বিভাগের কমিশনার এবং অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্র : সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে মোটরসাইকেল র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে শহরের ময়েজ মঞ্জিল থেকে র্যালিটি বের হয়।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়, রাজবাড়ী রাস্তার মোড় ও মুন্সিবাজার হয়ে পুনরায় ময়েজ মঞ্জিলে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির আহ্বায়ক এএফ কাইয়ুম জঙ্গী ও সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিলান, বিএনপি নেতা লিয়াকত আলী খান লাবলু, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ এবং কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল ইসলাম রঞ্জন প্রমুখ। এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।
এ সময় দেশব্যাপী সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান নেতারা।
এর আগে কর্মসূচি সফল করার উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসে র্যালিতে উপস্থিত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১৮ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ সন্ত্রাসবিরোধী মহড়ায় বন্দরের কর্তৃপক্ষের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনীসহ যৌথ বাহিনীর সংশ্লিষ্ট সদস্যরা অংশগ্রহণ করেন।
বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা (আইএসপিএস) কোডের আওতায় এ মহড়াটি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যানের নির্দেশনায় আইএসপিএস মনিটরিং সেলের প্রস্তুতির মাধ্যমে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় বন্দরের নিরাপত্তার স্তর ১, ২ ও ৩ অনুযায়ী বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার অনুশীলন সম্পন্ন করা হয়।
মহড়ায় ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বন্দরে অনুপ্রবেশ, অগ্নিকাণ্ড, জোরপূর্বক বন্দরে প্রবেশ, সন্দেহজনক বস্তু শনাক্তকরণ ও বোমা নিষ্ক্রিয়করণের পরিস্থিতি তৈরি করা হয়। এছাড়া অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের মাধ্যমে বন্দরে প্রবেশের চেষ্টার বিষয়টিও অনুশীলন করা হয়।
মহড়ার শেষ পর্যায়ে সেনাবাহিনী, নৌবাহিনীর কমান্ডো দল সোয়াডস এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কনটেইনার ইয়ার্ডে আত্মগোপনকারী অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করার কৌশল প্রদর্শন করা হয়।
মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল, সোয়াডস, কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, এ মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জরুরি নিরাপত্তা পরিস্থিতিতে সমন্বিতভাবে সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই করা হয়েছে। আন্তর্জাতিক আইএসপিএস কোড অনুসরণ করে বন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও সুদৃঢ় করার কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ